ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ হাজার ৭৭৭ ভোট পেয়ে জামানত হারানো মো. আলমগীর হোসাইন তালুকদারকেই আবারও কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের উপনির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শনিবার (২৮ নভেম্বর) চরমোনাই মাহফিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের অস্থায়ী কার্যালয়ে দলের কেন্দ্রীয় মজলিসে আমেলার নিয়মিত মাসিক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন দলের মহাসচিব গাজী আতাউর রহমান।
মো. আলমগীর হোসাইন তালুকদার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের (ময়মনসিংহ বিভাগ) দায়িত্ব পালন করছেন। আগের নির্বাচনে প্রত্যাশিত ভোট না পেলেও আসন্ন উপনির্বাচনে দলটি তার ওপরই পুনরায় আস্থা রেখেছে।
বৈঠকে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ শেখ ফজলে বারী মাসউদ ও মুহাম্মদ নেছার উদ্দিন, সহকারী মহাসচিব আহমদ আবদুল কাইয়ুম, কেএম আতিকুর রহমান এবং শেখ ফজলুল করীম মারুফ।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন আলমগীর হোসাইন তালুকদার। ওই নির্বাচনে তিনি ১০ হাজার ৭৭৭ ভোট পান। তবে মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ ভোট না পাওয়ায় তার জামানত বাজেয়াপ্ত হয়। এবার সেই একই আসনের উপনির্বাচনে তাকেই আবারও প্রার্থী করল দলটি।
সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের ছেড়ে দেওয়া কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে আগামী ১০ জানুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার (২৫ নভেম্বর) ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৭ ডিসেম্বর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৮-১২ ডিসেম্বর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ১৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১০ জানুয়ারি।
জামানত হারানোর পরও একই প্রার্থীকে পুনরায় মনোনয়ন দেওয়ায় কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনি কৌশল ও ভোটের মাঠে দলটির অবস্থান নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
কেকে/এমএ