ইরানের বিরুদ্ধে চলমান সংঘাত বন্ধে তেহরানের দেওয়া সাতটি শর্ত মেনে নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে কাল্পনিক আলোচনা নিয়ে ভুয়া তথ্য প্রচার বন্ধ করারও পরামর্শ দিয়েছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওয়াশিংটনের উদ্দেশে এসব কথা বলেন রেজাই।
পোস্টে তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ যুক্তরাষ্ট্রের সরকারকে ইতোমধ্যে বড় ধরনের সংকটে ফেলেছে। এরপরও ওয়াশিংটন মরিয়া জুয়াড়ির মতো আচরণ করছে বলে মন্তব্য করেন তিনি।
মোহসেন রেজাই লেখেন, এখন যুক্তরাষ্ট্রের পিছু হটার সময় এসেছে। কাল্পনিক আলোচনা নিয়ে ভুয়া খবর প্রচার এবং পশ্চিম এশিয়ার পরিবর্তিত বাস্তবতা অস্বীকার করা বন্ধ করতে হবে। ইরান বারবার যে সাতটি শর্ত তুলে ধরেছে, যুক্তরাষ্ট্রের উচিত সেগুলো মেনে নেওয়া।
আল জাজিরার আগের এক প্রতিবেদনে ইরানের সাতটি শর্তের মধ্যে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, দেশটির জব্দ করা সম্পদ মুক্ত, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া, অঞ্চল থেকে মার্কিন সামরিক উপস্থিতি কমানো বা প্রত্যাহার এবং যুদ্ধের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ইরানের বিরুদ্ধে হুমকি ও অপমানজনক বক্তব্য বন্ধের দাবিও রয়েছে।
এর আগে সোমবার হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর প্রয়োজন আপাতত দেখছেন না তিনি। তবে পরিস্থিতির পরিবর্তন হলে আবারও হামলার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে বলে জানান।
ট্রাম্প আরও বলেন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো নতুন করে সংঘাত চায় না। তারা বর্তমান পরিস্থিতি বজায় রাখা এবং শান্তিপূর্ণ সমাধানের পক্ষে।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও তেহরানের প্রস্তাবকে আলোচনার টেবিলে থাকা সবচেয়ে যৌক্তিক সমাধান হিসেবে উল্লেখ করেছেন। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের শর্তগুলোকে অবাস্তব বলে প্রত্যাখ্যান করেছেন।
কেকে/সাশ