হ্যালোইন উৎসব ঘিরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বন্দুক হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯৪ জন।
৩১ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে ক্যালিফোর্নিয়া থেকে ডেলাওয়ার পর্যন্ত বিভিন্ন স্থানে এসব হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, টেক্সাসের ডালাস শহরের বিনোদনকেন্দ্র ডিপ এলাম এলাকায় তিনটি পৃথক গুলিবর্ষণের ঘটনায় চারজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় রোববার (১ নভেম্বর) রাত থেকে ভোরের মধ্যে এলম স্ট্রিট, মেইন স্ট্রিট ও সাউথ ক্রাউডাস স্ট্রিটে এসব হামলা হয়। ডালাস পুলিশ জানিয়েছে, তিন ঘটনায় মোট ১৯ জন গুলিবিদ্ধ হন।
ফ্লোরিডার জ্যাকসনভিলেতে দুটি পৃথক গুলির ঘটনায় ১৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া মিসিসিপির জ্যাকসনের একটি নৈশক্লাবে বন্দুক হামলায় দুজন নিহত ও চারজন আহত হন।
নর্থ ক্যালিফোর্নিয়ার একটি পোশাকের দোকানে বন্দুকধারীর গুলিতে চার সন্তানের জননী এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই কিশোরের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে আলাবামার বার্মিংহামে লেজিয়ন ফিল্ড স্টেডিয়ামের বাইরে গুলির ঘটনায় একজন নিহত ও আটজন আহত হন। এর আগে সেখানে ‘ম্যাজিক সিটি ক্লাসিক’ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ইলিনয়ের ব্লুমিংটনে ইলিনয় ওয়েসলিয়ান ইউনিভার্সিটির ক্যাম্পাসের কাছে গুলিতে ১৯ বছর বয়সী এক তরুণী নিহত হন। আহত হন আরও সাতজন।
এ ছাড়া ডেলাওয়ারের নিউয়ার্কে ইউনিভার্সিটি অব ডেলাওয়্যারের কাছে গুলিতে ছয়জন এবং আরকানসাসের ফায়েটভিলে ছয়জন আহত হয়েছেন। ইন্ডিয়ানার ব্লুমিংটনে ইন্ডিয়ানা ইউনিভার্সিটির ক্যাম্পাসের কাছেও গুলির ঘটনা ঘটেছে। সেখানে হ্যালোইনের পাশাপাশি হোমকামিং উৎসব চলছিল। এ ঘটনায় সাতজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। অস্ত্র হাতে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া একজনকে আটক করেছে পুলিশ।
ওকলাহোমা সিটিতে একটি হ্যালোইন পার্টির সময় গোলযোগের ঘটনায়ও গুলিবর্ষণ হয়। এতে একজন গুলিবিদ্ধ হন। একই ঘটনায় গাড়ির ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডালাস পুলিশপ্রধান ড্যানিয়েল কোমো জানান, হ্যালোইন উপলক্ষে আগেই অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল। ফলে গুলির খবর পাওয়ার পর কাছাকাছি থাকা কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হন। হামলাগুলোর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।
বন্দুক সহিংসতা নিয়ে কাজ করা বিশেষজ্ঞদের মতে, হ্যালোইনের মতো বড় জনসমাগমপূর্ণ উৎসবে সহিংসতার ঝুঁকি থাকলেও প্রতিটি বিনোদনকেন্দ্র ও জনসমাগমস্থলে পুলিশ মোতায়েন করা সম্ভব নয়।
কেকে/সাশ