কাজের জন্য রাশিয়া যাওয়ার পর বাংলাদেশিদের যুদ্ধে জড়িয়ে ভোগান্তির খবর তুলে ধরে পুরস্কার পেয়েছেন ঢাকা স্ট্রিমের নিজস্ব প্রতিবেদক তৌফিক হাসান। তার সঙ্গে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির (বিএনডব্লিউএলএ) মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন আরও তিন সাংবাদিক।
রোববার (১৮ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে চার সাংবাদিকের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
পুরস্কার পাওয়া বাকি সাংবাদিকরা হলেন চ্যানেল আইয়ের নিজস্ব প্রতিবেদক রিয়াজুল ইসলাম রিয়াজ, সমকালের জ্যেষ্ঠ সহসম্পাদক মো. শাহেরীন আরাফাত ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাছুম কামাল।
অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদুল হকের হাত থেকে সম্মাননা নেন তৌফিক হাসান। এ সময় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মনিটরিং সেলের পরিচালক নাজমুল ইসলাম সরকার উপস্থিত ছিলেন। পরে বাকি তিন সাংবাদিককেও সম্মাননা তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে অতিথিরা বক্তক্যে পুরস্কার পাওয়া সাংবাদিকদের প্রতিবেদনের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রকাশের প্রত্যাশা জানান।
গত ২৯ সেপ্টেম্বর ঢাকা স্ট্রিমে ‘এক্সপোজড, ইয়েট থ্রাইভিং, বাংলাদেশিজ স্টিল বিং লিউরড ইনটু রাশিয়াজ ওয়ার’ এবং বাংলা স্ট্রিমে ‘থামছে না কর্মী পাঠানো, যুদ্ধে জড়িয়ে ভোগান্তি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনের জন্যই সম্মাননা পান তৌফিক হাসান। একই সিরিজের দ্বিতীয় প্রতিবেদন ‘একসঙ্গে যাওয়া ৩০ প্রবাসীর নিহত ১৮, রোমহর্ষক বর্ণনা জীবিতদের’ শিরোনামে ৩০ সেপ্টেম্বর প্রকাশিত হয়।
বিএনডব্লিউএলএর সভাপতি সিমা জাহুরের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের প্রোগ্রাম ডিরেক্টর আশরাফুল হক, প্রতিবেদন বাছাই করা জুরি বোর্ডের সদস্য ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব কাজী আবদুল কালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল আলম চৌধুরী, চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক মাসরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
কেকে/এমএ