মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়ায় নানা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে—যা প্রবাসীদের জন্য ক্ষতির কারণ হতে পারে। প্রবাসীদের এসব গুজব ও ভিত্তিহীন সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে না ছড়ানোর আহ্বান জানায় আমিরাতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকরা।
মঙ্গলবার (১৭ই মার্চ) সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সমন্বয়ে দুবাইয়ে একটি রেস্টুরেন্টে এক ইফতার ও দোয়া মাহফিল পূর্ববর্তী আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান।
অনুষ্ঠানে আমিরাতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধি এবং বিশিষ্ট কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় বক্তারা আরো বলেন, আমিরাত সরকারের নির্ধারিত প্রতিটি আইন ও নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানাচ্ছি। বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে হলে স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা সাংবাদিক ও সাধারণ প্রবাসীদের একান্ত দায়িত্ব।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি নেতা প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, সময় টেলিভিশনের আমিরাত প্রতিনিধি শিবলী আল সাদিক, প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি ও ডিবিসি নিউজের প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার, কবি ওবায়দুল হক, দৈনিক সূর্যোদয়ের প্রতিনিধি নাসিম উদ্দিন আকাশ, দৈনিক দেশ বার্তা প্রতিনিধি সম্পাদক আবু সালেহ, দৈনিক ইত্তেফাক ও সিপ্লাস টিভির প্রতিনিধি শহিদুল্লাহ শহিদ, গাজী টেলিভিশনের ফখরুদ্দীন মুন্না, বাংলাদেশ প্রতিদিন ও নাগরিক টিভির প্রতিনিধি জাসেদুল ইসলাম, বায়ান্ন টিভির প্রতিনিধি ওবায়দুল হক মানিক, বঙ্গ টিভির প্রতিনিধি মুহাম্মদ সেলিম, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানে দেশ, জাতি ও প্রবাসীদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।
কেকে/এজে