ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলটির লিজ-হোল্ডার আবু জাফরসহ তিনজনকে আটক করেছে নিউমার্কেট থানা পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) গভীর রাতে জিজ্ঞাসাবাদের জন্য আবু জাফরকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এন্টালি থানা এলাকার মেন মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি জোড়াসাঁকো এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলটির পরিচালন ব্যবস্থা, লিজসংক্রান্ত নথি ও নিরাপত্তাব্যবস্থার বিভিন্ন দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সেই তদন্তের সূত্র ধরেই আবু জাফরের ভূমিকা সামনে আসে।
তদন্তের স্বার্থে আরও দুজন হোটেলকর্মীকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের মধ্যে একজন উল্টো দিকের ‘যাপন’ হোটেলের ম্যানেজার এবং অন্যজন ওই হোটেলের কর্মী। পুলিশ জানিয়েছে, ‘যাপন’ হোটেলটিরও লিজ-হোল্ডার আবু জাফর।
এর আগে মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় পুরুষ, দুই নারী ও এক শিশুসহ ৯ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে সাতজন বাংলাদেশের নাগরিক এবং দুজন ভারতীয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসি মেশিনে বিস্ফোরণ বা শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। পরে আগুন হোটেলের অন্তত চারটি কক্ষে ছড়িয়ে পড়ে। আগুনের সঙ্গে দ্রুত ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া। এতে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।
ঘটনার তদন্তে লালবাজারের পক্ষ থেকে বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করা হয়েছে। দলের নেতৃত্বে রয়েছেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (ডিটেকটিভ ডিপার্টমেন্ট)। অগ্নিকাণ্ডের উৎস থেকে ভবনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা—সব দিক খতিয়ে দেখছে তদন্তকারী দল।
এ ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা করেছে নিউমার্কেট থানা। অনিচ্ছাকৃত খুনের ধারা ১০৫ (বিএনএস), অপরাধমূলক ষড়যন্ত্রের ধারা ৬১ (বিএনএস) এবং সমবেতভাবে অপরাধের ধারা ৩/৫ (বিএনএস) অনুযায়ী মামলা করা হয়েছে। দমকল বিভাগের পক্ষ থেকেও একটি অভিযোগ করা হয়েছে।
কেকে/সাশ