দেশে সংক্রামক রোগ হাম ও এর উপসর্গ এবং এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন আরও ৯জন। এ সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন রোগী এসেছে ১ হাজার ২১৩ জন। অন্যদিকে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫৪ জন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিন ও ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছর নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৬৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৭০ জনে।
বুলেটিনে বলা হয়, সোমবার (১২ অক্টোবর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ২১৩ জন রোগী এসেছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৩৫৮ জন, রাজশাহীতে ৩৭, সিলেটে ১৪২, চট্টগ্রামে ৩১৩, বরিশালে ১৩২, ময়মনসিংহে ৭২, খুলনায় ১৩৫ ও রংপুরে ২৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ৮৪ হাজার ২৬৯ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৭৬ হাজার ৬৭২ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে। এ সময়ে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭ হাজার ৩৭১ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৭১২ জন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫৪ জন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১৭ জনে। এর মধ্যে অক্টোবরের প্রথম ১২ দিনে মারা গেছেন ৭১ জন। এছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুইজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৮৪৫ জন। এছাড়া চট্টগ্রামে ৩১৮ জন, খুলনায় ২৩০ জন, বরিশালে ১৯৬ জন, রাজশাহীতে ১৮৪ জন, ময়মনসিংহে ৯৭ জন ও রংপুরে ৭১ জন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৩৯৬ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৯৬৫ জন। এ পর্যন্ত মোট ৯৭ হাজার ২৯৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
কেকে/এমএ