ভাবুন তো, এমন এক নিঃসঙ্গতা আপনাকে গ্রাস করে ফেলছে, যা থেকে আপনি একদমই বের হতে পারছেন না। আপনি ভাবছেন বেরিয়ে আসবেন, কিন্তু দরজা অব্দিও যেতে পারছেন না। আপনার পাশে একটি জানালা। দেখছেন লোকজনের যাতায়াত, রেইনট্রির ফাঁক গলিয়ে পড়া রোদ। অথচ রোদও আপনার কাছে পৌঁছাতে পারছে না। আবদুর রহমানকে অসীম নিঃসঙ্গতা ঠিক এভাবেই গ্রাস করে।
প্রতিদিনকার নিয়মে সে অফিস করে। সন্ধ্যাবেলা টিএসসিতে গিয়ে স্বপন মামার দোকানে চা খায়। সাড়ে এগারোটায় বাসায় ফেরে। হাই-হ্যালো যে কারো সাথে হয় না, এমন না। কেউ হয়তো জিজ্ঞেস করে, ‘রহমান সাহেব, কেমন চলছে আপনার দিনকাল?’
সে মুখে একটা মুচকি হাসি এনে হয়তো বলে, ‘এই তো চলছে। আপনার ভালো যাচ্ছে তো?
এভাবে তিন থেকে চারটি বাক্যের বেশি সংলাপ এগোয় না। এমন না যে রহমান কথা বলতে চায় না। তার ভেতরে অসংখ্য কথা লতাগুল্মের মতো ছড়িয়ে একটা পরিত্যক্ত বাগানের রূপ নিয়েছে। কিন্তু সে তা কারো কাছে উগড়ে দিতে পারে না। রহমান এই চাপা স্বভাব নিয়ে স্কুলজীবন পাড়ি দিয়েছে, কলেজজীবন কাটিয়েছে, ভার্সিটির জীবনও শেষ করেছে। শুনতে অতি আশ্চর্যের মনে হলেও এত বিচিত্র জীবন শেষেও ওর কোনো বন্ধু জোটেনি। তারা ওর ক্লাসমেট, ব্যাচমেট কিংবা কোর্সমেটই রয়ে গেছে। গ্রুপ স্টাডিতেও সে প্রস্ফুটিত হতে পারেনি। নিজের গরজে কয়েকজন এসেছিল তার নিঃসঙ্গতা ভাঙতে। কিন্তু তারা দুর্ভেদ্য প্রাচীর ভেদ করে কেউই ভেতরে ঢুকতে পারেনি। তারপর তারা জীবনের নিয়মে ছড়িয়ে গেছে যার যার মতো।
দেখা গেছে, শার্লিন ঘেঁষাঘেঁষি শুরু করলে রহমান আরও আড়ষ্ট হয়ে ওঠে। শার্লিনের প্রচেষ্টার কোনো কমতি ছিল না। এভাবে কয়েক দিন চলার পর ও ত্যক্ত হয়ে ওঠে। ওর মনে হতে থাকে, সে নিষ্প্রাণ এক বৃক্ষে অনর্থক জল ঢেলে যাচ্ছে। সেই জল বৃক্ষকে কখনো সপ্রাণ করে তুলবে না। অনেক চেষ্টা করেও রহমানের মুখমণ্ডলের তর্জমা সে করতে পারেনি। রহমানের জন্য তার মনে বিশেষ জায়গা তৈরি হলেও সেখানে রহমান কখনো পৌঁছাতে পারেনি। শার্লিনের কাছে যেটা বেশি লক্ষণীয় ছিল, ওর উপস্থিতি রহমানের মুখে একটা বিরক্তির অভিব্যক্তি ফুটিয়ে তুলত। এরপরও কিছুদিন মেশামেশি চলতে থাকে।
একদিন পড়ন্ত বিকেলে সূর্য যখন ঢুলুঢুলু করছে, শার্লিন গিয়ে বসে রহমানের পাশে। রহমান তখন নির্লিপ্ত চোখে তাকিয়ে আছে লেকের দিকে। শার্লিন খুব শান্ত গলায় বলে, ‘রহমান, এত এত দিন ধরে তোমার সাথে মিশি, এখন পর্যন্ত তুমি আমার কাছে সহজ হতে পারোনি। বলোনি একটা পূর্ণ প্যারাগ্রাফ। ইমোশনের এতটুকুও তুমি ছুঁতে পারোনি। একটা জড়পদার্থের মতো থেকে গেছ।’
বলতে বলতে শার্লিনের কণ্ঠ ভারী হয়ে ওঠে। কথা জড়িয়ে যেতে শুরু করে। আর কথা বাড়ায় না। উঠতে উঠতে শার্লিন বলে, ‘রহমান, তুমি ভালো থেকো।’
তখনও রহমান নির্লিপ্তভাবে বসে থাকে। হাত দিয়ে চোখ মুছতে মুছতে চলে যায় শার্লিন—লেক পার্ক থেকে, রহমানের থেকে। নিঃসঙ্গতাই রহমানের নিয়তি। শার্লিনকে কত কথা বলতে চেয়েছে, ভেবেছে বলবে, শেষমেশ পারেনি। শার্লিন কাছে আসলে আপনাআপনি জড়পদার্থ বনে যেত। তার মানে এই নয় যে ওর ভেতরে কোনো অনুভূতি ছিল না। ছিল, ঢের বেশিই ছিল। শার্লিনের প্রস্থানে রহমান আরও অসহায় হয়ে পড়ে। একা একা রাত জাগতে শুরু করে। বারান্দায় বসে চাঁদ দেখে, তারা দেখে। ওর মনে হতে থাকে চাঁদ-তারাও বুঝি ওর মতো। ওদেরও হয়তো দুঃখ আছে যা ওর মতোই বলতে পারে না।
এভাবে কেটে যায় আরও দশটি বছর। পরিবার বলতে আছে শুধু ওর বাবা আবদুল খালেক, যিনি রিয়েল এস্টেট বিজনেস করেন। ওর মা মারা যায় ও যখন কিন্ডারগার্টেনে পড়ে তখন। পরে বাবা দ্বিতীয় বিয়ে করেন। ওর সৎ মা ওকে একদমই সহ্য করতে পারতেন না। কলেজ পর্যন্ত ও পরিবারের সঙ্গেই ছিল। ভার্সিটিতে উঠে মেসে চলে যায়। বাবার সঙ্গে ওর সম্পর্ক কখনোই হৃদ্যতার ছিল না। বাবাকে সবসময়ই ভয় পেত। বাবার কাছে গেলে ভয়ে জড়োসড়ো হয়ে উঠত। এখনও মুখোমুখি হলে তেমনি হয়।
রহমান একটি বিমা কোম্পানিতে চাকরি করে। অফিসের বস ওর ওপর সন্তুষ্ট। নিয়মমাফিক অফিসে যায়, রিপোর্ট জমা দেয়। বাইরে থেকে দেখলে রহমানকে একজন সফল তরুণ ছাড়া অন্য কিছু ভাবার উপায় নেই। কিন্তু রহমান নিজেকে তা ভাবে না; নিজেকে কল্পনা করে ব্যর্থ মানুষ হিসেবে। নিজের কাছে সে চূড়ান্ত ব্যর্থ।
একদিন বাসায় ফিরছে রহমান। হাঁটছে বেখেয়ালে আপনমনে। ওর বাসার তিন বিল্ডিং আগে একটি বেড়ালছানা ‘ম্যাও ম্যাও’ করতে করতে ওর সামনে এসে ওর পায়ের ওপর শুয়ে পড়ে। বেড়ালছানার আর্তচিৎকারে সম্বিত ফিরে পায় রহমান। প্রথমে থতমত খেলেও পরে মায়া হয়। বেড়ালছানাটিকে বাসায় নিয়ে যায়। ও জীবনে প্রথমবারের মতো আরেকটা প্রাণের দায়িত্ব নেয়। কাঁচাবাজার থেকে মাছ, ব্রয়লার মুরগির পাখনা, ঘিলা-কলিজা এনে সেদ্ধ করে বেড়ালছানাকে খাওয়ায়। অফিস শেষে তড়িঘড়ি করে বাসায় ফিরে আসে। এখন আর তেমন টিএসসিতেও যায় না। বেড়ালছানাটি ওর জীবনে আসার পর থেকে নিঃসঙ্গতাবোধটি উধাও হতে থাকে। জীবনে প্রাণচাঞ্চল্য চলে আসে। বেড়ালছানাটির নাম দেয় পিউ। পিউকে ঘিরে বেঁচে থাকার এক নতুন অর্থ তৈরি হয়। ইদানীং ছুটির দিনেও কোথাও যায় না, পিউর সঙ্গে কাটায়। সকল ব্যর্থতা ভুলে আনন্দে মেতে থাকে রহমান-পিউ।
বাইরের রহমান আর বাসার রহমান দুজনই আলাদা। বাইরে রহমান পরিপাটি, খানিকটা সামাজিক, সফল এমপ্লয়ি। ভেতরের রহমান প্রাণীজগতের অদ্ভুত কিসিমের প্রাণী বনে গেছে। পিউকে ও ঘণ্টার পর ঘণ্টা কথা শোনায়। পিউর ‘ম্যাও ম্যাও’-এরও অর্থ তৈরি হয় ওর কাছে। রহমান যখন কথা বলে পিউ তখন কর্মশালার মনোযোগী শ্রোতার মতো চোখ নিবদ্ধ করে রহমানের চোখের ওপর। পিউ যতটা না রহমানের মুখের ভাষা বুঝত, তার থেকে ঢের বেশি বুঝত চোখের ভাষা। রহমানও তাই। দিনে দিনে ওরা আরও কাছের হয়ে ওঠে। রহমানের সকল নির্দেশনা মেনে চলে পিউ। কখনো-সখনো এটা-ওটা এনেও দেয়, সামর্থ্যে যা কুলোয় আরকি।
একদিন রহমান টিএসসিতে যায়, বাসায় ফিরতে সাড়ে এগারোটা বেজে যায়। সে রাতে পিউ রহমানের ওপর অভিমান করে ডাইনিং টেবিলে বসে থাকে। দু-একবার রহমান পিউকে কোলে নিয়েও আসে, তাতে পিউ আরও ক্ষেপে যায়, এটা-ওটা ভাঙা শুরু করে। পিউর এমন আচরণে রহমান চটে যায় না। ওর অভিমান ভাঙানোর জন্য দু-ঘণ্টা ধরে চেষ্টা করে। রাত যখন সাড়ে তিনটা তখন পিউর অভিমান কমতে শুরু করে। ফের জড়াজড়ি করে ঘুমিয়ে পড়ে। কোনোদিন রহমান চমকে দেয় পিউকে, আবার কোনোদিন পিউ চমকে দেয় রহমানকে। ওদের বাসায়ও কেউ আসে না। যেহেতু রহমানের কোনো বন্ধু নেই, আর রহমান নিজের রান্না নিজেই করে খায়, ঘরদোরও নিজেই মোছেÑসেহেতু বাইরের কারো আসার প্রশ্নই জাগে না। সুতরাং ওদের খুনসুটিও কারো নজরে আসে না।
রহমানের অনুপস্থিতিতে পিউ রহমানের পিসিতে বেড়ালদের ফানি ভিডিও দেখে। এসব রহমানই ছেড়ে দিয়ে যায়। এতদিনে পিউ পজ ও নেক্সটে চাপ দিতে শিখেছে। রহমানের না থাকা সময়টা পিউ এভাবেই কাটায়। কখনো কিছু নোংরা করে না। শুধু ডাইনিংয়ে গিয়ে যতটুকু খাবে খেয়ে ফের বেডরুমে পিসিতে বসে পড়ে। বাসায় ফেরার সময় প্রতিদিনই রহমান নতুন কিছু না কিছু নিয়ে আসে। এভাবে ওদের জীবন ভালোই চলছিল। রহমান ভুলেই গেছিল তার নিঃসঙ্গতা, তার আড়ষ্টতা। ভেতরে যে কথাগুলো লতাগুল্মের রূপ নিয়েছিল তাও তো পিউকে বলে ফেলে। এমন সুখের যাপন রহমানের কোনোকালেই ঘটেনি। পিউ ওর জীবনের আশীর্বাদ, নিঃসঙ্গতাকে ভেঙে চুরমার করে দেওয়া মসীহা।
কিন্তু নিঃসঙ্গতাই যার নিয়তি, সে কীভাবে এত সহজে মুক্ত হবে? রহমান খেয়াল করে পিউ আর আগের মতো নেই। এক বিষণœতা পিউকে গ্রাস করে ফেলছে। রুমের এক কোণে সারাক্ষণ ঝিমাতে থাকে। প্রথম দু-দিন বিষয়টা স্বাভাবিক মনে হলেও তৃতীয় দিন ডাক্তারের কাছে নিয়ে যায়। জানা যায় পিউ এক বিরল রোগে আক্রান্ত। বেশি দিন বাঁচার সম্ভাবনা নেই। ইনজেকশন দিয়ে বাড়িতে নিয়ে আসে। এক সপ্তাহ ছুটি নেয় অফিস থেকে। পিউ খাওয়াদাওয়া একেবারেই ছেড়ে দেয়। রহমান পিউর যতœআত্তির কোনো কমতি রাখে না। যতœ দিয়েই কি আর সব রোগ সারানো যায়? যায় না।
এক রাতে দুবার বমি করে পিউ। রহমান পরিষ্কার করে বসে থাকে পিউর পাশে। একসময় দেখা যায় মুখ থেকে ফেনা বেরিয়ে উল্টে সোজা হয়ে যায় পিউ। রহমানের বুঝতে বাকি থাকে না পিউ আর নেই। পিউর মৃত্যু রহমানের জীবনকে আরও বিষিয়ে তোলে। ভেতরে ভেতরে মরতে থাকে রহমান।
একসময় সে খেয়াল করে তার আর কোনো সামাজিকতাও ভালো লাগছে না। কাউকে সে দু-দণ্ড সহ্য করতে পারছে না। একপর্যায়ে চাকরিটা ছেড়ে দেয় রহমান। কাঁধে একটা ব্যাগ নিয়ে নেমে পড়ে পাহাড়ের উদ্দেশ্যে—আরও ঢের নিঃসঙ্গ হতে।
কেকে/সাশ