আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানির ঋণপত্র (এলসি) খোলার শর্ত সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত পণ্য আমদানিতে এলসি খোলার নগদ মার্জিনের হার ব্যাংক ও গ্রাহকের সম্পর্ক বিবেচনায় নির্ধারণ করতে পারবে সংশ্লিষ্ট ব্যাংকগুলো।
রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ সংক্রান্ত সার্কুলার জারি করে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে নির্দেশনাটি পাঠানো হয়েছে।
সার্কুলার অনুযায়ী, চাল, গম, পেঁয়াজ, ডাল, সয়াবিন ও পাম অয়েল, চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুর আমদানিতে এ সুবিধা পাওয়া যাবে। এসব পণ্যের এলসি খোলার ক্ষেত্রে নগদ মার্জিন নির্ধারণে ব্যাংকগুলো গ্রাহকের সঙ্গে বিদ্যমান সম্পর্ক বিবেচনা করতে পারবে।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, রমজানে নিত্যপণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে এসব পণ্যের পর্যাপ্ত মজুত ও সরবরাহ নিশ্চিত করতে আমদানিকারকদের এলসি খোলার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছে ব্যাংকগুলোকে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে। অবিলম্বে কার্যকর হওয়া এ সিদ্ধান্ত আগামী ১৫ মার্চ ২০২৭ পর্যন্ত বহাল থাকবে।
কেকে/ এসএমএন