শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান      ● ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জে সর্বোচ্চ ৫৬      ● যুক্তরাষ্ট্রে ঝড়ের আঘাতে ১০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন, বিপর্যস্ত বিমান চলাচল      ● সরকারি দলের হস্তক্ষেপ ছাড়াই পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ: শ্রমমন্ত্রী      ● পলাতক ফ্যাসিস্টরা রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী      ● জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের      ● মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১      
জীবনানন্দ
২০৩ নম্বর কক্ষ
সফিকুল ইসলাম সবুজ
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২:৪২ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

— দোস্ত, এই নে, তোর ভালোবাসা তোর কাছে ফিরিয়ে দিলাম। কথাটা বলেই শিমুল মেয়েটির হাতটি বন্ধুর হাতে তুলে দিল।

মেয়েটির চোখে তখন অঝোরে পানি। ছেলেটি নির্বাক। আর যে মানুষটি কয়েক মুহূর্ত আগেও নিজের ভালোবাসার মানুষটির হাত ধরে ছিল, সে তখন ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যাচ্ছে। পেছন থেকে কাঁপা কণ্ঠে ডাক এলো-

— শিমুল, যাসনে!

শিমুল থামল। পেছনে ফিরে তাকাল।

— তুই খুব আবেগী মানুষ, শিমুল। আমি জানি, তুই এই কষ্ট সহ্য করতে পারবি না। তুই কি সত্যিই পারবি আমাকে এভাবে ছেড়ে দিতে?

শিমুল ঠোঁটে একটুখানি হাসি ফুটিয়ে বলল— আমার কোনো কষ্ট নাই রে। তোরা সুখী হলেই আমি ভালো থাকব। তারপর সে বেরিয়ে গেল। পেছনে পড়ে রইল কলেজের ২০৩ নম্বর কক্ষ।

২০০২ সাল। গ্রামের এক শান্ত-স্নিগ্ধ পরিবেশে সবেমাত্র যাত্রা শুরু করেছে একটি ইন্টারমিডিয়েট কলেজ। নাম মায়াহাট মহাবিদ্যালয়। সবেমাত্র প্রতিষ্ঠিত হয়েছে। সেই কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী শিমুল। তার ভাই-বোন নেই। ছোটবেলা থেকেই এই অভাবটা তাকে ভীষণ কষ্ট দিত। তার সারাদিনের গল্পগুলো শেয়ার করার মতো কেউ ছিল না।

শিমুলের বন্ধু কাকন। এই কলেজে তাদের পুরোনো পরিচিতদের মধ্যে ছিল নয়নতারা। কলেজের শুরু থেকেই এই দুজনের সঙ্গে শিমুলের বেশি ওঠাবসা। কাকন ছিল আড্ডার মানুষ। আর নয়নতারা ছিল একটু অন্য রকম। পড়াশোনায় বেশ ভালো। ক্লাসের নোটস গোছানো, পড়া বুঝিয়ে দেওয়া, পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে করিয়ে দেওয়া— এসব কাজে তার জুড়ি ছিল না।

শিমুল পড়াশোনায় খুব একটা ভালো ছাত্র ছিল না। গড়পড়তা মানের। বইয়ের চেয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা, গল্প আর খেলাধুলাতেই তার আগ্রহ বেশি ছিল। নয়নতারা প্রায়ই তাকে বকত।

— শিমুল, এভাবে পড়াশোনা করলে হবে? সারাদিন শুধু আড্ডা আর খেলা!

শিমুল হাসিমুখে বলত— তুই তো আছিস! তোর নোটস পেলেই আমার পড়া হয়ে যাবে।

— সব সময় অন্যের নোটস দিয়ে কি জীবন চলে?

— না চললেও আপাতত আমার জীবনটা তোর নোটস দিয়েই চলছে!

নয়নতারা মুখে বিরক্তি দেখালেও মনে মনে হাসত। এভাবেই কখন যে বন্ধুত্বের মধ্যে অন্য রকম একটা অনুভূতি জন্ম নিতে শুরু করেছিল, তারা নিজেরাও বুঝতে পারেনি।

একদিন ক্লাস শেষে নয়নতারা নিজের খাতা গুছিয়ে নিচ্ছিল। শিমুল এসে পাশে দাঁড়াল।

— নয়ন, আজকের নোটসটা দিবি?

— আবার? কালকের নোটসগুলো পড়েছিস?

— পড়ব তো!

— তোর এই পড়ব তো কথাটা শুনতে শুনতে আমার কান পচে গেল।

— আচ্ছা, একটা কথা বলি?

— বল।

— তুই কি সব সময় আমার ওপর এত রাগ করিস?

নয়নতারা হেসে বলল— তুই যদি একটু ভালো ছাত্র হোস, তাহলে রাগ কম করব।

শিমুল একটু গম্ভীর হয়ে বলল— সত্যি বলছি নয়ন, আমি ভালো ছাত্র হতে চাই।

— তাহলে মন দিয়ে পড়।

— তুই পাশে থাকলে পারব।

নয়নতারা এবার তার দিকে তাকাল। 

— আমি তো আছিই। তাতে আবার কী?

শিমুল একটু থেমে বলল— শুধু পড়াশোনার জন্য নয়। তুই পাশে থাকলে আমার সবকিছু ভালো লাগে। তোকে না দেখলে দিনটা কেমন অসম্পূর্ণ লাগে। তোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে, তোর কাছে নিজের সব কথা বলতে ইচ্ছে করে।

নয়নতারা চুপ করে রইল। শিমুল সাহস করে বলল— নয়ন, আমি তোকে ভালোবেসে ফেলেছি। তুই কি আমাকে সেই ভালোবাসার মানুষ হওয়ার সুযোগ দিবি?

নয়নতারা কিছুক্ষণ মাথা নিচু করে রইল। তারপর মৃদু হেসে বলল,
— তুই তো দেখি পড়াশোনার পাশাপাশি প্রেম করতেও শিখে গেছিস!

শিমুল হেসে বলল— প্রেম করতে শিখিনি। শুধু তোকে ভালোবাসতে শিখেছি।

সেদিন নয়নতারা আর কিছু বলেনি। তবে তার নীরবতাই শিমুলের কাছে এক ধরনের সম্মতি হয়ে এসেছিল।

পরদিন কলেজে এসে শিমুল দেখল, নয়নতারা তার জন্য কিছু নোটস লিখে এনেছে। খাতাটা এগিয়ে দিয়ে বলল— এই নে, গতকালের পড়াটা লিখে এনেছি। ভালো করে পড়বি।

শিমুল খাতা হাতে নিয়ে বলল— তুই আমার জন্য এত কষ্ট করিস কেন?

— কারণ তুই পড়াশোনা করিস না।

— শুধু এই কারণেই?

— আর কী কারণ থাকতে পারে?

— আমার মনে হয়, তুই আমাকে একটু বেশি ভালোবাসিস বলেই এত যত্ন করিস।

নয়নতারা চোখ রাঙিয়ে বলল— বেশি কথা বলবি না। পড়তে বস।

শিমুল খাতার প্রথম পাতায় তাকিয়ে দেখল, ওপরের দিকে খুব সুন্দর করে লেখা আছে, “শিমুলের জন্য”।

নয়নতারা প্রায়ই রাত জেগে শিমুলের জন্য নোটস তৈরি করত। পরদিন সকালে খাতা হাতে দিয়ে বলত— কাল রাতে অনেক কষ্ট করে লিখেছি। হারিয়ে ফেলিস না যেন।

শিমুল বলত— তুই এত রাত জেগে আমার জন্য লিখিস, তোর ঘুম পায় না?

— পায় তো! কিন্তু তুই তো পড়াশোনা করিস না। তাই বাধ্য হয়ে করতে হয়।

— আমার জন্য এত কষ্ট করিস, আমি তোকে কী দেব?

— পরীক্ষায় ভালো ফলাফল।

— আর কিছু চাইবি না?

নয়নতারা হেসে বলত— আপাতত এটাই চাই।

সেই সময় শিমুল বুঝতেও পারেনি, একদিন এই হাতের লেখাই তার জীবনের সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়াবে।
এভাবেই দেখতে দেখতে তাদের সম্পর্কের বয়স প্রায় তিন মাস হয়ে গেল। তিন মাস খুব বেশি সময় নয়। কিন্তু কারও কারও জীবনে এক মাসও অনেক বড় হয়ে ওঠে। শিমুলের কাছে এই তিন মাস ছিল জীবনের এক নতুন অধ্যায়। এখন কলেজে যাওয়ার একটা আলাদা তাড়া থাকে। ক্লাসে নয়নতারাকে দেখার অপেক্ষায় থাকে। বাড়ি ফেরার আগে একবার কথা বলে নেওয়ার ইচ্ছে থাকে। কোনো দিন দেখা না হলে মন খারাপ হয়। সে ভাবতে শুরু করেছিল, তার জীবনের একাকিত্ব বুঝি এবার শেষ হতে চলেছে। তবে একটি খবর সবকিছু বদলে দিল—

একদিন অন্য কলেজে পড়া তাদের পুরোনো ব্যাচমেট বন্ধু ইন্দ্রজিত এলো শিমুলদের কলেজে। এসে কথাবার্তার একপর্যায়ে সে বলল— শিমুল, তোর সঙ্গে একটা জরুরি কথা আছে।

— কী কথা?

ইন্দ্রজিত একটু ইতস্তত করে বলল— দেখ, কথাটা শুনে তুই কষ্ট পেতে পারিস। কিন্তু বন্ধুর দায়িত্ব থেকেই বলছি। নয়নতারা আগে থেকেই ফরহাদের সঙ্গে রিলেশনশিপে আছে।

শিমুল যেন কথাটা ঠিকমতো বুঝতে পারল না।

— কী বললি?

— হ্যাঁ। ফরহাদ আর নয়নতারার সম্পর্ক অনেক আগে থেকেই। তুই মাঝখানে এসে পড়েছিস। ফরহাদ তো এখন একেবারে ভেঙে পড়েছে। তাই আমাকে পাঠিয়েছে তোর সঙ্গে কথা বলার জন্য।

শিমুল কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল— তুই কি নিশ্চিত?

— হ্যাঁ।

— প্রমাণ আছে?

— অবশ্যই। পরে তোকে দেখাব।

সেদিনের মতো ইন্দ্রজিত চলে গেল। কিন্তু তার বলে যাওয়া কথাগুলো শিমুলের বুকে বিঁধে রইল।

নয়নতারা? তার নয়ন? এটা কি সত্যি হতে পারে?

যে মেয়েটি প্রতিদিন তাকে পড়াশোনার জন্য বকত, যে মেয়েটি রাত জেগে তার জন্য নোটস তৈরি করত, যে মেয়েটি তার জীবনে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন জাগিয়েছিল, সে কি সত্যিই অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িত?

খুঁজতে খুঁজতে নয়নতারাকে পাওয়া গেল মেয়েদের কমন রুমে। শিমুল তাকে ডেকে কলেজের একটি ফাঁকা রুমে নিয়ে গেল। দুজন মুখোমুখি বসল।

শিমুল সরাসরি জিজ্ঞাসা করল— নয়ন, তোর কি ফরহাদের সঙ্গে কোনো সম্পর্ক আছে?

নয়নতারা থমকে গেল। বলল— এসব কথা তোকে কে বলেছে?

— সেটা বড় কথা নয়। আমি শুধু তোর কাছ থেকে সত্যিটা জানতে চাই।

— শিমুল, তুই কি আমাকে অবিশ্বাস করিস?

— আমি তোকে অবিশ্বাস করতে চাই না, নয়ন। 

নয়নতারা তার হাতের ওপর হাত রেখে বলল— তাহলে আর কখনো এমন কথা বলবি না। আমাদের সম্পর্কটা অন্যের কথায় বিচার করিস না।

শিমুল তার চোখের দিকে তাকিয়ে বলল— ঠিক আছে। আমি তোকে বিশ্বাস করলাম। আর একটা কথা মনে রাখিস, কোনো দিন যদি আমার প্রতি তোর অনুভূতি বদলে যায়, আমাকে শুধু একবার সত্যিটা বলিস। আমি হয়তো কাঁদব, কিন্তু তোকে কখনো মিথ্যার মধ্যে আটকে রাখতে চাইব না।

দু-তিন দিন পর ইন্দ্রজিত আবার এলো। এবার আর কলেজের ভেতরে নয়। কলেজ গেটের বাইরে একটি চায়ের দোকানে দুজন বসল। ইন্দ্রজিতের হাতে একটি কাগজ। সে কাগজটি শিমুলের দিকে বাড়িয়ে দিয়ে বলল— দোস্ত, তোকে কষ্ট দেওয়ার জন্য এসব করছি না। তুই সত্যিটা জান, আমি সেটাই চাই।

শিমুল কাগজটি হাতে নিল। একটি প্রেমপত্র। যেটা ফরহাদকে উদ্দেশ্য করে লেখা। প্রথমে কাগজটির দিকে তাকিয়ে শিমুলের বুকটা ধক করে উঠল। তারপর ধীরে ধীরে চিঠির লেখাগুলো পড়তে শুরু করল।

এক লাইন। দুই লাইন। তারপর আর পড়তে পারল না। চিঠির প্রতিটি অক্ষর তার পরিচিত। এই হাতের লেখা তার অচেনা নয়। কত রাত জেগে নয়নতারা তার জন্য নোটস লিখেছে! কত খাতা সে হাতে পেয়েছে! কতবার সেই লেখার দিকে তাকিয়ে পড়েছে!

যে হাতের লেখায় সে নিজের ভবিষ্যৎ খুঁজেছিল, সেই হাতের লেখাতেই আজ অন্য কারও জন্য ভালোবাসার বার্তা! শিমুলের মনে হলো, কেউ যেন তার বুকের ভেতর থেকে এক মুঠো হৃদয় ছিঁড়ে নিয়ে যাচ্ছে।

তারপর নিজেকে স্বভাবিক করার চেষ্টা করে বলল— দোস্ত, ভুলটা আমারই। আমি বিষয়টা জানতাম না। কাল ফরহাদকে নিয়ে আসিস। আমি ওদের দুজনকে একসঙ্গে করে দেব।

ইন্দ্রজিত বলল— তুই ঠিক আছিস তো?

শিমুল একটু হাসার চেষ্টা করল। বলল— বন্ধুর ভালোবাসা কেড়ে নিয়ে নিজের ভালোবাসা হয় না রে।

পরদিন শিমুল সকালেই কলেজে এসে হাজির। বন্ধুদের সঙ্গে কথা বলে আগেই কলেজের ২০৩ নম্বর কক্ষটি ফাঁকা করে রেখেছে। কিছুক্ষণ পর ইন্দ্রজিত ফরহাদকে সঙ্গে নিয়ে এলো।

শিমুল ফরহাদকে সহপাঠী সেলিমের কাছে বসিয়ে বলল— আমি বললে ওকে ২০৩ নম্বর রুমে পাঠিয়ে দিবি।

এরপর একজন মেয়েকে দিয়ে নয়নতারাকে ডেকে পাঠাল। নয়নতারা এসে হাজির। রুমে ঢুকে শিমুলকে একা বসে থাকতে দেখে বলল— কী হয়েছে? আমাকে এভাবে ডেকেছিস কেন?

শিমুল বসা থেকে উঠে দাঁড়াল।

— বস, নয়ন। আজ আমাদের একটা কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে।

নয়নতারা অবাক হয়ে তাকাল।

— কঠিন বাস্তবতা মানে? কী হয়েছে?

শিমুল একটু হাসল। তবে সেই হাসিতে কোনো আনন্দ ছিল না।

— দেখ নয়ন, কে কী করেছি, কেন করেছি, এসব নিয়ে আর আলোচনা করতে চাই না। আমরা একসময় খুব ভালো বন্ধু ছিলাম। আমি চাই, এখনো যেন সেই বন্ধুত্বটুকু থাকে।

নয়নতারা আরও বিভ্রান্ত হলো।

— শিমুল, তুই কী বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না।

শিমুল এবার পকেট থেকে সেই চিঠিটি বের করল।

— নয়ন, আর লুকাস না। আমি তোর আর ফরহাদের সম্পর্কের কথা জেনে গেছি। শুধু শুনিনি, প্রমাণও পেয়েছি। তুই ফরহাদকে ভালোবাসিস। অথচ আমাকে কিছুই বলিসনি। তুই কি নিজেকে কষ্ট দিয়ে আমাকে করুণা করছিলি? আমার প্রতি মায়া হয়েছিল বলে কি আমার ভালোবাসা মেনে নিয়েছিলি?

কথাগুলো বলতে বলতে শিমুলের গলা ভারী হয়ে আসছিল।

— নয়ন, আমি তোকে ভালোবেসেছিলাম। তোর দয়া চাইনি। আমি চেয়েছিলাম তুই আমাকে ভালোবাসিস। তোর পাশে দাঁড়ানোর অধিকারটা তোর মন থেকে আসুক, করুণা থেকে নয়।

নয়নতারা মাথা নিচু করে বসে রইল। চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে।

শিমুল আবার বলল— সেদিন তোকে যখন জিজ্ঞাসা করেছিলাম, তুই বলেছিলি সব মিথ্যা। আমি বিশ্বাস করেছিলাম। জানিস কেন? কারণ আমি তোকে ভালোবাসতাম। আর ভালোবাসার মানুষের মুখের কথাকে অবিশ্বাস করতে ইচ্ছে করে না।
অনেকক্ষণ পর নয়নতারা খুব আস্তে বলল— শিমুল, আমি তোকে হারাতে চাই না।

— ধুর বোকা! আমাকে হারাবি কেন? আমি তো কোথাও যাচ্ছি না। আমি বন্ধু হয়ে তোদের পাশেই থাকব।

— কিন্তু...

— শোন, ফরহাদ তোকে অনেক ভালোবাসে। হয়তো আমার চেয়েও বেশি। তোরা দুজন ভালো থাক। তোদের সুখ দেখলে আমারও ভালো লাগবে।

নয়নতারা কিছু বলতে গিয়ে থেমে গেল। শিমুল বাইরে দাঁড়িয়ে থাকা বন্ধুকে ইশারা করল। ফরহাদকে ২০৩ নম্বর কক্ষে পাঠিয়ে দিতে বলল।

ফরহাদ রুমে ঢুকতেই নয়নতারা চমকে উঠে দাঁড়াল। সে হয়তো ভাবতেও পারেনি, এই ঘরে ফরহাদ আসবে। তার চোখে বিস্ময়, মুখে অস্থিরতা। শিমুল এবার দুজনের দিকে তাকিয়ে বলল— নয়ন, ভয় পাস না। আমি ফরহাদকে ডেকেছি।

তারপর ফরহাদের দিকে এগিয়ে গেল। বলল— দোস্ত, সরি রে। তোকে অনেক কষ্ট দিয়েছি। আমি জানতাম না তোদের সম্পর্কের কথা। আমাকে ক্ষমা করে দিস। বলেই ফরহাদকে জড়িয়ে ধরল।

ফরহাদও শিমুলকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। শিমুল এবার নয়নতারার দিকে তাকিয়ে বলল— তোরা কথা বল। যা কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, সব ঠিক করে নে। অনেক দিন তোরা কষ্ট পেয়েছিস। আজ থেকে আর কষ্ট পাস না।

তারপর নয়নতারার কাছে এগিয়ে গেল। এক মুহূর্তের জন্য থামল। যে হাতটা একদিন ভালোবাসার আবেগে নিজের হাতে তুলে নিয়েছিল, সেই হাতটাই আজ অন্য একজনের হাতে তুলে দিতে যাচ্ছে।

শিমুল ধীরে ধীরে নয়নতারার হাতটা ধরে ফরহাদের হাতে দিয়ে বলল— দোস্ত, এই নে, তোর ভালোবাসা তোর কাছে ফিরিয়ে দিলাম।

কথাটা বলতে গিয়ে তার ঠোঁটে হাসি ছিল। কিন্তু চোখের গভীরে জমে থাকা কষ্টটা হয়তো কেউ দেখতে পায়নি। সে দরজার দিকে পা বাড়াল।

ঠিক তখনই পেছন থেকে নয়নতারার কাতর কণ্ঠ ভেসে এলো— শিমুল!

শিমুল থেমে গেল।

— যাসনে! 

নয়নতারা কাঁদছে আর বলছে— তুই খুব আবেগী মানুষ, শিমুল। আমি জানি, তুই এই কষ্ট সহ্য করতে পারবি না। তুই কি সত্যিই পারবি আমাকে এভাবে ছেড়ে দিতে?

শিমুল কিছুক্ষণ চুপ করে রইল। তারপর মুখে সেই চেনা হাসিটা ফিরিয়ে এনে বলল— আমার কোনো কষ্ট নাই রে। তোরা সুখী হলেই আমি ভালো থাকব।

কথাটা বলেই সে বাইরে বেরিয়ে গেল। পেছনে পরে রইল কলেজের ২০৩ নম্বর কক্ষ।

কলেজের করিডর ধরে শিমুল হাঁটছে। চারপাশে পরিচিত মুখ। কেউ ক্লাসে যাচ্ছে, কেউ বন্ধুদের সঙ্গে গল্প করছে, কেউ মাঠের দিকে ছুটছে। সবকিছু আগের মতোই আছে। শুধু শিমুলের ভেতরটা আর আগের মতো নেই।

২০৩ নম্বর কক্ষ থেকে বেরিয়ে আসার পর এতক্ষণ সে নিজেকে শক্ত রেখেছিল। কিন্তু বুকের মধ্যে জমে থাকা কষ্টটা আর ধরে রাখতে পারছিল না। কাকন আগে থেকেই সবকিছু জানত। সে দূর থেকে শিমুলকে দেখছিল। তার এ অবস্থা দেখে দৌড়ে তার কাছে এলো। জড়িয়ে ধরল বন্ধুকে। 

পৃথিবীতে অনেক মানুষ আছে, যারা অন্যের চোখের পানি মুছতে জানে, অথচ নিজের চোখের পানি লুকিয়ে রাখতে রাখতে একদিন ভেতরে ভেতরে পাথর হয়ে যায়। শিমুলও হয়তো তাদেরই একজন। কিছু মানুষ জীবনে আসে ভালোবাসা দিতে, কিছু মানুষ আসে ভালোবাসা নিতে। নয়নতারা হয়তো শিমুলের জীবনে এসেছিল এক সুন্দর স্বপ্ন হয়ে। কিন্তু শিমুলের জীবনে সে রেখে গেল এক দীর্ঘশ্বাস।



কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  সাহিত্য   
মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close