ডিসেম্বরে বাংলাদেশে ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদনও করেছেন তিনি। তবে তার এই উদ্যোগের পেছনে কেবল দেশে ফেরার ইচ্ছা, নাকি আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান পুনরুদ্ধার ও নতুন সরকারকে চাপে ফেলার কৌশল রয়েছে, তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে নির্বাসিত আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন, শেখ হাসিনা আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফিরতে চান। এ বিষয়ে তিনি আত্মবিশ্বাসী বলেও দাবি করেছেন দলটির নেতারা। তার দেশে ফেরার পরিকল্পনাকে সামনে রেখে আওয়ামী লীগের কয়েকজন নেতা ইতোমধ্যে বাংলাদেশে ফিরেছেন।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারত চলে যান শেখ হাসিনা। এরপর থেকে দিল্লিতে অবস্থান করছেন তিনি। গত বছরের নভেম্বরে বাংলাদেশের একটি ট্রাইব্যুনাল তাঁকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। ২০২৪ সালের ছাত্র আন্দোলন দমনে তাঁর ভূমিকার অভিযোগে এ রায় দেওয়া হয়। ওই আন্দোলনে আনুমানিক ১ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, সোমবার শেখ হাসিনার পক্ষে দায়িত্ব পালন করা একজন ব্রিটিশ আইনজীবী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠান। এতে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দ্রুত ইস্যু করার অনুরোধ জানানো হয়।
ভারতের কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে দ্য গার্ডিয়ানকে বলেন, শেখ হাসিনা প্রকৃত অর্থেই দেশে ফিরতে চান। এ কারণেই তিনি নতুন পাসপোর্টের আবেদন করেছেন। কর্তৃপক্ষ পাসপোর্ট দিতে অস্বীকৃতি জানালে দেশে ফেরার জন্য ট্রাভেল পাসের আবেদন করবেন বলেও জানিয়েছেন তিনি।
তবে শেখ হাসিনার দেশে ফেরার পথ যে সহজ নয়, তা স্পষ্ট। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হওয়ায় দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করা হতে পারে। ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, দণ্ডিত পলাতক আসামি হিসেবে শেখ হাসিনার নতুন পাসপোর্ট পাওয়ার কোনো আইনি সুযোগ নেই।
তিনি আরও বলেন, রায়ের বিরুদ্ধে আপিলের নির্ধারিত সময়সীমা শেষ হয়ে গেছে। ফলে শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকরের মুখোমুখি হবেন।
এদিকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের ওপর চাপ দিয়ে আসছে ঢাকা। তবে ভারত এখন পর্যন্ত বাংলাদেশের প্রত্যর্পণের দাবিতে সাড়া দেয়নি। এতে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।
চলতি সপ্তাহে বাংলাদেশ সরকার জানিয়েছে, সন্ত্রাসী হিসেবে বিবেচিত শেখ হাসিনাকে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় গ্রহণযোগ্য বন্দিবিনিময় প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফেরার সুযোগ দেওয়া হতে পারে।
রাজনৈতিক পুনর্গঠনের চেষ্টা?
শেখ হাসিনার দেশে ফেরার উদ্যোগের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, তাদের ধারণা, এই উদ্যোগের মাধ্যমে আওয়ামী লীগের সমর্থক ও নেতা-কর্মীদের আবার সংগঠিত করার পাশাপাশি নতুন সরকারকে রাজনৈতিকভাবে অস্থিতিশীল করার চেষ্টা থাকতে পারে।
গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসে। বাংলাদেশের প্রথম গণতান্ত্রিক নির্বাচন হিসেবে ওই নির্বাচনকে উল্লেখ করেছে দ্য গার্ডিয়ান। তবে ক্ষমতা গ্রহণের পর থেকেই সরকারকে মূল্যস্ফীতি ও বিভিন্ন আন্দোলন মোকাবিলা করতে হচ্ছে। এসব পরিস্থিতিকে নিজেদের রাজনৈতিক সুবিধায় কাজে লাগানোর চেষ্টা করতে পারে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের নির্বাসিত নেতাদের একজন জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তারাও দেশে ফেরার পরিকল্পনা করছেন। তাঁদের অনেকের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে এবং অনুপস্থিতিতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। দেশে ফিরে কারাবরণ করতে হলেও রাজনৈতিকভাবে লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা।
ইতোমধ্যে দলটির কয়েকজন নেতা দেশে ফিরেছেন। তাদের মধ্যে সাবেক সংসদ সদস্য মুস্তাক আহমেদ রুহি রয়েছেন। গত সেপ্টেম্বরে দেশে ফেরার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত একটি কথিত হত্যাকাণ্ডের মামলায় তার বিরুদ্ধে বিচার চলছে।
এদিকে কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের নির্বাসিত নেতারা নিয়মিত বৈঠক করছেন। তাদের অনেককে দিল্লিতে ডেকে শেখ হাসিনার সঙ্গে বৈঠকও করানো হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দেশের মাটিতে মৃত্যুর কথাও বললেন হাসিনা
দেশে ফেরার বিষয়ে নিজের অবস্থান জানিয়ে শেখ হাসিনা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) ই-মেইলে বলেছেন, ‘মৃত্যুই যদি আমার নিয়তি হয়, তাহলে আমি নিজের দেশের মাটিতে, নিজের মানুষের মধ্যে মৃত্যুবরণ করতেই বেশি পছন্দ করব।’
তবে তার দেশে ফেরার পরিকল্পনা কতটা বাস্তবায়িত হবে, তা নির্ভর করছে পাসপোর্ট বা ট্রাভেল পাস পাওয়ার প্রক্রিয়া, বাংলাদেশের আইনি অবস্থান এবং ভারত সরকারের সিদ্ধান্তের ওপর। একই সঙ্গে এই উদ্যোগ আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ ও নতুন সরকারের সঙ্গে দলটির সম্পর্কের ক্ষেত্রে কী প্রভাব ফেলে, সেটিও এখন আলোচনার বিষয়।
সূত্র: দ্যা গার্ডিয়ান
কেকে/সাশ