বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
খোলাকাগজ স্পেশাল
নির্বাচনি ডামাডোলেও বাড়ছে প্রকাশ্যে হত্যা
শিপার মাহমুদ
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১১:৩১ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

দেশে বইছে নির্বাচনি হওয়া। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন ঘিরে কার্যক্রম চালাচ্ছে রাজনৈতিক দলগুলো। সরকার ও নির্বাচন কমিশনও ভোটের আয়োজন নিয়েই সক্রিয়। তফসিল ঘোষণার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের (ইসি) হাতে। এর মধ্যেই দেশে কুপিয়ে হত্যার ঘটনা বৃদ্ধি পাচ্ছে। যার মধ্যে রয়েছে রাজনৈতিক হত্যাকাণ্ড। অনেক ক্ষেত্রে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যও বেড়েছে আশঙ্কাজনকভাবে।

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। যার বেশিরভাগই ঘটেছে প্রকাশ্যে। ভোটের আগে এমন ঘটনা নাগরিক সমাজে আশঙ্কার জন্ম দিয়েছে। 

বিশ্লেষকরা বলছেন, চলতি মাসেই রাজধানীতে প্রকাশ্যে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন মৃত্যু হয় তার। এই হত্যাকাণ্ড দেশব্যাপী নাড়া দিয়েছে। তারপর আশা করা হয়েছিল, নাশকতা এড়াতে আরও বেশি তৎপর হবে আইনশৃঙ্খলা বাহিনী। কমে আসবে অপরাধ। কিন্তু সে লক্ষণ দেখা যাচ্ছে না। বরং প্রকাশ্যে কুপিয়ে, গলা কেটে ও গুলি করে হত্যার ঘটনা ঘটেই চলছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এটা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির লক্ষণ। সরকারকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে। তা না হলে নির্বাচনও ঝুঁকিতে পড়ে যেতে পারে। 

গত রোববার সিরাজগঞ্জে আবদুর রহমান নামের এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়। একই দিন সন্ধ্যায় পাবনায় এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে। অন্যদিকে কক্সবাজারে গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসাধীন মারা গেছেন মোহাম্মদ ফারুক নামের এক যুবদল নেতা। এদিকে গত শনিবার রাজধানীর মোহাম্মদপুরে রাকিব হোসেন বিশাল নামের এক যুবদল কর্মীকে কুপিয়ে জখম করা হয়। এ ছাড়া গতকাল নেত্রকোনায় শাওন ভূইয়া নামের এক তরুণের গলাকাটা লাশ ও পাবনায় ধানক্ষেত থেকে মেহেদী হাসান নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়। এর আগে গত বুধবার চাঁপাইনবাবগঞ্জে আবু সুফিয়ান সিজু নামের এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে কুপিয়ে জখম করা হয়েছে।

ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগ তুলে গার্মেন্টস কর্মী দীপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনার নিন্দা জানিয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘যত বড় অপরাধীই হোক, আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে পিটিয়ে হত্যা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ গতকাল রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের জেলা কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা। 

তিনি বলেন, ‘আমরা কোনো দিন চাই না এই কিলিং আউটসাইড দি জুডিশিয়ারি ইট ইজ নট অ্যাক্সেপ্টেবল টু আস। ইন এনি সারকামস্ট্যান্স উই কান্ট অ্যালাও মব জাস্টিস। তাহলে তো দেশ থাকবে না, সরকার থাকবে না, অ্যাডমিনিস্ট্রেশন থাকবে না; আইন যদি আমি করি, বিচার যদি আমি করি।’

সিরাজগঞ্জে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আব্দুর রহমান রিয়াদ নামে এক কলেজ শিক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত রোববার বিকেলে শহরের চৌরাস্তা মোড়ের বাহিরগোলা রোড এলাকায় এ নৃশংস হামলার ঘটনা ঘটে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে হামলার ভয়াবহ চিত্র দেখা যায়। ফুটেজে দেখা যায়, রিয়াদ একটি সিএনজিচালিত অটোরিকশায় বসে আছেন। একপর্যায়ে ১৫ থেকে ২০ জন কিশোর হঠাৎ সেখানে এসে অটোরিকশার ভেতরেই দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। এরপর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

দুর্বৃত্তের গুলিতে আহত যুবদল নেতার মৃত্যু: কক্সবাজারে দুর্বৃত্তের গুলিতে আহত যুবদল নেতা মোহাম্মদ ফারুকের (৩৪) মৃত্যু হয়েছে। গত রোববার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। এর আগে ৯ ডিসেম্বর কক্সবাজার শহরের বাইপাস সড়কে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা হেলমেট পরে এসে তাকে গুলি করেন। মোহাম্মদ ফারুক কক্সবাজার বৃহত্তর বাস টার্মিনাল যুবদল ইউনিটের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন। একই ঘটনায় শাখাটির সাবেক সভাপতি সাইফুল ইসলামও গুলিবিদ্ধ হন। তিনি বর্তমানে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

রাজধানীর মোহাম্মদপুরে রাকিব হোসেন বিশাল নামের স্থানীয় যুবদলের এক কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। তিনি গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে বাবর রোডের জহুরী মহল্লায় বায়তুল তাইয়্যেব মসজিদের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

বৃদ্ধাকে গলা কেটে হত্যা : পাবনার বেড়া উপজেলায় ঘরে ঢুকে এক বৃদ্ধাকে গলা কেটে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়েছে। পরে দৌড়ে পাশের বাড়িতে গেলেও প্রাণে বাঁচতে পারেননি তিনি। গত রোববার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন পেচাকোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রহিমা খাতুন (৯০) ওই গ্রামের মৃত আব্দুস ছাত্তারের স্ত্রী।

ধানক্ষেতে মরদেহ: পাবনার ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে মেহেদী হাসান (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাটিতে মুখ চাপা দিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে ধারণা করা হচ্ছে। গতকাল দুপুরে ঈশ্বরদী-পাবনা সড়কের পাশে হারুখালী এলাকার একটি ধানক্ষেতে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মেহেদী ঈশ্বরদী পৌর এলাকার অরনকোলা গ্রামের বক্কার জোয়ার্দারের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।

এদিকে নেত্রকোনার মদন উপজেলায় ধানক্ষেত থেকে শাওন ভূইয়া (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাওন স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। গতকাল সকালে উপজেলার মাঘান ইউনিয়নের মাঘান পুরাতন বাজার ভূমি অফিসের সামনের একটি বোরো ধানের জমিতে লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয় কৃষকরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কৃষকরা জমিতে কাজ করতে গিয়ে ধানক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে তারা দেখতে পান, লাশটির গলায় কাটা চিহ্ন রয়েছে এবং শরীরের ওপর কাদা মাখানো। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করেন।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আবু সুফিয়ান সিজু নামের এক যুবককে ‘খুঁটির সঙ্গে বেঁধে’ কুপিয়েছে একদল লোক। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। শিবগঞ্জের ওমরপুর ঘাট এলাকায় গত বুধবার বিকালের ওই ঘটনার পর দিন মামলা হলে দুজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

আবু সুফিয়ানের মা সুফিয়া বেগম সাংবাদিকদের বলেন, ‘আঘাতের কারণে আমার ছেলে এখন বাম চোখ দিয়ে আর দেখতে পায় না। ডাক্তার বলেছে বাম হাতের কবজি কেটে ফেলতে হবে। যারা আমার ছেলেকে যারা মেরেছে, তারা জামায়াতের লোক।’

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   ডামাডোল   হত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close