ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পর ফ্রান্সের রাজধানী প্যারিসে জি-৭ সম্মেলনের ফাঁকে আলোচনায় যোগ দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি।
মঙ্গলবার (১০ নভেম্বর) বৈঠকে ইউরোপের চারটি দেশের শীর্ষ কূটনীতিক ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীও অংশ নেন। ফ্রান্স এ তথ্য জানিয়েছে।
বৈঠকের আগে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মন্ত্রীরা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। বিশেষ করে ইরান সংকট এবং এর ফলে ওই অঞ্চল ও সামগ্রিকভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তা ও অর্থনীতিতে যে প্রভাব পড়ছে, তা আলোচনায় গুরুত্ব পাবে।’
শেখ মোহাম্মদের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়ে অগ্রগতি হচ্ছে। যুদ্ধটি গত ২৮ ফেব্রুয়ারি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মধ্য দিয়ে শুরু হয়।’
ট্রাম্প বলেন, ‘সামরিক দিক থেকে ইরানের সক্ষমতা কার্যত শেষ হয়ে গেছে।’
তবে দেশটিতে নতুন করে হামলার সম্ভাবনাও নাকচ করেননি তিনি।
প্যারিসে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নেওয়া ইউরোপের শীর্ষ কূটনীতিকেরা ইরানের বিরুদ্ধে নতুন করে উত্তেজনা না বাড়াতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রতি আহ্বান জানিয়ে আসছেন।
একই সঙ্গে জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আবারও নির্বিঘ্ন করার ওপর জোর দিচ্ছেন তারা।
ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ ছাড়াও জি-৭’-এর ইউরোপীয় সদস্য যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে অংশ নিচ্ছেন।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো এ বৈঠক আহ্বান করেছেন।
ট্রাম্প ও কাতারের প্রধানমন্ত্রীর বৈঠকের পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবারও পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা কমেছে বলে আশা তৈরি হয়েছে।
সূত্র : এএফপি
কেকে/এমএ