বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি আইনিভাবে সুরাহা হবে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে জয়সওয়াল এমন মন্তব্য করেন।
‘বাংলাদেশ সরকার চায়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হোক। এ বিষয়ে ভারত সরকারের অবস্থান কী’, ইন্ডিয়ান এক্সপ্রেসের সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন ও বিচার বিভাগের বিষয়। আইন অনুযায়ী এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
‘পাসপোর্ট ছাড়া কোনো ব্যক্তিকে প্রত্যর্পণ করা সম্ভব কি না? প্রত্যর্পণের জন্য কি পাসপোর্ট অপরিহার্য’ দ্য হিন্দুর সাংবাদিকের এই প্রশ্নে জয়সওয়াল বলেন, ‘এটা একটি আইনি বিষয়। ভ্রমণের জন্য ব্যক্তির বৈধ ভ্রমণ নথি প্রয়োজন।’
এ বিষয়ে সুনির্দিষ্ট কারিগরি দিকগুলো খতিয়ে দেখে পরে জানাবেন বলে মন্তব্য করেন রণধীর জয়সওয়াল।
দেশে ফিরতে শেখ হাসিনার বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন জানানোর প্রেক্ষিতে সৃষ্ট আলোচনার মধ্যে ভারতের এমন বক্তব্য এলো।
ব্রিফিংয়ে ভারত ও বাংলাদেশের পানিবণ্টন চুক্তি নিয়েও প্রশ্ন আসে। জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘এ বিষয়ে আগের ব্রিফিংয়ে দেয়া বক্তব্যের বাইরে নতুন কোনো তথ্য নেই।’
তারেক রহমানের ভারত সফর বা এ বিষয়ে আলোচনার কোনো নতুন তথ্য আছে কি না জানতে চাইলে মুখপাত্র বলেন, ‘এ মুহূর্তে নিশ্চিত করার মতো কোনো আপডেট নেই।’
প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়। সেই সঙ্গে তাকে বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দেওয়ার জন্য ভারত সরকারের কাছে দাবি জানিয়ে আসছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার।
এমন পরিস্থিতিতে ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন শেখ হাসিনা। সম্প্রতি তিনি রয়টার্সকে বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি দেশে ফিরতে চান। এর মধ্যে সোমবার (৯ নভেম্বর) প্রতিবেদনে রয়টার্স জানায়, শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক ল ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্স দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের ভারপ্রাপ্ত হাই কমিশনার প্রীতি রহমানকে চিঠি দিয়ে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার আবেদন জানিয়েছে।
কেকে/এমএ