কিডনি ডায়ালাইসিস সেবাদাতা ভারতীয় প্রতিষ্ঠান স্যান্ডোরের সঙ্গে চুক্তি মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ২৯ নভেম্বর। স্যান্ডোর ডায়ালাইসিস ফি আগের চেয়ে ৬০০ টাকা কমিয়ে চুক্তি নবায়নের প্রস্তাব দিলেও তা নাকচ করে দিয়েছে সরকার। এখন সরকারি উদ্যোগে নতুন মেশিন বসিয়ে সেবা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে দেশীয় কোনো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মাধ্যমে পিপিপি মডেলেই সেবাটি নিরবচ্ছিন্নভাবে চালু রাখার দাবি জানিয়েছেন কিডনি রোগীরা।
ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (নিকডু) এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়মিত ডায়ালাইসিস নেওয়া শতাধিক কিডনি রোগী চিকিৎসা ব্যাহত হওয়ার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছেন।
জানা গেছে, ১০ বছর আগে পিপিপি চুক্তির আওতায় স্যান্ডোর নিকডুতে ৫৯টি এবং চট্টগ্রাম মেডিকেলে ৩১টি মেশিনের মাধ্যমে স্বল্পমূল্যে ডায়ালাইসিস সেবা শুরু করে। নিকডুতে ১৩০ জন এবং চমেক হাসপাতালে ২৭৬ জন নিয়মিত রোগী বর্তমানে ভর্তুকি মূল্যে (প্রতি সেশন ৫২১ থেকে ৬২১ টাকা) ২৪ ঘণ্টা ও সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করার সুবিধা পান।
রোগীদের শঙ্কা, অন্তর্বর্তীকালীন সময়ে সরকারি ওয়ার্ড বা বেসরকারি হাসপাতালে গেলে অতিরিক্ত খরচ (সেশনপ্রতি ২০০০-৭২০০ টাকা), দীর্ঘ সিরিয়াল এবং সংক্রমণের ঝুঁঁকি বাড়বে। তাদের অভিযোগ, সরকারি হাসপাতালে ছয় মাসের ডায়ালাইসিসের জন্য অগ্রিম ২০ হাজার টাকা জমা দিতে হয়। কোনো রোগী নির্ধারিত সময়ের আগেই মারা গেলে অব্যবহৃত সেশনের টাকা ফেরত পাওয়া যায় না। একজন রোগী সপ্তাহে সর্বোচ্চ দুইবার ডায়ালাইসিসের সুযোগ পান। অথচ অনেক রোগীর সপ্তাহে তিনবার ডায়ালাইসিস প্রয়োজন হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলীম উদ্দিন বলেন, ২০১৬ সালে এটা শুরু হয়েছিল ১ হাজার ৭০০ টাকার চেয়ে একটু বেশি রেটে। এরা প্রতিবছর এই রেট ৫ শতাংশ হারে বাড়াচ্ছে। অথচ বিদ্যুৎ আমাদের, পানি আমাদের। সবকিছু আমাদের। এখন ডায়ালাইসিস রেট ৩৭ টাকার বেশি। এভাবে বাড়তে থাকলে সরকারের ওপর বাড়তি চাপ পড়ছে। এখন সরকার সিদ্ধান্ত নেবে। আমরা সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলেন, কিডনি ডায়ালাইসিসের মতো মৌলিক স্বাস্থ্যসেবায় বিদেশি প্রতিষ্ঠান নির্ভরতা থাকা উচিত নয়। আগের সরকারের আমলে ভারতীয় প্রতিষ্ঠানটিকে নিয়োগের মূল উদ্দেশ্য ছিল আমাদের জনবলের দক্ষতা বাড়ানো। এখন চুক্তির মেয়াদ শেষ, তার মানে ওই বিষয়ে সরকারি হাসপাতালের কর্মীরা এখন দক্ষ। যদি এখন তারা জনগণকে সন্তুষ্ট করার মতো সক্ষমতা অর্জন করতে না পারে, তার জন্য সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।
তিনি বলেন, মনে রাখতে হবে- যে স্বাস্থ্যসেবা জনগণের কল্যাণের জন্য, এটা কোনো গোষ্ঠিস্বার্থ, রাজনৈতিক বা ব্যক্তিস্বার্থ্য উদ্ধারের বিষয় না। ডাক্তার, নার্স ও টেকনিশিয়ানদের সমন্বয়ে এমন একটা কাঠামো দাড় করাতে হবে, যাতে করে সাধারণ মানুষকে সন্তুষ্ট করা যায়।
তিনি আরও বলেন, বড় হাসপাতালগুলোকে স্বায়ত্তশাসিত ও বিকেন্দ্রিক করা উচিত। ডাক্তার, নার্স ও টেকনিশিয়ানদের শীর্ষ পদগুলোর প্রধান করা দরকার সংশ্লিষ্টদের। কেউ যদি দায়িত্বে অবহেলা করে, তাকে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। আবার একইসঙ্গে সবাইকে সমন্বয় করে সমস্যার সমাধান করতে হবে। স্বাস্থ্য খাতের সরকারি প্রতিষ্ঠানগুলোকে জনসেবার প্রধান ও মৌলিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।
কেকে/সাশ