রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ৩৫ জন সফর সঙ্গীসহ প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন আগামীকাল      রামিসার মতো অপ্রতিম হত্যার বিচারও দ্রুত শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      দেশে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী      ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ভয়াবহ নাশকতার ছক আওয়ামী লীগের      একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ, ভর্তি শুরু রোববার      রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন      
দেশজুড়ে
মায়ের কোল ছেড়ে চিরনিদ্রায় অপ্রতিম
কুবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) চিরনিদ্রায় শায়িত হয়েছে। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) লালমাই পাহাড়ের নির্জন এলাকা থেকে মরদেহ উদ্ধারের পর রোববার (২০ সেপ্টেম্বর) জানাজা শেষে কুমিল্লার গন্ধমতি বড় কবরস্থানে তাকে দাফন করা হয়।

অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে কোটবাড়ির ভাড়া বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে শালবন বিহারে ছবি তুলতে যাওয়ার কথা বলে বের হয় সে। এরপর আর বাসায় ফেরেনি। সন্ধ্যার পর তার বাবা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শনিবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছিল। পরে কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে রাতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অপ্রতিমের বাবা কেএম ফিরোজ শাহরিয়ার বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় মামলা করেন। মামলায় আসামিদের নাম অজ্ঞাত উল্লেখ করা হয়েছে।

রোববার সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে ছেলে হত্যার সুষ্ঠু ও ন্যায়বিচার দাবি করে বাবা কেএম ফিরোজ শাহরিয়ার বলেন, ‘আমার ছেলের হত্যার সুষ্ঠু ও ন্যায়বিচার চাই।’

পরে সকাল ১১টায় কোটবাড়ির গন্ধমতি ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে ফিরোজ শাহরিয়ার বলেন, ‘আমার ছেলের বয়স যখন দুই বছর, তখন সে এ এলাকায় এসেছে। আমার স্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। অপ্রতিম আপনাদের কাছেই বড় হয়েছে। আপনাদের আদর-স্নেহ পেয়েছে, আপনাদের বাসায় খেয়েছে। তাই আপনাদের কাছেই অপ্রতিমকে সমাহিত করছি।’

দাফনের আগে তিনি আরও বলেন, ‘আর কাউকে যেন আমার মতো সন্তান হারাতে না হয়। বাবার কাঁধে সন্তানের লাশ কতটা কষ্টের, সেটা আজ বুঝতে পারছি।’

হত্যাকাণ্ডে চারজন গ্রেপ্তার

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন—সাইফুল ইসলাম তুহিন (১৯), মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫), মোহাম্মদ কামরুল হাসান (১৫) ও মো. সিয়াম। তাদের মধ্যে তিনজন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত বলে জানিয়েছে পুলিশ। সিয়ামের সম্পৃক্ততার বিষয়টি অধিকতর যাচাই-বাছাই করা হচ্ছে।

রোববার দুপুর ২টায় কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

পুলিশ সুপার বলেন, ‘অপ্রতিম নিখোঁজের পর জিডির ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপ্রতিমের সঙ্গে তুহিনকে দেখা যায়। পরে তাকে আটক করা হয়।’

পুলিশের ভাষ্য অনুযায়ী, তুহিন অপ্রতিমকে নির্জন জঙ্গলের দিকে নিয়ে যায়। পুলিশ সুপার বলেন, ‘মূলত অপ্রতিমের মায়ের আইফোনটির দিকে নজর ছিল তুহিনের। ওই ফোন নেওয়ার উদ্দেশ্যেই তাকে নির্জন স্থানে নিয়ে যাওয়া হয় বলে তদন্তে পাওয়া গেছে।’

তুহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে ফাহাদকে এবং ফাহাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বন্ধু কামরুল হাসানকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ফাহাদ ও কামরুল হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল। অপরদিকে, সিয়ামের সম্পৃক্ততার বিষয়টি যাচাই করা হচ্ছে।

আনাসকে আটকের তথ্য নিয়ে বিভ্রান্তি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় শাহরিয়ার আনাস নামে একজনকে আটকের তথ্য নিয়েও বিভ্রান্তি তৈরি হয়েছে। শনিবার সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস জানিয়েছিলেন, তুহিনকে জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্যের ভিত্তিতে আনাসকে আটক করা হয়েছে।

তবে রোববারের সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এ তথ্য অস্বীকার করেন। তিনি বলেন, ‘জেলা পুলিশ, আমার ডিবি কিংবা আমার কোনো গোয়েন্দা সংস্থার লোক আনাস নামে কাউকে গ্রেপ্তার করেনি। আমি সকল মিডিয়ার সামনে দায়িত্ব নিয়ে বলছি, আমরা আনাস নামে কাউকে গ্রেপ্তার করিনি।’

বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের আন্দোলন

অপ্রতিম হত্যার বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার বিক্ষোভ মিছিল ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

প্রথম জানাজা শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় গিয়ে মহাসড়ক অবরোধ করেন। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা তারা সেখানে অবস্থান করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘অপ্রতিম হত্যার প্রশাসন জবাব দে’, ‘আমার মা কাঁদে কেন, প্রশাসন জবাব দে’সহ বিভিন্ন স্লোগান দেন।

এতে কুবি শিক্ষার্থী তুহিন আলম বলেন, ‘আমরা আজ কেবল অপ্রতীমের জন্য এখানে আসিনি। এ চিত্র সারা বাংলাদেশের। কুমিল্লায়ও প্রতিনিয়তই এ সব হচ্ছে। তারপরও নাকি পুলিশ সুপার অ্যাওয়ার্ড পেয়ে যায়। আমরা অপ্রতীমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে—অপ্রতিম হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে ৬০ দিনের মধ্যে বিচার শেষ করে ফাঁসির রায় কার্যকর করা; পুলিশের ব্যর্থতার দায় স্বীকার করে কুমিল্লার পুলিশ সুপার, আদর্শ সদর ও সদর দক্ষিণ থানার ওসিদের প্রত্যাহার করা; কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন এবং প্রয়োজনে চাঙ্গিনী মোড়ের পুলিশ ফাঁড়ি কুবির পাশে স্থানান্তর করা।

এ ছাড়া কুবি এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া এবং নিখোঁজ ব্যক্তিদের দ্রুত শনাক্ত ও উদ্ধারে উন্নত প্রযুক্তিনির্ভর বিশেষ ইউনিট গঠনের দাবিও জানান তারা।

দুপুর ১টার দিকে চার দফা দাবি জানিয়ে শিক্ষার্থীরা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করেন। পরবর্তীতে বিশ্বরোডে যান চলাচল স্বাভাবিক হয়।

অপ্রতিমের মৃত্যুতে পরিবার, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা   চিরনিদ্রায়   অপ্রতিম  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close