মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
খোলাকাগজ স্পেশাল
ছাত্রলীগের জন্য দরজা খুলল এনসিপি
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৯:২৫ এএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

২০২৪-এর ৫ আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। এর দুই মাস পর সন্ত্রাসবিরোধী আইনে দলটির ভ্রাতৃপ্রতিম ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। সংগঠনটির বিরুদ্ধে কোটা সংস্কার ও সরকার পতন আন্দোলন চলাকালে ছাত্র-জনতা ‘হত্যা’ ও অসংখ্য মানুষের ‘জীবন বিপন্ন’ করা এবং বিভিন্ন সময় ‘সন্ত্রাসী’ কাজে জড়িত থাকার অভিযোগ আনা হয়। পরবর্তী সময়ে ছাত্রসংগঠনটির সাংগঠনিক কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়।

বর্তমান প্রেক্ষাপটে সংকটময় পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়েছে ছাত্রলীগ। প্রকাশ্যে আসলে আইনশৃঙ্খলা বাহিনী বা জনরোষের মুখে পড়ার ভয়ে কর্মীদের আত্মগোপনে থেকে কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। মাঝে-মাঝে ঝটিকা মিছিল করলেও নেতাকর্মীরা ধরপাকড়ের শিকারও হচ্ছেন।

তবে প্রকাশ্যে রাজনীতির মাঠে সক্রিয় হওয়ার সুযোগ আসছে ছাত্রলীগের সামনে। ছাত্রলীগের জন্য দরজা খুলছে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি)। ছাত্রলীগের নেতাকর্মীদের এনসিপিতে যোগ দিতে বলেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। ‘অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে’—বলে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

নাহিদ ইসলামের এমন বক্তব্যের পর রাজনীতির মাঠে গরম হাওয়া বইছে। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল যুক্তি-তর্ক আর সমালোচনা। কেউ কেউ বলছেন, নেতাকর্মী থেকে শুরু করে ছাত্রলীগকে সমর্থন করে এমন অনেকেই এবার জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়ে প্রকাশ্যে আসতে পারবেন। তারা স্বাভাবিক রাজনীতির কার্যক্রম অনুশীলন আবার শুরু করতে পারবেন, যা ভেতরে ভেতরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতিকে গতিশীল করবে। এটি ছাত্রলীগের জন্য রাজনীতির মাঠে নতুন সুযোগ বলে মনে করেন তারা।

তবে এনসিপিতে যোগদানের জন্য নাহিদ ইসলামের এমন আহ্বানকে কঠোর সমালোচনা করেছেন কোনো কোনো রাজনীতিবিদ এবং বিশ্লেষক।

রাজনীতি বিশ্লেষকেরা বলছেন, এনসিপির দাবিতে একসময় ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার ছাত্রলীগ নিষিদ্ধ করল। এখন তারা আবার নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের যোগ দিতে বলছে। এতে লাভ ছাত্রলীগেরই হবে। তারা পুনর্বাসনের সুযোগ পাবে। শিবির যেভাবে ছাত্রলীগের ভেতরে থেকে কার্যক্রম পরিচালনা করেছে, তেমনি এনসিপিতে থেকেও পুনর্বাসন হবে ছাত্রলীগের।

যে ছাত্রলীগকে এনসিপি-সমর্থিত অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ করল, সেই সংগঠনটির সদস্যদেরই এখন দলে ভেড়াতে চাইছে তারা। এর কারণ হিসেবে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, অপরাধী না হলে সবাইকে তারা দলে নিতে চান। গত রোববার দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এনসিপির এমন বার্তায় এটি স্পষ্ট যে, ছাত্রলীগের কর্মীরা রাজনীতির মাঠে ‘নতুন সুযোগ’ পেতে যাচ্ছে।

নাহিদ ইসলাম বলেন, ‘ছাত্রদল হোক, ছাত্রশিবির হোক, ছাত্র অধিকার পরিষদ, এমনকি ছাত্রলীগ হোক—তার সাবেক পরিচয় আমাদের কাছে মুখ্য নয়। তবে কোনো ফ্যাসিবাদে অংশগ্রহণকারী, গণহত্যায় অংশগ্রহণকারী, গণহত্যাকে সমর্থনকারী, চাঁদাবাজ, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত, সন্ত্রাসী—এ ধরনের কোনো ব্যক্তি কখনোই এনসিপিতে আসতে বা থাকতে পারবে না।’

তিনি বলেন, ‘অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে। কেউ যখন এনসিপিতে যোগ দেবেন, তখন থেকেই তিনি দলের আদর্শ ধারণ করে একজন সংগঠক ও নেতাকর্মী হিসেবে কাজ করবেন।’

এদিকে ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য এনসিপিতে যোগদানের পথ খোলা—দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের প্রসঙ্গে কথা হয় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের অন্তর্গত ভাটারা থানার কয়েকজন নেতার সঙ্গে। তারা বলছেন, বাংলাদেশ ছাত্রলীগকে অবৈধভাবে নিষিদ্ধ করে রাখা হয়েছে। কার্যক্রম চালাতে দেওয়া হচ্ছে না। নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তবে ছাত্রলীগ নিজস্ব শক্তিতেই ফিরবে। শুধু এনসিপি কেন, কোনো দলেই যোগ দেবে না ছাত্রলীগের নেতাকর্মীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক যুগ্ম সম্পাদক পদে থাকা এক নেতা বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রামের সময় রাজপথে ছিল, ভবিষ্যতেও থাকবে। এখন একটু খারাপ সময় যাচ্ছে। তবে শিগগিরই দলের এই আঁধার কেটে যাবে।
একসময় ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলেও এখন পুনর্বাসনের সুযোগ দেওয়া হচ্ছে—রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবে সুযোগ আসবে কি না, তা নিয়ে সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা। আওয়ামী লীগ-ছাত্রলীগ কি এনসিপির দয়ায় রাজনীতি করবে—এমন প্রশ্নও রেখেছেন কেউ কেউ।

আওয়ামী লীগ ও ছাত্রলীগ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দয়ার রাজনীতি করবে কি না—এমন প্রশ্ন রেখেছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের দেওয়া এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে এমন প্রশ্ন তোলেন তিনি।

আনিস আলমগীর তার ‘আউট স্পোকেন আনিস আলমগীর’ পেজে দেওয়া এক পোস্টে বলেন, ‘তাদের (এনসিপি) দাবিতে একসময় ইউনূসের পক্ষ থেকে বলা হলো, ছাত্রলীগ নিষিদ্ধ। তারপর বলা হলো, আওয়ামী লীগও নিষিদ্ধ। বাহ, একেবারে ইতিহাস গড়া শুদ্ধি অভিযান।’ তিনি বলেন, ‘গল্প এখানেই শেষ নয়—এখন ইনাদের (এনসিপি) নতুন ঘোষণা, “ছাত্রলীগ থেকে কেউ আসতে পারবে, যদি অভিযুক্ত না হয়!” মানে আগে দরজা বন্ধ, তারপর আবার একটু ফাঁক করে বলা, “ভাই, ক্লিন থাকলে ঢুকে পড়েন!”

‘এই রাজনীতির নতুন ফর্মুলা দেখে তো মনে হচ্ছে, নিষিদ্ধ আর আমন্ত্রণ—দুটোই একই প্যাকেজে চলছে’, যোগ করেন আনিস আলমগীর। আওয়ামী লীগ, ছাত্রলীগ কি এনসিপির দয়ায় রাজনীতি করবে—এমন প্রশ্ন রেখে আনিস আলমগীর বলেন, ‘নাহিদ সাহেবদের মনে রাখা উচিত, যে রাজনীতি নিজের প্রতিপক্ষকে নিষিদ্ধ করে, সে আসলে নিজের দুর্বলতাকেই বৈধতা দেয়।’

এদিকে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে—জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের কড়া সমালোচনা করে ফেসবুকে পোস্ট করেছেন বিএনপি নেতা রাশেদ খান।

গত রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে রাশেদ খান বলেন, যেহেতু অতীতে ছাত্রলীগ করলেও বর্তমানে এনসিপি করা যাবে, তাহলে অতীতে আওয়ামী লীগ করলে তারা কেন রিফাইন্ড আওয়ামী লীগ করতে পারবে না? আওয়ামী লীগ একটি বিশাল দল; এদের সবাইকে আন্ডারগ্রাউন্ডে না পাঠিয়ে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত। যেমন—কেউ এনসিপিতে পুনর্বাসিত হোক, কেউ জামায়াতে, কেউ রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ছাত্রলীগ   এনসিপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close