বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে সিডনির ওয়াইলি পার্কে আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মী ছাড়াও বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
মনোরম ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি, বিএনপির সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন নেতারা।
আলোচনায় বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের জনসম্পৃক্ততা আরও বাড়াতে হবে। বিশেষ করে বিএনপির রাজনৈতিক দর্শন, ভবিষ্যৎ পরিকল্পনা ও রাষ্ট্রভাবনা সাধারণ মানুষ এবং নতুন প্রজন্মের কাছে আরও কার্যকরভাবে তুলে ধরতে হবে।
বক্তারা তরুণ প্রজন্মের মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধের অবক্ষয় নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। এ পরিস্থিতি মোকাবিলায় জাতীয় শিক্ষাক্রমে নৈতিকতা, সামাজিক দায়িত্ববোধ, নাগরিক মূল্যবোধ ও চরিত্র গঠনের বিষয়গুলোকে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বাংলাদেশ থেকে অনলাইনে যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক। তিনি অস্ট্রেলিয়া বিএনপির নেতাকর্মী ও অনুষ্ঠানে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ জানান।
বিএনপির স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোহাম্মদ ফেরদৌস ওমিও আয়োজকদের ধন্যবাদ জানান।
বিএনপি অস্ট্রেলিয়ার উপদেষ্টা অধ্যাপক ড. শাহ জে মিয়া দলের ঐক্য, সাংগঠনিক সক্ষমতা ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় তরুণ প্রজন্মকে আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), গবেষণা ও উদ্ভাবনের সঙ্গে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, দেশে ও প্রবাসে থাকা তরুণ বাংলাদেশিদের জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতাকে কাজে লাগানো গেলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি এ এফ এম তাওহীদুল ইসলাম। তিনি দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও বাংলাদেশের জন্য তার ভাবনার কথা স্মরণ করেন। পরিবর্তিত সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ঐক্যবদ্ধ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপিকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
পুরো অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন বিএনপি অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি অস্ট্রেলিয়ার সহসভাপতি আশরাফুল ইসলাম, সেলিম লোকিয়াত, মোবারক হোসাইন ও শাহ আলম; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস কাঞ্চন শাহীন; যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মশিউর রহমান (মুন্না); সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফিক এবং সহসাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ।
এ ছাড়া কোষাধ্যক্ষ এ কে এম মনজুরুল হক আলমগীর, আশওয়াদুল হক বাবু, আবেদা সুলতানা, হাসনা হেনা, মোহাম্মদ আলম, বাদশা বুলবুল ও শরিফুল ইসলাম শিবলীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার মো. মশিউর রহমান (মুন্না) ও শফিউল আলম শফিক।
আলোচনা শেষে দলের ঐক্য আরও সুদৃঢ় করা, জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানো, অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের বাংলাদেশিদের বিএনপির কার্যক্রমে সম্পৃক্ত করা এবং পরিবর্তিত বাংলাদেশের জন্য একটি স্পষ্ট ও বাস্তবসম্মত রাজনৈতিক রূপরেখা উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করা হয়।
কেকে/ এমএস