প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বাংলাদেশ এয়ারফোর্স পরিচালিত বিশেষায়িত শিক্ষার্থীদের জন্য ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করেছেন।
রোববার (৪ অক্টোবর) সকালে স্কুলটি পরিদর্শন করে প্রতিষ্ঠানটিতে সাধারণ জনগণের সন্তানদের জন্য ভর্তি ফি কমানোসহ বিভিন্ন সুবিধা বৃদ্ধিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন।
পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রতিষ্ঠানটির টিউশন ফি অত্যন্ত ব্যয়বহুল। প্রধানমন্ত্রী আমাকে স্কুলটি পরিদর্শন করে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য পরিচালিত প্রতিষ্ঠানটির সুবিধাদি কিভাবে বৃদ্ধি করা যায়, সাধারণ জনতার সন্তানদের ভর্তি কিভাবে আরও সহজ করা যায় এবং ব্যয় আরও কমানো যায় সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে বলেছেন।’
তিনি আরও বলেন, ‘একজন শিক্ষক পাঁচজনের বেশি শিক্ষার্থী ম্যানেজ করতে পারেন না, যেহেতু তারা অটিস্টিক। এটা অত্যন্ত ব্যয়বহুল। কোনো কোনো ক্ষেত্রে বিশেষায়িত প্রতিজন শিক্ষক একজনকে দেখাশোনা করেন।’
তিনি বলেন, ‘স্কুলটির কিছু ক্লাসে একজন ছাত্রের বিপরীতে একজন শিক্ষকও আছেন। এ ব্যয় কিভাবে কমিয়ে আনা যায় সে বিষয়টি বিবেচনার জন্য মন্ত্রী পরামর্শ প্রদান করেন। তাছাড়া স্কুলের শিক্ষিত অভিভাবকদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কিভাবে তাদের কাজে লাগানো যায় সে বিষয়ে ভবিষ্যতে একটি পরিকল্পনা করা হবে।’
সরকারিভাবে এ স্কুলকে সহযোগিতা প্রদান করার বিষয়ে মন্ত্রী গুরুত্ব আরোপ করেন। স্কুলটির আধুনিকায়ন ও বিশেষায়িত শিক্ষাব্যবস্থার মাধ্যমে অটিজমের চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকরভাবে কাজ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রাজধানী তেজগাঁও পুরাতন বিমানবন্দরের মাঠের পাশে অবস্থিত স্কুলটির গভর্নিং বডির চেয়ারম্যান এয়ার কমডোর মো. আব্বাস আলী, এয়ারফোর্স হেডকোয়ার্টারসের শিক্ষা বিভাগের পরিচালক এয়ার কমোডর ইমরানুর রহমান, ব্লু স্কাই স্কুলের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মো. নুর উল্লাহ উপস্থিত ছিলেন।
কেকে/এআই