সহকর্মীর ছুরিকাঘাতে আহত হওয়ার পরও যাত্রীদের জীবন রক্ষা করায় ভারতীয় পাইলট স্মিত মাচ্ছারকে ‘নায়ক’ হিসেবে প্রশংসা করেছেন ইসরায়েল ও ভারতের শীর্ষ নেতারা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ফ্লাইদুবাইয়ের একটি বিমান ছিনতাই করে বিধ্বস্ত করার কথিত চেষ্টার সময় তিনি আহত হন।
ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার ওই ফ্লাইটের যাত্রী ও ক্রুরা সহ-পাইলটের বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা ব্যর্থ করে দেওয়ার পর নিরাপদে ইসরায়েলে পৌঁছান। পাইলটকে ছুরিকাঘাত করার পর সহ-পাইলটের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় বিমানটি ৩০ সেকেন্ডেরও কম সময়ে প্রায় ১৪ হাজার ফুট নিচে নেমে যায়।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর একজন মুখপাত্র রয়টার্সকে জানান, রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকা মাচ্ছার ককপিটের দরজা খোলার রিলিজ বাটনে চাপ দিতে সক্ষম হন। এতে যাত্রী ও ক্রুরা ককপিটে ঢুকে সহ-পাইলটকে নিয়ন্ত্রণে আনতে পারেন। একই বিমানে থাকা ফ্লাইদুবাইয়ের আরও দুই পাইলট পরে বিমানটি সৌদি আরবের তাবুকে নিরাপদে অবতরণ করান।
নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, মাচ্ছার ইসরায়েলি নাগরিকসহ ১৭৪ জনের জীবন রক্ষা করেছেন। এর আগে এক ভিডিও বার্তায় তিনি বলেছিলেন, সব যাত্রীই বিপদমুক্ত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও মাচ্ছারের সাহসিকতার প্রশংসা করে তাকে ‘নায়ক’ হিসেবে উল্লেখ করেন।
মোদি বলেন, “চরম বিপদের মুখে এবং গুরুতর আহত হওয়া সত্ত্বেও তিনি অসীম সাহস ও অন্যদের জীবন রক্ষায় অটুট দৃঢ়তার পরিচয় দিয়েছেন। তার সাহসিকতা শত শত মানুষের জীবন রক্ষা করেছে এবং একটি ভয়াবহ বিপর্যয় এড়াতে সহায়তা করেছে।”
ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মাচ্ছার সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবুকের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার পরিবার ও সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। সৌদি আরবে ভারতীয় দূতাবাস জানিয়েছে, তার অবস্থা স্থিতিশীল।
ভারতীয় সংবাদপত্র হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ঘটনার পর মাচ্ছারের অস্ত্রোপচার করা হয়েছে। মুম্বাইয়ের বাসিন্দা মাচ্ছার ফ্লাইদুবাইয়ে যোগ দেওয়ার আগে ভারতের স্পাইসজেটে ১১ বছরেরও বেশি সময় কাজ করেছেন বলে তার লিংকডইন প্রোফাইলে উল্লেখ রয়েছে।
বিমানটির দুই পাইলটের মধ্যে সংঘর্ষের কারণ এখনো স্পষ্ট নয়। ফ্লাইদুবাই এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার পেছনের কারণ এখনো জানা যায়নি এবং তদন্ত শেষ হওয়ার আগে কোনো ধরনের ‘আগাম অনুমান’ না করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। তদন্ত চলাকালে ইসরায়েল থেকে এবং ইসরায়েলগামী ফ্লাইটও স্থগিত করেছে তারা।
ঘটনাটিকে ‘অত্যন্ত গুরুতর নিরাপত্তা ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন নেতানিয়াহু। তিনি জানান, দুবাই থেকে ইসরায়েলের উদ্দেশে যাত্রা করা ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটের সহ-পাইলটকে জিজ্ঞাসাবাদ করবে সৌদি কর্তৃপক্ষ।
কেকে/সাশ