সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      ● জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছে: স্পিকার      ● পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি : বাংলাদেশ হাইকমিশন      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২৬০      
অর্থনীতি
মিরসরাইয়ে এসবিএস জিপারের কারখানায় বাণিজ্যিক উৎপাদন শুরু
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৭:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় অবস্থিত বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) অর্থনৈতিক অঞ্চলে ১ কোটি ৫৫ লাখ ১০ হাজার মার্কিন ডলারের বিনিয়োগে বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে বিশ্বের অন্যতম শীর্ষ জিপার প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসবিএস জিপার বাংলাদেশ কোম্পানি লিমিটেড। চীনের শীর্ষস্থানীয় ও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জিপার উৎপাদনকারী প্রতিষ্ঠান এসবিএস জিপারের অঙ্গপ্রতিষ্ঠান এটি। কারখানাটি পূর্ণ সক্ষমতায় চালু হলে ২ হাজার ৬৩ জন বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে কারখানাটির বাণিজ্যিক উৎপাদন কার্যক্রম উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে বেপজা অর্থনৈতিক অঞ্চল-১’-এর নির্বাহী পরিচালক আবদুল্লাহ আল মাহবুব, এসবিএস জিপারের চেয়ারম্যান ডিং ঝাওছুয়ান, এসবিএস জিপার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেন ওয়েইফাংসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিদেশি ক্রেতারা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিরা কারখানার বিভিন্ন উৎপাদন বিভাগ ঘুরে দেখেন।

বেপজা তথ্যানুযায়ী, ২০২৪ সালের ২৩ এপ্রিল ঢাকার বেপজা কমপ্লেক্সে এসবিএস জিপার বাংলাদেশ কোম্পানির সঙ্গে বিনিয়োগ ও জমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটির মোট বিনিয়োগের পরিমাণ ১ কোটি ৯৯ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে ইতোমধ্যে ১ কোটি ৫৫ লাখ ১০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করা হয়েছে।

বেপজা অর্থনৈতিক অঞ্চলের ছয়টি শিল্প প্লটে স্থাপিত কারখানাটিতে বছরে ২৭ কোটি ১০ লাখ পিস বিভিন্ন ধরনের পণ্য উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে মেটাল, নাইলন ও প্লাস্টিকের জিপার, স্লাইডার, চেইন, জিপারের বিভিন্ন যন্ত্রাংশ, টেপ, প্লাস্টিকের বোতাম, বোতামের যন্ত্রাংশ ও ছাঁচ (মোল্ড) রয়েছে।

বর্তমানে কারখানাটিতে ১৪০ জন বাংলাদেশি কর্মরত রয়েছেন। উৎপাদন কার্যক্রম পূর্ণ সক্ষমতায় পৌঁছালে মোট ২ হাজার ৬৩ জন বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ২০২৪ সালের ডিসেম্বরে মিরসরাইয়ে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের প্রয়োজনীয় সরঞ্জাম স্থানীয়ভাবে উৎপাদনের পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে এগোচ্ছে প্রতিষ্ঠানটি।

আবদুল্লাহ আল মাহবুব বলেন, ‘মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চল দেশের রপ্তানিমুখী শিল্পায়ন ও বৈচিত্র্যময় বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের অন্যতম প্রধান চালিকাশক্তিতে পরিণত হয়েছে। তৈরি পোশাক, জুতা ও অন্তর্বাসসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠানের পাশাপাশি আন্তর্জাতিকভাবে খ্যাতনামা জিপার প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসবিএস জিপারের বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়ায় এ অঞ্চলের শিল্প সম্ভাবনায় নতুন মাত্রা যুক্ত হয়েছে।’

বেপজা কার্যালয় সূত্রে জানা গেছে, বেপজা অর্থনৈতিক অঞ্চল-১’-এর মোট ২৭৯টি শিল্প প্লটের মধ্যে ২৬৩টি বরাদ্দ দেওয়া হয়েছে। এ অঞ্চলে ১৪টি প্রতিষ্ঠান বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। আরও কয়েকটি প্রতিষ্ঠান শিগগিরই উৎপাদনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এ ছাড়া ১৭টি প্রতিষ্ঠানের কারখানা নির্মাণকাজ চলমান রয়েছে। 

বেপজার তথ্যানুযায়ী, এসবিএস জিপারের কারখানায় স্থানীয়ভাবে মানসম্মত পোশাকশিল্পের আনুষঙ্গিক পণ্য উৎপাদিত হলে দেশের তৈরি পোশাকশিল্পের পশ্চাৎ-সংযোগ শিল্প (ব্যাকওয়ার্ড লিংকেজ) আরও শক্তিশালী হবে। একই সঙ্গে আমদানিনির্ভরতা কমানো, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বৃদ্ধিতে কারখানাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মিরসরাই   এসবিএস কারখানা   বাণিজ্যিক উৎপাদন  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close