বৃষ্টির কারণে একের পর এক ম্যাচ বাতিল হচ্ছে এশিয়ান গেমসে। সেই বৃষ্টির বিরম্বনাই শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য হয়ে উঠেছে আশীর্বাদ। মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামতে হয়নি লিটন দাসদের। ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় র্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে সরাসরি এশিয়ান গেমসের সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ।
ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেই মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যকার কোয়ার্টার ফাইনাল বাতিলের সিদ্ধান্ত জানানো হয়। মাঠের খেলার অনুপযোগী অবস্থার কারণে এই সিদ্ধান্ত নেয় গেমস কর্তৃপক্ষ।
বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘সকালে গেমস কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে, খেলা হচ্ছে না। এজন্য দল স্টেডিয়ামেও যাবে না।’
এর আগে গতকাল বৃষ্টির কারণে দুটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়নি। আজ সকালে নেপাল ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটিও বৃষ্টির কারণে পণ্ড হয়। মাঠের পরিস্থিতির আরও অবনতি হওয়ায় বাংলাদেশের ম্যাচও নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা আগে বাতিল করা হয়।
র্যাংকিংয়ে মালয়েশিয়ার চেয়ে এগিয়ে থাকায় ম্যাচ পরিত্যক্ত হলেও সেমিফাইনালের টিকিট পেয়ে যায় বাংলাদেশ। আগামী ১ অক্টোবর সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা লিটনদের। ম্যাচটি শুরু হওয়ার কথা সকাল ৯টায়।
তবে আবহাওয়ার উন্নতি না হলে নির্ধারিত সময়ে সেমিফাইনাল আয়োজন নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। ম্যাচটি পরিত্যক্ত হলে র্যাংকিংয়ে এগিয়ে থাকার কারণে পাকিস্তানকে বিজয়ী ঘোষণা করা হবে। সেক্ষেত্রে বাংলাদেশকে ব্রোঞ্জ পদকের জন্য খেলতে হবে।
বৃষ্টির কারণে একই পরিস্থিতির মুখে পড়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলও। কোয়ার্টার ফাইনালে চীনের বিপক্ষে তাদের ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। র্যাংকিংয়ে এগিয়ে থাকায় জ্যোতিদের দলও সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেয়।
কেকে/সাশ