শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্রদের অবদান সবচেয়ে বেশি: রাষ্ট্রপতি      ● রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে মিয়ানমার বাধ্য: ড. খলিলুর রহমান      ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান      ● দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘আকভান’, ৪ বন্দরে সতর্কসংকেত      ● অস্ট্রেলিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির      ● আইসিজের রায়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়বে : শামা ওবায়েদ      ● পাঁচ ধাপে চার হাজার ৩৩২ ইউপিতে ভোটের তালিকা প্রকাশ      
জীবনানন্দ
বঙ্গীয় সংস্কৃতির ধারা
দ্রাবিড় সৈকত
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১:৫৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রকৃতিকে সংস্কার করতে করতে মানুষের এগিয়ে চলার নামই সংস্কৃতি। প্রকৃতির সংস্কার কতটুকু এবং কি তার প্রক্রিয়া এসব নির্ধারিত হয় নির্দিষ্ট অঞ্চলের মানুষের প্রয়োজনের নিরিখে; তাই অঞ্চলভেদে সংস্কৃতি এবং তার ধরন-ধারণ আলাদা হওয়াই স্বাভাবিক। বঙ্গীয় অঞ্চল পৃথিবীর অন্যান্য অঞ্চল থেকে বৈশিষ্ট্যগতভাবে একেবারেই আলাদা। এর মাথায় মুকুটের মত শোভা পাচ্ছে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিমালয়, পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাতের এলাকাও বঙ্গভূমি, পলি-দোআঁশ মাটির উর্বরতাকে সজীব রাখতে হিমালয় থেকে নেমে এসেছে অসংখ্য নদী-নালা। খাল-বিল, হাওড়-বাঁওড়, নদী-নৌকা, ফল-ফসলের সাংস্কৃতিক অভিব্যক্তি পৃথিবীর অন্যান্য  অঞ্চল থেকে বঙ্গভূমিকে আলাদা বৈশিষ্ট্যে স্বাতন্ত্র্যমণ্ডিত করেছে। বঙ্গীয় সংস্কৃতির বাহির এবং ভেতরের সজীবতাই এর প্রধান চিহ্নায়ন ধরা যায়। এই সাংস্কৃতিক সজীবতার প্রকাশ পেয়েছে তার দৈনন্দিন জীবনাচরণ, ধর্ম-কর্ম, ভাব-ভাষা, পোশাক-আশাক, খাদ্য-খেয়াল, শিল্প ও বিবিধ সঞ্চরণের ভিতর দিয়ে।

লোকায়ত জীবনকে বাঙালি তার জীবনে এবং যাপনে গুরুত্বপূর্ণ মনে করেছে বলেই তার কাছে অদৃশ্য প্রভু অনেকটাই গুরুত্বহীন। সে নিয়তিবাদী নয় বলেই তার জীবদ্দশায় আনন্দ খুঁজে নিয়েছে। ঈশ্বরকে নিজের বাইরে অলৌকিক ভাবনার রোমান্টিকতায় তার খুঁজতে হয়নি। প্রত্যভিজ্ঞা দর্শনে (তন্ত্রশাস্ত্রে) যেমন বলা হয়েছে আমিই ঈশ্বর, আমি ঈশ্বর হতে আলাদা নই। নিজের ভেতরে যার ঈশ্বর অথবা যে নিজেই নিজের ঈশ্বর তার কাছে পৃথিবীর স্বাদ-গন্ধ-রং সব কিছুরই আলাদা মূল্য আছে। এ কারণেই আমরা বঙ্গসন্তানকে দেখতে পাই সে সব কিছুতেই তার সমগ্র সত্ত্বা দিয়ে অংশগ্রহণ করে।

প্রত্যেককে মর্যাদা ও গুরুত্ব দেয়ার সংস্কৃতি এখানকার মৃত্তিকায় দৃঢ়ভাবে প্রোথিত। নিরাপদ দূরে থেকে নিজের পথ দেখা বঙ্গীয় স্বভাবে নেই এবং এজন্যেই তাকে আরও ভয়াবহ এক অপবাদের মুখোমুখি হতে হচ্ছে আর তা হলো ‘হুজুগে বাঙালি’। এই ‘হুজুগে বাঙালি’ আসলে তার সক্রিয় অংশগ্রহণ, সবকিছুকে নিজের করে নেয়া, আপন করে দেখা, দয়া-মায়া-মমতার বহিঃপ্রকাশের একটি ধরন মানুষকে মূল্যায়ন করা, তাকে যথাযথ সম্মান দেয়ার এই প্রয়াস এই অঞ্চলের দর্শনগত ভিত্তি থেকেই উৎসরিত। সে নিজেই ঈশ্বর, তাই আলাদা ঈশ্বরের অপেক্ষায় সে দূর থেকে দর্শকের ভূমিকা পালন করতে পারে না। অপরের ভালো-মন্দ, সুখ-দুঃখ, আনন্দ-বেদনা সবকিছুতেই তার প্রত্যভিজ্ঞা দর্শনের বাস্তব প্রয়োগ আমরা দেখতে পাই।

নৃবিজ্ঞানীদের সংক্ষিপ্ত সংজ্ঞায় সংস্কৃতি হচ্ছে Earned behaviour বা অর্জিত আচার আচরণ। বঙ্গসন্তানের অর্জিত আচরণকে আমরা দেখতে পাই তার লুপ্তপ্রায় কিছু উৎসব, জীবনাচরণের কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষেত্রে ‘বাস্তব ও মানসিক সমস্ত কৃতি বা সৃষ্টি লইয়াই সংস্কৃতি—মানুষের জীবন-সংগ্রামের মোট প্রচেষ্টার এই নাম’ ঔপনিবেশিক প্রশাসক রিজ্লি যেমন বলেছিলেন, ‘আবহাওয়া আর কীটপতঙ্গ অতীতের সমস্ত নিদর্শনকে ধ্বংস করেছে তা ঠিক, কিন্তু, যেটুকু বাকি ছিল তাকে রক্ষা করতে মানুষের কোন চেতনাই ছিল না। এই শূন্যতার মধ্যে থেকে ইতিহাসকে খুঁজে বার করতে অনুমান নির্ভর হতে হয়েছে’ (দাশগুপ্ত ২০০৯: ১৬)। এখানে অনুমান নির্ভর বলার চেয়ে যুক্তি নির্ভর বলাই শ্রেয়। কেননা যৌক্তিক কারণেই এই অঞ্চলের মানুষ কোনকিছুর নথিভুক্তিকে গুরুত্বপূর্ণ মনে করেনি। নথিভুক্তিকরণ একটি দখলদার মানসিকতার সংস্কৃতি যা থেকে চিরকালই বাঙলা নিজেকে গুটিয়ে রেখেছে। যদিও পরবর্তীকালে নথিভুক্ত দলিলাদি না থাকার জন্য প্রচণ্ড হাহুতাশের ঘটনাও কম নয়, কিন্তু এর সবই অন্যদের দেখিয়ে দেয়া, শিখিয়ে দেয়া আচরণ, অন্যথায় বঙ্গীয় সংস্কৃতিতে নথিকরণের কোন সচেতন প্রয়াস এবং প্রয়োজন দুটোই অনুপস্থিত।

এসব কারণে আবার তাকে অপবাদও সইতে হয়েছে এবং হচ্ছে বিভিন্ন দিক থেকেই। বাঙলাকে ঘৃণার আবরণে হিংসার ইতিহাসও সুবিদিত। যুগে যুগেই দখলদার শক্তি কোন পর্যায়ে ব্যর্থ হলে নানা কৌশলে বদনাম রটিয়েছে বাঙালির। ফলত অর্থনীতি-রাজনীতি-নৃতত্ত্ব-সমাজনীতি-দর্শন-শিল্প-সাহিত্য ইত্যাদি প্রায় সকল বিষয়েই ভুল তথ্য-উপাত্তকে বিশ্বাসযোগ্যভাবে পরিবেশন করা হয়েছে।

যার ফলে আমরা ইতিহাসে দেখতে পাই বাঙলার মানুষসহ সব কিছুই অর্বাচীন। অথচ বিষয়গুলো বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি। আর্থার কীথ যেমন খুব দৃঢ়তার সঙ্গেই বলেছেন যে, ‘কেরালার বাসিন্দাদের উল্লেখ আছে ‘চিরাপদ’ এ, এমনও হতে পারে এই মানুষগুলোই কোন এক সময়ে পূর্ব থেকে শিকড় ছিঁড়ে চলে গেছেন দক্ষিণ পশ্চিমে, অথবা এরা হয়তো কোন আদিবাসী হিসেবেই ছিল পরে তাদের বিলুপ্তি ঘটে। এই সম্প্রদায়গুলি হয়তো, ইতিপূর্বে বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন (কীথ ১৯৬৯: ২০০)। বাঙলার প্রাক-রাষ্ট্রীয় আদিবাসী সমাজের যা কিছু আমরা জানতে পারি, তার অধিকাংশই নৃতাত্ত্বিত আবিষ্কার থেকে।

১৯৫৯ থেকে বাঙলার সমভূমি যেখানে বাঙলার বিভিন্ন প্রান্তে মিশেছে ছোটনাগপুরের পাহাড়ী অঞ্চলের সঙ্গে, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, বর্ধমান, বীরভূমের মতো পশ্চিমের জেলাগুলোতে, বিশেষ করে শুশুনিয়া পাহাড় ও সুবর্ণরেখা নদী উপত্যকায় প্রচুর প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক নিদর্শন পাওয়া গেছে। এতে বোঝা যায় কিভাবে, সময়ের বিবর্তনে, আদিবাসী অর্থনীতি ছিল যা শিকার ও সংগ্রহ নির্ভর তার বিকাশ হয়েছে।

তারপর এল কৃষি অর্থনীতি। উদ্বৃত্তের জন্ম হলো। তামা ও লোহার আবিষ্কার হল সেই সময়ে। পশ্চিমবাংলায় এমন ৬০টি নিদর্শন পাওয়া গেছে, বিস্তৃত এলাকা জুড়ে, কখনো এক একর কখনো আট বা নয় একর। শুশুনিয়া চত্বরে ১৮৯৭টি পেলিওলিথিক উপকরণ মিলেছে, বেশিরভাগই কুঠার, মেসোলিথিক উপকরণ পাওয়া গেছে ৫৮২টি, নিওলিথিক ৪০টি। সবচেয়ে অগ্রসর প্রাচীন সমাজের প্রামাণিকতা সবচেয়ে কম (দাশগুপ্ত ২০০৯: ৫৩)। বর্ধমানের ভরতপুরের (১৪৫০ খ্রিষ্টপূর্বাব্দ) পর তৃতীয় প্রাচীনতম স্থান বর্ধমানের পাণ্ডু রাজার ঢিবি (১১৮০ খ্রিষ্টপূর্বাব্দ), বীরভূমের মহিষাদল (১২৮৫ খ্রি. পূ.)। প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের ফলে এমন কিছু উন্নততর জীবনযাপনের নমুনা পাওয়া গেছে যা প্রায় অষ্টাদশ শতাব্দির গোড়ার দিকের জীবনধারার কাছাকাছি। চাল উৎপাদনের আধুনিক সংস্কৃতির যাবতীয় উপকরণই সেখানে পাওয়া গেছে ধারাবাহিকভাবে (দাশগুপ্ত ২০০৯: ৫৩)। 

আর্কিওজেনেটিক্স বলছে একই সম্প্রদায়ের সিন্ধু সভ্যতার কথা। প্রত্নতাত্ত্বিক প্রমাণ ও যুক্তির সাহায্যে খুব সহজেই বোঝা যায় বঙ্গসন্তানগণ একটি উন্নত সংস্কৃতির ধারক ও বাহক। এই অঞ্চলের মানুষ জীবনবোধে কিংবা সংস্কৃতিতে অপরাপর সভ্যতা থেকে কোনো অংশেই পিছিয়ে ছিল না। জীবনবাদী এই জনগোষ্ঠী পুজা অর্চনা অলৌকিকতার উপরে কখনোই পুরোপুরি ভর করে নির্ভার হাত গুটিয়ে বসে থাকে নি। সাংখ্যকেই সে তার দর্শনরূপে এবং যোগকেই তার সাধনপদ্ধতি রূপে গ্রহণ করেছে। তন্ত্রকেই সার বলে মেনেছে। দেহে-মনে আত্ম-অধিকার প্রতিষ্ঠাকেই জীবনকাঠি বলে জেনেছে। আর যোগ-তান্ত্রিক কায়া-সাধনার মাধ্যমে সে কামনা করেছে দীর্ঘ জীবন ও অমরত্ব। এ-জীবনকে সে প্রত্যক্ষ করেছে চলচঞ্চল ও তরঙ্গভঙ্গে লীলাময় মন-পবনের নৌকারূপে (শরীফ ২০০৪: ৪৯)।

তন্ত্র-যোগ-সাংখ্যের ইতিহাস ও সংস্কৃতি এবং বঙ্গের ইতিহাস ও সংস্কৃতি গভীরভাবে সংযুক্ত। যদিও এদের প্রত্যেকেই বহুল পরিমাণে বিকৃতির শিকার হওয়ায় এদের মূল পরিচয়টি উদ্ধার করা একটি জটিলতম কর্ম কিন্তু বঙ্গভূমির সংস্কৃতিকে বোঝাপড়ার জন্য সাংখ্য-তন্ত্র-যোগের সংস্কৃতির অধ্যয়ন জরুরিকর্ম। এখানে ধর্ম সাধারণ লোকের কালচার, আর কালচার শিক্ষিত, মার্জ্জিত লোকের ধর্ম।

কালচার মানে উন্নততর জীবন সম্বন্ধে চেতনা-সৌন্দর্য, আনন্দ ও প্রেম সম্বন্ধে অবহিতি (চৌধুরী ২০০৮: ৯)। জীবনের স্বাদ ও সৌন্দর্যকে উপলব্ধি-উপভোগ করার প্রয়োজনে বঙ্গের মানুষ নিজেকে এবং নিজের পারিপার্শ্বিক বিষয়াদিকেও একইভাবে বিন্যস্ত করেছিল, যা কালের বিবর্তনে অনেকটাই মলিন হয়ে গেছে। বাহ্যিক ব্যবহারিক জীবনের বাইরে প্রাচীন বঙ্গীয় সংস্কৃতির অন্যতম প্রধান চর্চার বিষয় মানসিক উৎকর্ষ সাধনের অন্যান্য বিষয়াবলী।

লোকায়ত মানুষেরা খুঁজে ফিরেছে অস্তিত্বের জটিলতম প্রশ্নে উত্তর। সাংখ্যের বিস্তারে তার প্রমাণ পাওয়া যায়। সাংখ্য প্রবক্তা কপিলমুনির জন্মস্থানও প্রাচীন বাঙলা। কর্ষিত মননের এই উন্নত জীবন-দর্শন ও সমৃদ্ধ সংস্কৃতির বাঙালি মানুষেরা এই ভূভাগের আদর্শ হিসেবেই বিরাজমান ছিল দখলদার বহিরাগতদের লোলুপ দৃষ্টি পড়ার পূর্ব পর্যন্ত।


কেকে/সাশ 




আরও সংবাদ   বিষয়:  বঙ্গীয় সংস্কৃতি  
মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close