বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      ● ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● থামছেই না শিশুমৃত্যুর মিছিল, হামে আরও পাঁচ প্রাণহানি      ● মানহীন বিশ্ববিদ্যালয়ের কারণে বাড়ছে উচ্চশিক্ষিত বেকার: রাষ্ট্রপতি      
আন্তর্জাতিক
রয়টার্স প্রতিবেদন
পোশাকশিল্পের প্রবৃদ্ধি, শ্রমিকের পাতে কমছে খাবার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:০৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ। এ শিল্প দেশের রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি জোগান দেয় এবং কর্মসংস্থান হয়েছে ৪০ লাখেরও বেশি মানুষের। অথচ এ শিল্পের প্রবৃদ্ধির নেপথ্যে থাকা শ্রমিকদের বড় একটি অংশকে জীবন চালাতে খাবার, চিকিৎসা ও সন্তানের শিক্ষার মতো মৌলিক চাহিদায় কাটছাঁট করতে হচ্ছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে তাল মেলাতে পারছে না পোশাকশ্রমিকদের আয়। ফলে দীর্ঘদিন ধরে এ খাতে কাজ করেও অনেক শ্রমিকের আর্থিক সংকট কাটছে না।

প্রতিবেদনে গাজীপুরের পোশাকশ্রমিক শিল্পী খাতুনের জীবনসংগ্রামের চিত্র তুলে ধরা হয়েছে। ২৭ বছর বয়সী এই শ্রমিকের আয়ের ওপর নির্ভরশীল তার স্বামী, মা-বাবা ও শ্বশুর-শাশুড়ি। গ্যাসের খরচ বহন করতে না পারায় প্রতিদিন ভোরে কাঠের চুলায় রান্না করে তাকে কারখানায় যেতে হয়।

পাঁচ বছর আগে পোশাক কারখানায় কাজ শুরু করে শিল্পীর বেতন ছিল ৯ হাজার টাকা। বর্তমানে তা বেড়ে হয়েছে ১৩ হাজার ৫০০ টাকা। অতিরিক্ত কাজসহ মাসে আয় দাঁড়ায় প্রায় ১৬ হাজার টাকা। কিন্তু বাড়িভাড়া ও নিত্যপণ্যের দাম বাড়ায় মাস শেষ হওয়ার আগেই তাঁর উপার্জিত অর্থ ফুরিয়ে যায়। এমনকি শারীরিক সমস্যা বাড়লেও গত তিন বছরে চিকিৎসকের কাছে যাওয়ার সামর্থ্য হয়নি তার।

শুধু শিল্পী নন, একই সংকটে রয়েছেন হাজারো পোশাকশ্রমিক। আশুলিয়ার একটি কারখানার সেলাই অপারেটর ২৯ বছর বয়সী রোকসানা পারভীনের ভাষ্য, দুই মেয়েকে পুষ্টিকর খাবার খাওয়াতে চাইলেও আর্থিক সামর্থ্যের অভাবে তা সম্ভব হচ্ছে না। সংসারের খরচ কমাতে তাঁর এক মেয়ের পড়াশোনাও বন্ধ হয়ে গেছে। অনেক সময় তাদের খাবারের তালিকায় ভাত ও সবজিই প্রধান ভরসা হয়ে উঠছে। মাছ-মাংস এখন বিলাসিতার মতো।

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত সপ্তাহে দেশের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ করেন। কোথাও কোথাও আন্দোলন সহিংস রূপ নেয়। শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা হয়। পরিস্থিতির কারণে কয়েক শ কারখানা বন্ধ রাখতে হয়।

গত ৪ নভেম্বর সরকারের মজুরি বোর্ড নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের বিষয়ে সম্মত হয়েছে। আগামী ডিসেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর করার পরিকল্পনা রয়েছে। জানুয়ারিতে শ্রমিকদের নতুন কাঠামো অনুযায়ী প্রথম বেতন পাওয়ার কথা থাকলেও মজুরি কতটা বাড়বে, তা এখনো চূড়ান্ত হয়নি।

মূল্যস্ফীতির চাপে শ্রমিকের সংসার

২০২২ সাল থেকে বাংলাদেশে দীর্ঘস্থায়ী জীবনযাত্রার ব্যয় সংকট চলছে। এ সময়ে গড় মূল্যস্ফীতি প্রায় ৯ শতাংশে রয়েছে। শুরুতে খাদ্যপণ্যের দাম বৃদ্ধির কারণে চাপ তৈরি হলেও পরবর্তী সময়ে খাদ্যবহির্ভূত পণ্যের উচ্চমূল্যও পরিস্থিতিকে কঠিন করে তুলেছে।

অন্যদিকে, পোশাকশিল্পের মালিকদের দাবি, শ্রমিকদের প্রতি বছর মূল বেতনের ৯ শতাংশ হারে ইনক্রিমেন্ট এবং দুটি উৎসব বোনাস দেওয়া হয়। এর বাইরে বড় অঙ্কের মজুরি বৃদ্ধি হলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে ভারত ও ভিয়েতনামের মতো প্রতিদ্বন্দ্বী দেশের তুলনায় উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। জ্বালানির বাড়তি খরচেও আগে থেকেই চাপে রয়েছেন উদ্যোক্তারা।

কম শ্রমব্যয় বাংলাদেশের পোশাকশিল্পকে বৈশ্বিক বাজারে শক্ত অবস্থান তৈরি করতে সহায়তা করেছে। এই শিল্পে এইচঅ্যান্ডএম, জারা, গ্যাপ, প্রাইমার্ক ও ওয়ালমার্টের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের জন্য পণ্য তৈরি হয়। তবে শিল্পের প্রবৃদ্ধির পাশাপাশি শ্রমিকদের জীবনমান ও ন্যায্য মজুরি নিশ্চিত করার প্রশ্নটিও ক্রমেই সামনে আসছে।

তথ্যসূত্র: রয়টার্স

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  পোশাকশিল্প   বাংলাদেশ   
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close