শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বিএনপির হাতে শুরু বিএনপিতেই বিলুপ্তি      লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম : প্রধানমন্ত্রী      হাম ও ডেঙ্গুতে একদিনে ১৩ জনের মৃত্যু      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৯২      বিরোধী দলের আপত্তিতেও র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস      হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু      ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট      
খোলাকাগজ স্পেশাল
র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন
বিএনপির হাতে শুরু বিএনপিতেই বিলুপ্তি
রবিউল ইসলাম
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৯ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

পুলিশ বাহিনীর কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করতে ২০০১-০৬ মেয়াদে তৎকালীন বিএনপি সরকার একটি এলিট ফোর্স গঠনের পরিকল্পনা করে। ২০০৪ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবস প্যারেডে অংশগ্রহণের মাধ্যমে র‌্যাব আত্মপ্রকাশ করে। দুই দশক আগে সংঘবদ্ধ অপরাধ ও সন্ত্রাসবাদ দমনের কাজে গঠিত হওয়ার পর থেকে বিভিন্ন সময় র‌্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর আসে। এ বাহিনীকে ‘সরকারি ডেথ স্কোয়াড’ হিসেবেও অভিহিত করা হয়। অবশেষে সেই বিএনপি সরকারের হাত ধরেই এলিট ফোর্স র‌্যাবের বিলুপ্তি ঘটল। তবে র‌্যাবের নাম বদল করে সেই আঙ্গিকেই স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে আরেকটি নতুন এলিট ফোর্স গঠন করল সরকার।

বৃহস্পতিবার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে নতুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনে জাতীয় সংসদে বিল পাস হয়েছে। বিকেল সাড়ে ৫টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বিলটি কণ্ঠভোটে পাস হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি পাসের জন্য প্রস্তাব উত্থাপন করলে সেটি কণ্ঠভোটে দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এই বিল নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতাদের মধ্যে তুমুল বিতর্ক হয়। বিরোধী দলের অভিযোগ, সংসদে বিশদ আলোচনা না করেই এসআরবি নামে নতুন এলিট ফোর্স গঠন করা অন্যায্য। আবার র‌্যাবের আদলে সব ক্ষমতা বহাল রেখে শুধু নাম পরিবর্তন করে একটি ফোর্স গঠনও সঠিক নয় বলে তারা উল্লেখ করেন। বিষয়টি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশও (টিআইবি) উদ্বেগ প্রকাশ করেছে।

এর আগে বিলটি নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সমাজের চাহিদা এবং রাষ্ট্র পরিচালনায় জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ইউনিট কিংবা বাহিনীতে পরিবর্তন আনতে হয়। সেজন্য আমরা এটা করছি। একটি সংস্থা গঠনের সঙ্গে আরেকটি বিলুপ্তির সম্পর্ক নেই। নতুন বাহিনীটা আমরা এ কারণে করছি যে, আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধীনে র‌্যাব গঠন করা হয়েছিল। সে আইনটি পূর্ণাঙ্গ ছিল না। একটা সেকশনের অধীনে ইউনিটটি কাজ করছিল। সেজন্য আর্মড পুলিশ ব্যাটালিয়ন থেকে আমরা এটা বের করে নিয়ে এসে বিলুপ্ত করতে চাই। 

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন থেকে শুরু :

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা থেকে শুরু করে ২০১৮ সালের ২৬ মে রাতে র‌্যাকথিত বন্দুকযুদ্ধে কক্সবাজার পৌরসভার কাউন্সিলর একরামুল হক নিহত হওয়া পর্যন্ত নানা ঘটনায় বাহিনীটি বেশ কুখ্যাতি অর্জন করে। এর মধ্যেই মানবাধিকার লঙ্ঘন, বিরোধী নেতাকর্মীদের— বিশেষ করে বিএনপি-জামায়াতের হাজারও নেতাকর্মীদের বন্দুকযুদ্ধের নামে বিনা বিচারে হত্যা ও সীমাহীন নিপীড়নের ঘটনায় নিজেদের অস্তিত্ব বিলীনের পথে নিয়ে যায় র‌্যাব। 

এসব অভিযোগের ভিত্তিতে ২০২১ সালের ১০ ডিসেম্বর বিভিন্ন সময়ে র‌্যাবে দায়িত্বপালনকারী ৬ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। এত কিছুর পরিপ্রেক্ষিতে বছরের পর বছর ধরে দেশি-বিদেশি বিভিন্ন মানবাধিকার সংগঠন র‌্যাব সংস্কারের দাবি জানিয়ে আসছিল।

র‌্যাবের বিরুদ্ধে ১৭২টি গুমের অভিযোগ :

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর র‌্যাব বিলুপ্তির এই দাবি আরও জোরালো হয়। বিভিন্ন সময়ে গুমের ঘটনা তদন্তে বিগত অন্তর্বর্তী সরকার গঠিত কমিশনের কাছে র‌্যাবের বিরুদ্ধে ১৭২টি অভিযোগ জমা পড়ে, যা যেকোনো বাহিনীর ক্ষেত্রে সর্বোচ্চ। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর র‌্যাব বিলুপ্ত করে নতুন সংস্থা গঠনের আলোচনা জোরাল হয়। এরই ধারাবাহিকতায় গত ৩ সেপ্টেম্বর সংসদে বিল উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিলে র‌্যাব গঠনের আইনি বিধানগুলো বাতিল করে পুলিশের অধীনে একটি বিশেষায়িত ইউনিট হিসেবে এসআরবি প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়।

প্রস্তাবিত আইনে এসআরবির ক্ষমতা :

এসআরবি গঠনের প্রস্তাবিত আইনে বলা হয়েছে, র‌্যাবের সব জনবল, আদেশ, ক্ষমতা, সুযোগ-সুবিধা, তহবিল, নগদ অর্থ ও ব্যাংক আমানত, দায়, চুক্তি, স্থাবর ও অস্থাবর সম্পত্তি, রেজিস্টার এবং নথিপত্র এসআরবির কাছে হস্তান্তর করা হবে। নতুন বিধিমালা প্রণীত না হওয়া পর্যন্ত র‌্যাবের শৃঙ্খলামূলক ব্যবস্থা ও আদালতের কার্যক্রমসংক্রান্ত ২০০৫ সালের বিদ্যমান বিধিমালা কার্যকর থাকবে।

বিল অনুযায়ী, এসআরবি পুলিশ বাহিনীর অধীনে একটি বিশেষায়িত ইউনিট হিসেবে কাজ করবে। নিয়োগ বা প্রেষণের মাধ্যমে পুলিশ কর্মকর্তা, শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং নির্ধারিত সশস্ত্র সদস্য বা কর্মচারীদের নিয়ে এ ইউনিট গঠিত হবে। ইউনিটটির নিজস্ব পতাকা, প্রতীক ও পোশাক থাকবে। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক বা তদূর্ধ্ব পদমর্যাদার একজন কর্মকর্তাকে মহাপরিচালক করা হবে। এসআরবিকে ফৌজদারি অপরাধ তদন্ত, তল্লাশি, গ্রেপ্তার ও জব্দ করার ক্ষমতা দেওয়া হবে। এ ছাড়া ইউনিটটির নিজস্ব হাজত, মালখানা ও জিজ্ঞাসাবাদ কেন্দ্র থাকবে। জনসাধারণের অভিযোগ এবং এসআরবি সদস্যদের অভ্যন্তরীণ অভিযোগ নিষ্পত্তির জন্য বিভিন্ন পক্ষের সমন্বয়ে একটি অভিযোগ নিষ্পত্তি কমিটি গঠন করা হবে।

বিরোধী দলের ৭ আপত্তি :

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬ দ্রুত পাস করা, র‌্যাবের জনবল-সম্পদ ও রেকর্ড সরাসরি এসআরবিতে হস্তান্তর, অভিযোগ তদন্তের কাঠামো এবং সদস্যদের আটক ও শাস্তির ক্ষমতা নিয়ে সাতটি গুরুত্বপূর্ণ আপত্তি তোলেন বিরোধী দলের সদস্যরা। বিলের ওপর দেওয়া নোট অব ডিসেন্টে তারা বলেন, র‌্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী গঠনের আগে যথাযথ জাতীয় পরামর্শ ও শক্তিশালী জবাবদিহির ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। গত ৯ সেপ্টেম্বর সংসদের তৃতীয় অধিবেশনে উত্থপিত বিলে এই আপত্তি জানানো হয়।

জবাবদিহিহীন প্রতিষ্ঠানের খোলস বদলে বিভ্রান্ত করা যাবে না : টিআইবি

র‌্যাব বিলুপ্ত করে নতুন বিশেষায়িত পুলিশ ইউনিট গঠনে সংসদে উত্থাপিত এসআরবি বিল, ২০২৬’-এর মাধ্যমে নতুন নামে আরও ক্ষমতাশালী ও জবাবদিহিহীন সংস্থার আইনগত ভিত্তি তৈরি করা হচ্ছে উল্লেখ করে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। 

এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘র‌্যাব বিলুপ্তির নীতিগত সিদ্ধান্ত নিঃসন্দেহে বহু প্রতীক্ষিত এবং এটিকে আমরা ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখতে চেয়েছিলাম। কিন্তু একটি বাহিনীর নাম পরিবর্তন করলেই প্রাতিষ্ঠানিক সংস্কার হয় না। র‌্যাবের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যা, গুম ও নির্যাতনের যে গুরুতর অভিযোগ ও প্রমাণ রয়েছে, সেগুলোর পুনরাবৃত্তি রোধে নতুন বাহিনীর কাঠামো, জনবল, ক্ষমতা, বলপ্রয়োগের বিধান এবং জবাবদিহির ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনতে হবে। 

তিনি আরও বলেন, র‌্যাবের বদলে ‘এসআরবি’ নামে একই ধরনের ক্ষমতা ও সংস্কৃতির একটি বাহিনী গড়ে উঠলে তা হবে শুধুই পুরোনো প্রতিষ্ঠানের খোলস বদলানোর শামিল। শুধু একটি ‘কসমেটিক মেকওভারের’ মাধ্যমে দেশের নাগরিক বা আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করা যাবে না।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  র‌্যাব   বিলুপ্ত   এসআরবি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close