এডিশ মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গেল ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫১৬ জনের মৃত্যু হলো। একই সময়ে সারা দেশে নতুন করে আরও ১ হাজার ৬৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ শনিবার (২১ নভেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৭৪৪ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৫৫ জন, খুলনায় ২২৭ জন, বরিশালে ১৪৫ জন, রাজশাহীতে ১৪৬ জন, ময়মনসিংহে ৯৩ জন ও রংপুরে ৬৪ জন রোগী ভর্তি হয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ২১ নভেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৭১ হাজার ৯৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৫ হাজার ৮৬৪ জন।
কেকে/এমএ