সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতে অনেকেই নিয়মিত রূপচর্চা করেন। কেউ ব্যবহার করেন নানা ধরনের প্রসাধনী, কেউ আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নতুন নতুন স্কিন কেয়ার পদ্ধতি অনুসরণ করেন। কিন্তু সঠিক নিয়ম না জেনে রূপচর্চা করলে উপকারের বদলে ত্বকের ক্ষতি হতে পারে।
চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, প্রত্যেকের ত্বকের ধরন ও চাহিদা আলাদা। তাই অন্যের অনুসরণ করা রুটিন নিজের ত্বকে প্রয়োগ করা সব সময় নিরাপদ নয়। ত্বক সুস্থ রাখতে জটিল রূপচর্চার প্রয়োজন নেই; বরং ত্বকের বাইরের প্রতিরক্ষামূলক স্তর বা ‘স্কিন ব্যারিয়ার’ সুরক্ষিত রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও জীবনধারাবিষয়ক ওয়েবসাইট ‘প্রিভেনশন’-এ প্রকাশিত এক প্রতিবেদনে রূপচর্চার কয়েকটি সাধারণ ভুল এবং সেগুলো এড়িয়ে চলার উপায় তুলে ধরা হয়েছে।
ত্বকের যত্নে যেসব ভুল এড়িয়ে চলবেন-
অতিরিক্ত এক্সফোলিয়েশন করা
ত্বকের মৃত কোষ দূর করতে এক্সফোলিয়েশন উপকারী। তবে অতিরিক্ত এক্সফোলিয়েশন ত্বকের প্রাকৃতিক প্রতিরক্ষাব্যবস্থা দুর্বল করে দিতে পারে। এতে ত্বকে লালচেভাব, জ্বালাপোড়া ও প্রদাহ দেখা দিতে পারে। তাই ত্বকের ধরন অনুযায়ী মৃদুভাবে এক্সফোলিয়েশন করা উচিত।
মেকআপ না তুলে ঘুমানো
সারাদিনের মেকআপ, ধুলাবালি, ঘাম ও তেল ত্বকে জমে থাকতে পারে। এগুলো ঠিকমতো পরিষ্কার না করলে লোমকূপ বন্ধ হয়ে ব্রণসহ নানা সমস্যা দেখা দিতে পারে। তাই রাতে ঘুমানোর আগে মেকআপ তুলে মুখ পরিষ্কার করা জরুরি।
সানস্ক্রিন ব্যবহার না করা
সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের অকাল বার্ধক্য, কালো দাগ ও ত্বকের ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। তাই শুধু গ্রীষ্মকাল নয়, সারা বছর বাইরে যাওয়ার সময় এসপিএফ ৩০ বা তার বেশি মাত্রার ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করা উচিত।
একই সঙ্গে অনেক সক্রিয় উপাদান ব্যবহার করা
গ্লাইকোলিক অ্যাসিড, রেটিনল ও ভিটামিন সি—ত্বকের যত্নে বহুল ব্যবহৃত উপাদান। তবে একই রাতে এগুলো একসঙ্গে ব্যবহার করলে কারও কারও ত্বকে জ্বালাপোড়া, লালচেভাব ও প্রদাহ দেখা দিতে পারে। তাই নতুন কোনো উপাদান ব্যবহারের আগে ত্বকের সহনশীলতা বিবেচনা করা জরুরি।
তৈলাক্ত ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার না করা
অনেকেই মনে করেন, তৈলাক্ত ত্বকে ময়েশ্চারাইজারের প্রয়োজন নেই। কিন্তু ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সব ধরনের ত্বকেই ময়েশ্চারাইজার প্রয়োজন। তৈলাক্ত ত্বকের জন্য হালকা ও নন-কমেডোজেনিক ময়েশ্চারাইজার বেছে নেওয়া ভালো।
নখ দিয়ে ব্রণ খোঁটা
ব্রণ খুঁটলে ত্বকে প্রদাহ, সংক্রমণ ও স্থায়ী দাগের ঝুঁকি বাড়তে পারে। নখের মাধ্যমে ব্যাকটেরিয়া ত্বকে প্রবেশ করে সমস্যাকে আরও বাড়িয়ে দিতে পারে। তাই ব্রণ চেপে ফাটানো বা খোঁটা থেকে বিরত থাকা উচিত।
সামাজিক যোগাযোগমাধ্যমের ভাইরাল রূপচর্চা অনুসরণ করা
টিকটক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে রাতারাতি ত্বক সুন্দর করার নানা কৌশল ছড়িয়ে পড়ে। কিন্তু এসব পদ্ধতি সবার ত্বকের জন্য নিরাপদ নয়। বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া নতুন কোনো পণ্য বা পদ্ধতি ব্যবহার করলে ত্বকের ক্ষতি হতে পারে।
বয়স অনুযায়ী ত্বকের যত্ন না নেওয়া
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের গঠন ও চাহিদায় পরিবর্তন আসে। কোলাজেন উৎপাদন ও ত্বকের স্থিতিস্থাপকতা ধরে রাখতে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী অ্যান্টিঅক্সিডেন্ট, রেটিনল বা পেপটাইডযুক্ত পণ্য ব্যবহার করা যেতে পারে। তবে এসব উপাদান ব্যবহারের আগে ত্বকের ধরন ও সংবেদনশীলতা বিবেচনা করা জরুরি।
পর্যাপ্ত ঘুম ও স্বাস্থ্যকর জীবনযাপনে অবহেলা
ত্বকের সুস্থতা শুধু বাহ্যিক পরিচর্যার ওপর নির্ভর করে না। পর্যাপ্ত ঘুম শরীরের স্বাভাবিক মেরামত প্রক্রিয়ায় সহায়তা করে। অন্যদিকে, অতিরিক্ত অ্যালকোহল পান শরীরে গ্লাইকেশন প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। এতে কোলাজেন ও ইলাস্টিনের ক্ষতি হয়ে ত্বকে অকাল বার্ধক্যের ছাপ পড়তে পারে।
তাই ত্বক ভালো রাখতে দামি প্রসাধনী বা জটিল স্কিন কেয়ার রুটিনের প্রয়োজন নেই। নিয়মিত মুখ পরিষ্কার করা, ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার, সানস্ক্রিন লাগানো এবং পর্যাপ্ত ঘুমের অভ্যাস গড়ে তোলা জরুরি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের সব পরামর্শ অনুসরণ না করে প্রয়োজনে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
কেকে/ এমএস