বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
আন্তর্জাতিক
বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১২:৪৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লোহিত সাগর, বাব আল-মান্দাব প্রণালি ও এডেন উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপত্তা জোরদারে বাংলাদেশসহ ১৪টি দেশকে নিয়ে বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন করেছে সৌদি আরব। আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করাই এ জোটের মূল লক্ষ্য।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সৌদি আরব আনুষ্ঠানিকভাবে এ জোট গঠনের ঘোষণা দেয়। 

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালি ও এর আশপাশের জলসীমায় নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সম্প্রতি সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধের ঘোষণা দেয়। একই সঙ্গে তারা লোহিত সাগরে সৌদি তেলবাহী জাহাজ এবং দেশটির তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে। এ পরিস্থিতির মধ্যেই সামুদ্রিক নিরাপত্তা জোরদারে নতুন এ জোট গঠন করা হলো।

বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে পরিচিত বাব আল-মান্দাব প্রণালি। বিশেষ করে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার কারণে জ্বালানি পরিবহনে অনিশ্চয়তা তৈরি হওয়ার পর সৌদি আরবের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল এই পথ দিয়ে আন্তর্জাতিক বাজারে পরিবহন করা হচ্ছে। ফলে নৌপথটির নিরাপত্তা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, জোটের সদস্য দেশগুলো হলো—সৌদি আরব, বাহরাইন, বাংলাদেশ, জিবুতি, মিসর, জর্ডান, কুয়েত, নাইজেরিয়া, পাকিস্তান, কাতার, সোমালিয়া, সুদান, তুরস্ক ও ইয়েমেন।

বিবৃতিতে আরও বলা হয়, এই জোট সামুদ্রিক নিরাপত্তা জোরদার, নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত, আন্তর্জাতিক বাণিজ্যপথ ও জ্বালানি সরবরাহ লাইন সুরক্ষিত রাখা এবং বাব আল-মান্দাব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে সদস্য দেশগুলোর অভিন্ন সামুদ্রিক স্বার্থ রক্ষায় কাজ করবে।

জোট গঠন উপলক্ষে বৃহস্পতিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত বৈঠকে ৫১টি দেশ ও আন্তর্জাতিক সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়। এতে ৪৩টি দেশের প্রতিনিধি এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল অংশ নেয়। বৈঠকে ১৪টি দেশ আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দেওয়ার ঘোষণা দেয়। এছাড়া আরও কয়েকটি দেশ জোটে যোগদানের প্রক্রিয়ায় রয়েছে বলে জানিয়েছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   সৌদি   সামুদ্রিক প্রতিরক্ষা জোট  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close