দীর্ঘ ২২ বছরের যাত্রার ইতি টানতে যাচ্ছে জনপ্রিয় তারকা আড্ডার অনুষ্ঠান ‘কফি উইথ করণ’। বলিউড তারকা ও নির্মাতাদের নিয়ে জমজমাট কথোপকথনের এই শোয়ের নবম সিজনই হতে যাচ্ছে শেষ সিজন। আগামী ১৪ অক্টোবর থেকে জিওহটস্টারে স্ট্রিমিং হবে এর শেষ অধ্যায়।
২০০৪ সালে যাত্রা শুরু করা ‘কফি উইথ করণ’ এ পর্যন্ত আটটি সিজনে ১৬১টি পর্ব প্রচার করেছে। দুই দশকেরও বেশি সময় ধরে অনুষ্ঠানটি বলিউডের তারকাদের ব্যক্তিগত জীবন, ক্যারিয়ার, সম্পর্ক ও সমসাময়িক নানা প্রসঙ্গের আলোচনার পাশাপাশি ভারতীয় পপ সংস্কৃতিরও উল্লেখযোগ্য অংশ হয়ে উঠেছে।
শেষ সিজনের ঘোষণা দিতে গিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন অনুষ্ঠানটির সঞ্চালক ও নির্মাতা করণ জোহর। তিনি জানান, কিছু যাত্রার শেষ কোথায় হবে, তা আগে থেকে পরিকল্পনা করা যায় না। বরং একটা সময় ভেতর থেকেই উপলব্ধি হয় যে এবার বিদায় জানানোর সময় এসেছে।
করণ বলেন, ‘কফি উইথ করণ’ তার জীবনের অসাধারণ একটি অংশ। এই অনুষ্ঠান তাকে বন্ধুত্ব, স্মৃতি, উন্মাদনাময় নানা মুহূর্ত এবং দর্শকের ভালোবাসা দিয়েছে। এর পাশাপাশি বিতর্কও ছিল অনুষ্ঠানের যাত্রার অবিচ্ছেদ্য অংশ।
তবে সবকিছুর পরও দর্শকদের উপস্থিতিকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন করণ। তার ভাষ্য, দর্শকরা কখনো অনুষ্ঠানের সঙ্গে হেসেছেন, কখনো বিতর্কে জড়িয়েছেন, ট্রল করেছেন, আবার উদযাপনও করেছেন—সবচেয়ে বড় কথা, বারবার ফিরে এসেছেন আরেক কাপ ‘কফি’র জন্য।
বিদায়ের সিদ্ধান্তকে আবেগঘন হলেও যথার্থ বলে উল্লেখ করে করণ জানান, শেষ সিজনটি দর্শক ও সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জানানোর তার নিজস্ব উপায়। শেষবারের মতো দর্শকদের সঙ্গে এক কাপ ‘কফি’ ভাগ করে নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
জিওস্টারের হিন্দি ও ইংরেজি এন্টারটেইনমেন্ট বিজনেসের প্রধান অলোক জৈন বলেন, দুই দশকের বেশি সময় ধরে ‘কফি উইথ করণ’ দর্শকদের ঘরে বড় বড় তারকাদের নিয়ে এসেছে। অনুষ্ঠানটি এমন একটি ভক্তগোষ্ঠী তৈরি করেছে, যার সঙ্গে খুব কম অনুষ্ঠানই তুলনা করতে পারে।
তিনি আরও বলেন, তারকাদের জীবনের ঘনিষ্ঠ, অনানুষ্ঠানিক ও অনেক সময় অপ্রত্যাশিত নানা দিক দর্শকদের সামনে তুলে ধরার মাধ্যমে অনুষ্ঠানটি পপ সংস্কৃতির একটি অংশে পরিণত হয়েছে। শেষবারের মতো করণ যখন কফির মগ হাতে নেবেন, তখন অনুষ্ঠানটির দীর্ঘ ও উল্লেখযোগ্য উত্তরাধিকার উদযাপন করবে জিওহটস্টার।
সূত্র: দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া
কেকে/সাশ