মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      ● জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছে: স্পিকার      ● পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি : বাংলাদেশ হাইকমিশন      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২৬০      
খোলাকাগজ স্পেশাল
এবার অটোরিকশাচালকদের ঘাড়ে আন্দোলনের ভূত
শিপার মাহমুদ
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:৪৯ এএম আপডেট: ১০.১১.২০২৬ ১০:৫১ এএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

অতিসম্প্রতি শেষ হয়েছে তৈরি পোশাক শ্রমিকদের আন্দোলন। আবার এরইমধ্যে নতুন করে মাঠে নেমেছে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। ১২ দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মিছিল করেছেন তারা। এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সংগঠন রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। সমাবেশে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মাইজভান্ডারিসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক হাজার অটোরিকশাচালক উপস্থিত ছিলেন।

তবে কর্মসূচি ঘিরে দেখা দিয়েছে নতুন বিতর্ক। কর্মসূচিতে অংশ না নেওয়া চালকদের অটোরিকশা আটকে দেওয়া ও ভাঙচুরের অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের বিরুদ্ধে। কোথাও গাড়ির হেডলাইট ভাঙচুর করা হয়েছে। কোথাও বিচ্ছিন্ন করা হয়েছে ব্যাটারির সংযোগ।

গতকাল সোমবার (৯ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ চললেও আশপাশের সড়কে অটোরিকশা চলাচল করছিল। এ সময় সমাবেশে যোগ না দিয়ে গাড়ি চালানোয় কয়েকজন চালককে বাধা দেন আন্দোলনকারীরা। একপর্যায়ে কয়েকটি অটোরিকশার বৈদ্যুতিক সংযোগের তার ছিঁড়ে ফেলতেও দেখা যায়। এতে আন্দোলনে অংশ না নেওয়া চালকদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে সকাল থেকেই ধোলাইখাল, দয়াগঞ্জ, যাত্রাবাড়ী, রামপুরা, বনশ্রী, বাড্ডা, মিরপুর ও ধোলাইপাড়সহ রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচল বন্ধ ছিল। ধর্মঘটের সমর্থনে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নেন চালকরা। এ সময় তাদের বিভিন্ন দাবিতে স্লোগান দিতে দেখা যায়।

আন্দোলনের বিষয়ে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম নাদিম বলেন, বিআরটিএর মাধ্যমে লাইসেন্স ও রুট পারমিট প্রদান, বিদ্যুতের মিটার সংযোগ বিচ্ছিন্ন না করাসহ ১২ দফা দাবিতে এ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়েছে।

অন্য চালকদের বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘রিকশা আটকানো বা যাত্রীদের নামিয়ে দেওয়ার কোনো নির্দেশনা আমাদের নেই। যারা স্বেচ্ছায় আসতে চান, তাদের আমরা আহ্বান করেছি।’

অন্যদিকে রাজনৈতিক অঙ্গনেও চলছে নানা আলোচনা। পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরে দেশে ফেরার খবর ঘিরে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে। এসব ঘটনায় আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।

এমন পরিস্থিতিতে অটোরিকশা চালকদের আন্দোলন নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। আন্দোলনের সুযোগ নিয়ে কেউ সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। ফলে শ্রমিকদের দাবির পাশাপাশি আন্দোলন ঘিরে অপ্রীতিকর ঘটনার বিষয়টিও সামনে এসেছে।

শ্রমিকদের ১২ দফা দাবিগুলো হলো— ব্যাটারিচালিত রিকশা নীতিমালা-২০২৫ সংশোধন করে শ্রমিকবান্ধব নীতিমালা প্রণয়ন; বিআরটিএর মাধ্যমে ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, লাইসেন্স ও বৈধ কাগজপত্র প্রদান এবং চালকদের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণ; নিবন্ধন ও নবায়ন ফি সর্বোচ্চ এক হাজার টাকা নির্ধারণ এবং প্রকৃত চালক ও মালিকদের লাইসেন্স নিশ্চিত করতে কমপক্ষে দুই বছর সময় দেওয়া; শ্রমিকদের ওপর জুলুম, নির্যাতন, চাঁদাবাজি ও হয়রানি বন্ধ এবং বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্নের নামে বাণিজ্যিক মিটারের সংযোগ বিচ্ছিন্ন করা বন্ধ করা; নীতিমালা সংশোধন ও বাস্তবায়নে শ্রমিক প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে কমিটি গঠন; সড়কে লেন পদ্ধতি চালু, সার্ভিস লেন, রিকশা-সিএনজি-মোটরবাইক স্ট্যান্ড ও চার্জিং স্টেশন নির্মাণ; শ্রমিক নেতাদের নামে দায়ের করা হয়রানিমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহার; শ্রমিকদের জীবিকা সুরক্ষা আইন প্রণয়ন এবং ব্যাটারিচালিত যানবাহনকে গণপরিবহন ও স্বল্প দূরত্বের বাহন হিসেবে স্বীকৃতি দেওয়া; নতুন শর্তে চালকদের ট্রেড লাইসেন্স প্রদান; সরকারি ব্যাংক থেকে বিনা জামানতে সর্বোচ্চ এক লাখ টাকা ঋণের ব্যবস্থা করা; শ্রমিকদের জন্য রেশনব্যবস্থা চালু এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য, বিদ্যুৎ, গ্যারেজ ভাড়া, গাড়ির জমা ও চার্জ কমানো; দেশের অর্থনৈতিক ও মানবিক বিবেচনায় ব্যাটারিচালিত যানবাহনের পুঁজি নিরাপদ করা এবং পর্যায়ক্রমে মানুষকে পেশিশ্রমের অমানবিক বোঝা থেকে মুক্ত করা।

উল্লেখ্য, এর আগে গত ২৯ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার স্বল্পগতির রিকশা বা ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণে নতুন বিধিমালা জারি করে। নতুন নিয়মে ই-রিকশার নিবন্ধন ও নবায়ন ফি, গতিসীমা, যাত্রী ধারণক্ষমতা, চলাচলের রুট, পার্কিং ও ব্যাটারি চার্জিংয়ের বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি নিবন্ধন ছাড়া ই-রিকশা চালানো, অতিরিক্ত যাত্রী বহন এবং নিষিদ্ধ সড়কে চলাচলকে অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। 

নতুন বিধিমালা অনুযায়ী, দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার এককালীন নিবন্ধন ফি ৮ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। চার যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি ১০ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৫ হাজার টাকা। সব ধরনের ই-রিকশার ফিটনেস সনদের জন্য দিতে হবে ১ হাজার টাকা।

ই-রিকশার নিবন্ধন পেতে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, নিবন্ধন ফি জমার রসিদ এবং নির্ধারিত ফিটনেস সনদসহ আবেদন করতে হবে। আবেদন যাচাই-বাছাই করে সন্তুষ্ট হলে কর্তৃপক্ষ ৩০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন দেবে। আবেদন প্রত্যাখ্যান করা হলে সাত কার্যদিবসের মধ্যে লিখিতভাবে কারণ জানাতে হবে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে ১০ কার্যদিবসের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপিল করার সুযোগও রাখা হয়েছে।

প্রতিটি নিবন্ধিত ই-রিকশার জন্য কিউআর কোডযুক্ত স্বতন্ত্র নিবন্ধন নম্বর, নম্বর প্লেট ও বিস্তারিত তথ্যসংবলিত ব্লু-বুক দেওয়া হবে। নিবন্ধনের মেয়াদ হবে পাঁচ বছর। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে এক বা একাধিক সিটি করপোরেশন থেকে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশা নিবন্ধন করা যাবে। তবে এক সিটি করপোরেশনে নিবন্ধিত ই-রিকশা অন্য সিটি করপোরেশন এলাকায় বাণিজ্যিকভাবে চালানো যাবে না।

বিধিমালায় ই-রিকশার সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ২৫ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। স্কুল, হাসপাতাল, ধর্মীয় উপাসনালয় ও জনবহুল এলাকায় সর্বোচ্চ গতিসীমা হবে ঘণ্টায় ১৫ কিলোমিটার। আকারভেদে চালক ছাড়া সর্বোচ্চ দুই বা চারজন যাত্রী বহন করা যাবে। যাত্রীর হাতে বহনযোগ্য মালামাল ছাড়া অন্য কোনো বাণিজ্যিক পণ্য পরিবহন করা যাবে না। হর্নের শব্দের তীব্রতা ৪০ ডেসিবেলের বেশি হতে পারবে না।

ই-রিকশা জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিআরটি করিডোর, প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সড়ক ও ফুটপাতে চলাচল করতে পারবে না। চালকদের সড়কের বাম লেন অনুসরণ করতে হবে। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার, নিয়মবহির্ভূত ওভারটেকিং এবং অনিয়ম করে লেন পরিবর্তনও নিষিদ্ধ করা হয়েছে।

ই-রিকশার চলাচল নিয়ন্ত্রণে সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগ যৌথভাবে রুট নির্ধারণ করবে। সিটি করপোরেশন এলাকাকে বিভিন্ন জোনে ভাগ করে প্রতিটি জোনে ই-রিকশার সংখ্যা, চলাচলের সড়ক ও নির্দিষ্ট রং নির্ধারণ করা হবে। এক জোনে চলাচলের অনুমতি পাওয়া ই-রিকশা অন্য জোনে চলতে পারবে না। এ ছাড়া প্রতিটি ওয়ার্ডে বা উপযুক্ত স্থানে প্রয়োজনীয় পার্কিং এলাকা নির্ধারণের ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

নতুন নিয়মে প্রতিটি ই-রিকশার অর্থনৈতিক আয়ুষ্কাল নিবন্ধনের তারিখ থেকে ১২ বছর নির্ধারণ করা হয়েছে। এ সময় শেষ হলে সংশ্লিষ্ট ই-রিকশার নিবন্ধন ও নম্বর প্লেট বাতিল করতে হবে। প্রতিটি গাড়িতে স্পিডোমিটার বা ওডোমিটার স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত প্রযুক্তিগত মানদণ্ড ও নিরাপত্তাবৈশিষ্ট্য অনুসারে গাড়ির নকশা ও ফিটনেস নিশ্চিত করতে হবে। যান্ত্রিক বা নিরাপত্তাজনিত ত্রুটিযুক্ত এবং নিবন্ধনবিহীন ই-রিকশা সড়কে চালানো যাবে না।

ব্যাটারি চার্জের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। কর্তৃপক্ষ অনুমোদিত ও সংশ্লিষ্ট সিটি করপোরেশনের লাইসেন্সপ্রাপ্ত চার্জিং পয়েন্ট বা নির্দিষ্ট গ্যারেজে ব্যাটারি চার্জ করতে হবে। চার্জিং অবকাঠামোয় নবায়নযোগ্য জ্বালানি ও সৌরশক্তির ব্যবহার বাড়ানোর কথা বলা হয়েছে। অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে ব্যাটারি চার্জ করলে বিদ্যমান আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে।

পরিবেশ সুরক্ষায় পুরোনো বা অকার্যকর ব্যাটারি খোলা জায়গা, মাটি, জলাশয় কিংবা সাধারণ বর্জ্যে ফেলা বা পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে। নতুন ব্যাটারি বিক্রির সময় বিক্রেতাকে ক্রেতার কাছ থেকে একটি পুরোনো ব্যাটারি সংগ্রহ করে অনুমোদিত পুনঃপ্রক্রিয়াজাতকরণ কারখানায় পাঠানোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ব্যাটারি ভাঙা বা গলানোর কাজও করা যাবে না।

বিধিমালায় ই-রিকশা চালকদের ট্রাফিক আইন, সড়ক নিরাপত্তা, ব্যাটারি ও যানবাহন রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। দুর্ঘটনা ঘটলে চালককে তাৎক্ষণিকভাবে গাড়ি থামিয়ে আহত ব্যক্তিদের সহায়তা করতে হবে এবং পুলিশকে জানাতে হবে।

নিবন্ধন ছাড়া ই-রিকশা চালানো, অনুমোদিত গতিসীমা অতিক্রম, অতিরিক্ত যাত্রী বহন, অননুমোদিত ব্যাটারি ব্যবহার, মোটর বা কাঠামো পরিবর্তন, নিষিদ্ধ এলাকায় চলাচল, বিপজ্জনকভাবে গাড়ি চালানো, সিগন্যাল অমান্য এবং দুর্ঘটনার পর পালিয়ে যাওয়াকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এসব অপরাধের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে।

এ ছাড়া ই-রিকশার উৎপাদন নিয়ন্ত্রণ ও প্রস্তুতকারক প্রতিষ্ঠান অনুমোদনের সুপারিশ দিতে একটি কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। বুয়েটের নির্ধারিত প্রযুক্তিগত মানদণ্ড ও নিরাপত্তাবৈশিষ্ট্য অনুযায়ী যাচাই-বাছাইয়ের পর সরকারের অনুমোদন সাপেক্ষে উৎপাদন লাইসেন্স দেওয়া হবে।

নতুন বিধিমালা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে ২০২৫ সালের ১৪ ডিসেম্বর জারি করা ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৫’ রহিত করা হয়েছে।


কেকে/সাশ



আরও সংবাদ   বিষয়:  অটোরিকশাচালকদের আন্দোলন  
মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close