নতুন সরকার গঠন ছাড়াই শপথ নিয়েছে ইসরাইলের নতুন পার্লামেন্ট। গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পার্লামেন্টে তার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন। তবে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিরোধী নেতা গাদি আইজেনকোটের সামনেও সরকার গঠনের পথ এখনো পরিষ্কার হয়নি।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) আইনপ্রণেতারা শপথ নেন। এরইমধ্যে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট নতুন জোট সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
রোববার (৮ নভেম্বর) দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ তাকে সরকার গঠনের দায়িত্ব দেন। এ জন্য তাকে ২৮ দিন সময় দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানোর সুযোগ রয়েছে।
তবে গাদি আইজেনকোট ও তার মিত্রদেরও পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নেই। সরকার গঠনে প্রয়োজনীয় সমর্থন পেতে এখনো কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারেননি তিনি।
এ অবস্থায় দেশটিতে রাজনৈতিক অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে। আইজেনকোট ও নেতানিয়াহু, কেউই সরকার গঠনে ব্যর্থ হলে নতুন পার্লামেন্টের মেয়াদ খুব সংক্ষিপ্ত হতে পারে। সে ক্ষেত্রে আবারও নির্বাচন আয়োজনের পরিস্থিতি তৈরি হতে পারে।
পার্লামেন্টের শপথ অনুষ্ঠান পরিচালনাকালে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আইনপ্রণেতাদের নতুন নির্বাচন এড়াতে সর্বোচ্চ চেষ্টা করার আহ্বান জানান।
তিনি বলেন, ‘আরেকটি নির্বাচন এড়াতে আপনাদের সবকিছু করতে হবে।’
রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের মধ্যেও সমঝোতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে হারজগ বলেন, ‘একে অপরের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। উদার মনোভাব নিয়ে পরস্পরের দিকে তাকান। এখানে অনেক কাজ বাকি রয়েছে। আর সেই কাজ সম্পন্ন করতে পার্লামেন্টের প্রতিটি অংশে থাকা অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগানো প্রয়োজন।’
গুরুত্বপূর্ণ পদে প্রার্থী মনোনয়ন :
আজ পার্লামেন্টের অধিবেশন শুরুর আগে গুরুত্বপূর্ণ পদে প্রার্থী মনোনয়নের বিষয়ে অগ্রগতির কথা জানায় আইজেনকোটের দল। আইজেনকোট জানান, তার রাজনৈতিক জোটের নেতাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে নিজের দল ইয়াশারের নেতা মাতান কাহানাকে পরবর্তী নেসেটের স্পিকার হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়ে একমত হয়েছেন তারা।
নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে নতুন সরকার গঠনের চেষ্টা করছেন আইজেনকোট। সেই লক্ষ্যেই পার্লামেন্টের গুরুত্বপূর্ণ পদ বণ্টনে বিরোধী জোটের চার নেতার সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন তিনি।
সমঝোতায় অংশ নিয়েছেন নাফতালি বেনেট, ইয়ার গোলান, আভিগদর লিবারম্যান ও ইয়ার লাপিদ। চুক্তি অনুযায়ী, পার্লামেন্টের স্পিকার পদে সাবেক মন্ত্রী মাতান কাহানাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
নতুন পার্লামেন্টের সদস্য হিসেবে শপথ নেওয়ার আগে সাংবাদিকদের আইজেনকোট বলেন, ‘এই জটিল পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব একটি জাতীয় জরুরি সরকার গঠন করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইজেনকোট জানান, ইসরাইলের ২৬তম পার্লামেন্টের গুরুত্বপূর্ণ পদগুলোর জন্য সম্ভাব্য প্রার্থী নির্ধারণে চার নেতার সঙ্গে তার সমঝোতা হয়েছে।
গুরুত্বপূর্ণ পদে কারা আসছেন :
সমঝোতা অনুযায়ী, পার্লামেন্টের তিনটি গুরুত্বপূর্ণ কমিটির প্রধানের নামও প্রস্তাব করা হয়েছে। হাউস কমিটির চেয়ারম্যান হিসেবে রয় ফোকম্যানকে প্রস্তাব করা হয়েছে। পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির প্রধান হবেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যান। অর্থবিষয়ক কমিটির প্রধান হিসেবে লিরান আভিসার বেন-হোরিনের নাম প্রস্তাব করা হয়েছে।
চলতি সপ্তাহে কমিটিগুলোর সদস্য ও গঠন নিয়ে আলোচনা হবে। আগামী বুধবার পার্লামেন্টের অনুমোদনের জন্য চূড়ান্ত তালিকা জমা দেওয়া হবে। এ ছাড়া কয়েকটি বিশেষ কমিটি গঠনের বিষয়েও একমত হয়েছেন বিরোধী নেতারা। তবে সেগুলোর বিস্তারিত পরে জানানো হবে।
ইয়ার লাপিদও আইজেনকোটের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নতুন পার্লামেন্টে সমন্বিতভাবে কাজ করা এবং যত দ্রুত সম্ভব জাতীয় জরুরি সরকার গঠনের বিষয়ে তাদের আলোচনা হয়েছে।
সরকার গঠনে গুরুত্বপূর্ণ হতে পারে আরব দলগুলো :
আইজেনকোটের সরকার গঠনের প্রচেষ্টায় ইসরাইলের আরব রাজনৈতিক দলগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ইতোমধ্যে দুটি আরব নেতৃত্বাধীন দল তাকে সমর্থনের সুপারিশ করেছে। নির্বাচনে দল দুটি রেকর্ডসংখ্যক আসন পেয়েছে।
নেতানিয়াহুর কট্টর ডানপন্থি সরকারের প্রতি ইসরায়েলের আরব সংখ্যালঘু জনগোষ্ঠীর অসন্তোষের মধ্যেই দলগুলোর এই সাফল্য এসেছে।
আইজেনকোট জানিয়েছেন, তিনি যত দ্রুত সম্ভব একটি বিস্তৃত জোট সরকার গঠন করতে চান। এ জন্য প্রচলিত রাজনৈতিক সমীকরণের বাইরেও পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।
রোববার (৮ নভেম্বর) গাদি আইজেনকোট বলেন, ‘আমাদের একটি জাতীয় জরুরি সরকার গঠন করতে হবে। এ জন্য সৃজনশীল ও প্রচলিত ধারার বাইরে গিয়ে রাজনৈতিক পদক্ষেপ নিতে হবে।’
তবে শেষ পর্যন্ত ৬১ জন আইনপ্রণেতার সমর্থন নিশ্চিত করাই আইজেনকোটের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তার সরকার গঠনের প্রচেষ্টা কতটা সফল হয়, এখন সেটিই দেখার বিষয়।
সূত্র : এএফপি
কেকে/এমএ