হামাসের হামলার ধাক্কায় ইসরায়েল কেঁপে ওঠার এবং চলমান এই গণহত্যা যুদ্ধ শুরু হওয়ার তিন বছর পেরিয়ে গেছে। ইসরায়েলি সেনাবাহিনীকে একটি অপ্রতিরোধ্য শক্তি হিসেবে যে ভাবমূর্তি ছিল, তা চূর্ণ হয়ে গেছে। এর জবাবে ইসরায়েল—পারমাণবিক বোমা ছাড়া—তাদের সব সামরিক শক্তি ব্যবহার করেছে এবং গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করার এক অভূতপূর্ব ধ্বংসযজ্ঞ চালাতে তাদের সমস্ত পশ্চিমা মিত্রকে একত্রিত করেছে।
ইসরায়েলি সেনাবাহিনী কেবল সামরিক চৌকি এবং ইসলামিক প্রতিরোধ যোদ্ধাদেরই লক্ষ্যবস্তু করেনি; বরং তারা গণহত্যা ও ব্যাপক ধ্বংসলীলার মাধ্যমে সাধারণ জনগণের ওপর শাস্তি আরোপ করতে চেয়েছিল। ইতিমধ্যে তারা ৭৪,০০০-এর বেশি মানুষকে হত্যা এবং ১,৮০,০০০-এর বেশি মানুষকে আহত করেছে। তারা পুরো জনগোষ্ঠীকে অনাহারে রেখেছে, স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে ধ্বংস করেছে, শিক্ষাব্যবস্থাকে গুঁড়িয়ে দিয়েছে এবং পানি শোধন ও বিশোধন প্ল্যান্ট এবং বিদ্যুৎসহ গাজার জীবনধারণের বেশিরভাগ অবকাঠামো মুছে দিয়েছে।
যদি সামরিক শক্তির উদ্দেশ্য রাজনৈতিক লক্ষ্য অর্জন করা হয়, তবে সাফল্যের মাপকাঠি নিহত মানুষের সংখ্যা বা ধ্বংসের মাত্রা হতে পারে না। মাপকাঠি হলো—কাঙ্ক্ষিত শর্তে সংঘাতের অবসান হয়েছে কি না। কিন্তু এই রক্তক্ষয়ের তিন বছর পেরিয়ে গেলেও, ইসরায়েল তার সামরিক শ্রেষ্ঠত্বকে এমন কোনো রাজনৈতিক বাস্তবে রূপ দিতে অক্ষম বলে মনে হচ্ছে যা তাদের ঘোষিত লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ।
শুরু থেকেই ইসরায়েলি সরকার স্পষ্ট করে দিয়েছিল যে তাদের লক্ষ্য হলো—বন্দিদের মুক্ত করা, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন নির্মূল করা, গাজা উপত্যকার ওপর নিরাপত্তা নিয়ন্ত্রণ আরোপ করা এবং একটি বিকল্প প্রশাসন প্রতিষ্ঠা করা। তারা পরোক্ষভাবে এটাও বুঝিয়েছিল যে তারা ফিলিস্তিনিদের চূড়ান্ত বহিষ্কারের জন্য মাটি প্রস্তুত করতে চায়।
তাহলে তারা এ পর্যন্ত কী অর্জন করেছে?
প্রথমত, সমস্ত বন্দি মুক্ত হয়েছে। তবে গাজায় নিয়ে যাওয়া ২৫০ জন বন্দির মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী মাত্র আটজনকে মুক্ত করতে পেরেছে এবং অপর ১২ জনের মৃতদেহ উদ্ধার করেছে। তারা বোমাবর্ষণের সময় অন্তত তিনজনকে গুলি করে হত্যা করেছে এবং বোমা হামলার সময় আরও অজ্ঞাতসংখ্যক বন্দিকে হত্যা করেছে।
বন্দিদের সিংহভাগ—জীবিত বা মৃত উভয়ই—হামাসের সঙ্গে তীব্র কূটনীতি এবং আলোচনার মাধ্যমেই মুক্তি পেয়েছিল। এটা বেশ তাৎপর্যপূর্ণ যে, বন্দিদের বিষয়ে ইস্রায়েলি সেনাবাহিনীর মূল দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সম্প্রতি বলেছেন যে তাদের এক বছর আগেই মুক্ত করা যেত এবং মারা যাওয়াদের কেউ কেউ বেঁচে যেতে পারত।
বন্দিদের ফাইলটিতে যে অপ্রতিরোধ্য সামরিক শক্তি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, তা স্পষ্ট। দ্বিতীয়ত, ব্যাপক সামরিক অভিযান এবং এর বহু শীর্ষ নেতার হত্যাকাণ্ড সত্ত্বেও ইসরায়েল গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ শক্তির উপস্থিতি শেষ করতে পারেনি।
ইসরায়েলি বোমাবর্ষণ এবং প্রো-ইসরায়েলি ফিলিস্তিনি মিলিশিয়াদের আক্রমণ সত্ত্বেও হামাস এখনো উপত্যকার কিছু অংশের নিয়ন্ত্রণ বজায় রেখেছে। শক্তি প্রয়োগ করে নিরস্ত্রীকরণ অর্জনের পরিবর্তে ইসরায়েল এখন হামাসকে নিরস্ত্রীকরণের বিষয়ে আলোচনা করতে বাধ্য হয়েছে।
তৃতীয়ত, ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার ৬০ শতাংশ দখল করেছে, কিন্তু বাকি ভূখণ্ড দখল করার জন্য কোনো বড় ধরনের অভিযানের আগেই থেমে গেছে। এর কারণ হলো, তারা বুঝতে পেরেছে যে এ ধরনের সিদ্ধান্তের রাজনৈতিক, মানবিক এবং সামরিক মূল্য অনেক বেশি হবে।
চতুর্থত, ইসরায়েল এবং তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র ‘বোর্ড অফ পিস’ গঠন এবং জাতিসংঘকে বাদ দিয়ে গাজা উপত্যকার পুনর্গঠন ও বিকল্প প্রশাসনের একটি পরিকল্পনার পেছনে প্রচুর পরিশ্রম করেছে। তবে সেই প্রচেষ্টা অনেকাংশে ব্যর্থ হয়েছে। গাজার প্রশাসনিক কমিটি দেশ শাসনভার গ্রহণ করতে উপত্যকায় প্রবেশ করেনি এবং চুক্তির মানবিক বিধানগুলোও এখনো বাস্তবায়িত হয়নি।
সর্বশেষ, গাজা থেকে ফিলিস্তিনিদের বহিষ্কারের প্রস্তুতিতে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। ইসরায়েল বারবার বাস্তুচ্যুতি, অনাহার, বাড়িঘর ও অবকাঠামো ধ্বংস এবং ‘স্বেচ্ছায় প্রস্থান’-এর বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে ফিলিস্তিনিদের তাদের ভূমি ছেড়ে চলে যেতে বাধ্য করার চেষ্টা করেছে। ধ্বংসযজ্ঞ উপত্যকাটিকে বসবাসের অযোগ্য করে তুলেছে, কিন্তু ফিলিস্তিনি জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশ পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা দেশ ছাড়তে চায় না। এমনকি মিশর থেকেও অনেকে ফিরে এসেছেন।
এই মুহূর্তে এটা স্পষ্ট যে, ইসরায়েল গাজায় ‘পরের দিনের’ সংকটের মুখোমুখি। তাদের সামরিক বাহিনী উপত্যকাকে ধূলিস্যাৎ করতে সক্ষম, কিন্তু এমন কোনো নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করতে পারছে না যা ইসরায়েলের লক্ষ্য ও ইচ্ছাকে পূরণ করে।
গাজাকে একটি সর্বনাশা ভূদৃশ্যে পরিণত করলে পুরো জনগোষ্ঠী এমন এক হতাশায় নিমজ্জিত হবে যে তারা নিজেদের দাবি ও অধিকার ত্যাগ করবে— এই আশা চূর্ণ হয়ে গেছে। ফিলিস্তিনিদের অব্যাহত উপস্থিতি, অবিরাম প্রতিরোধ এবং ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত দাবির ক্রমবর্ধমান রাজনৈতিক ও আন্তর্জাতিক পরিচিতি প্রমাণ করেছে যে ইসরায়েলের কদর্য আগ্রাসনের পথটি ব্যর্থ হয়েছে।
সামরিক শক্তি সাময়িক বাস্তবতা চাপিয়ে দিতে পারে, কিন্তু এটি নিজে থেকে রাজনৈতিক বৈধতা তৈরি করতে পারে না। বরং আরও খারাপ বিষয় হলো, এটি বৈধতা ধ্বংস করতে পারে। আর ঠিক সেটাই ইসরায়েলি সরকার এবং সামগ্রিক ইসরায়েলি প্রকল্পের ক্ষেত্রে ঘটেছে।
গত মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে মঞ্চে ওঠেন, তখন জাতিসংঘের সদস্য দেশগুলোর সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিরা হল থেকে ওয়াকআউট করেন। যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আর এই ইসরায়েলি গণহত্যা যুদ্ধ কেবল তার আন্তর্জাতিক অবস্থানই ধ্বংস করেনি।
বিশ্বের সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে ইসরায়েল ক্রমশ বর্জনীয় হয়ে উঠছে। ৩৬টি দেশে পিউ রিসার্চ সেন্টারের একটি জরিপে দেখা গেছে যে, ৬৭ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ দেশটিকে নেতিবাচকভাবে দেখছে। ইসরায়েলের প্রধান মিত্রদের জনগণও দেশটিকে ক্রমবর্ধমানভাবে নেতিবাচক দৃষ্টিতে দেখছে : মার্কিন যুক্তরাষ্ট্র—৬০ শতাংশ; জার্মানি—৭৩ শতাংশ; যুক্তরাজ্য—৬৯ শতাংশ; ফ্রান্স—৬৮ শতাংশ।
ওয়াশিংটনে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন নিয়ে বিতর্ক এমন পর্যায়ে তীব্র হয়েছে যে ক্রমবর্ধমান সংখ্যক আইনপ্রণেতা সামরিক সহায়তা সীমিত করা বা নিষেধাজ্ঞা আরোপের বিলগুলোকে সমর্থন করছেন। ইউরোপীয় রাজধানীগুলোতেও অনুরূপ আলোচনার ফলে সম্প্রতি অবৈধ ইসরায়েলি বসতিগুলোর সঙ্গে বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আজ ইসরায়েলি নেতারা তাদের জাতির উদ্দেশে ভাষণ দেবেন, সামরিক সাফল্যের বড়াই করবেন, সামরিক বীরত্ব উদযাপন করবেন এবং আরও প্রতিশোধের প্রতিশ্রুতি দেবেন।
কিন্তু সত্য হলো, বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনী—যারা অত্যাধুনিক যুদ্ধবিমান, পরিশীলিত ড্রোন এবং এআই-চালিত ৯০০ টনের বোমা ব্যবহার করছে—ছোট অস্ত্রে সজ্জিত একটি দুর্বল অ-রাষ্ট্রীয় শক্তির বিরুদ্ধে একটি গণহত্যা যুদ্ধ শুরু করেছিল এবং হেরে গেছে।
মানুষকে হত্যা করা যেতে পারে, বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া যেতে পারে এবং ভূখণ্ড নিয়ন্ত্রণ করা যেতে পারে, কিন্তু ফিলিস্তিনের যে জাতীয় আন্দোলন দশকের পর দশক ধরে বিশ্বজুড়ে অনুরণিত হয়েছে, তা সামরিক শক্তি দিয়ে মুছে ফেলা যায় না।
লেখক : ফিলিস্তিনি কথাসাহিত্যিক
আলজাজিরা থেকে অনুদিত
কেকে/সাশ