মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      
সাহিত্য
বরিশালের লোকভাষার স্বরূপসন্ধান
শাহ আলম ডাকুয়া
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১০:৩১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বরিশালের ‘লোকভাষা’ বা ‘লোকসংস্কৃতি’ এই অঞ্চলের জনগোষ্ঠীর মনন ও মানসিকতার পরিচায়ক। এ জনপদের ভাষা বাংলার অন্য জনপদগুলো হতে একটু ভিন্ন উচ্চারণে দেখা যায়। নদীভাঙন, চর ও বন্যার পানিতে ডুবে থাকা খেতখামারের জীবন অন্য অঞ্চল থেকে ভিন্নতর ও এই অঞ্চলের মানুষ বেশি রকম প্রত্যক্ষ করেছে। এই অঞ্চলের ভাষার যে টান- তা যেন অনেকটা জলকল্লোলেরই আরেক ধারা। পাশাপাশি একই সঙ্গে বসবাসরত বাওয়ালি, জেলে, পাটিয়াল, নইদ্দা, গাছি, ময়রা, ধুনারি, কাঁসারু, কুয়াইত্তা- এসব অন্য অঞ্চলে একই সঙ্গে দেখা পাওয়া ভার।

বরিশালের উত্তর জনপদ উজিরপুর, বাবুগঞ্জ, গৌরনদী, আগৈলঝাড়া এবং এর সংলগ্ন কোটালিপাড়া, ইদিলপুর, কালকিনি উপজেলা একসময় একটি পরগনার অধীন ছিল। তবে তৎকালের (৫ম-৯ম শতাব্দীর) প্রমত্তা সুগন্ধা নদীতীর ও অববাহিকায় উজিরপুর উপজেলার অবস্থান। কালে কালে সুগন্ধা দূরে সরে গিয়েছে, মরে গেছে। সুগন্ধার স্বল্প প্রবাহে আছে যা উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের মধ্য দিয়ে ঝালকাঠির দিকে প্রবাহিত। বর্তমানে সেই নদীর একটি প্রবাহ ‘সন্ধ্যা নদী’ হিসেবে উজিরপুর, বাবুগঞ্জের বুক চিরে প্রবাহিত- যা বানারিপাড়ার কাছ দিয়ে কচা নাম ধারণ করে পিরোজপুরের দিকে প্রবাহিত।

উজিরপুরের বিভিন্ন গ্রামের পরতে পরতে ছড়িয়ে আছে লোকসংস্কৃতির আদি উপকরণ। যা বরিশালের উপভাষা হিসেবে পরিচিতি লাভ করেছে। উজিরপুর থেকে সংগৃহীত ‘উজিরপুরের উচিত কথা’ বা লোকভাষা বা কথ্যভাষার একটি প্রচলিত রূপ তুলে ধরা হলো।

১.
‘হারাদিন খাইড্যাও মরি
আর খাইড্যার বাড়ি খাইয়াও মরি’ (সংগ্রহস্থান-মশাং গ্রাম/ওটরা ইউনিয়ন)

২.
‘মুই খাইড্যাও মরি
খাইড্যার বাড়ি খাইয়াও মরি’ (সংগ্রহস্থান- চাউলাহার/বড়াকোঠা ইউনিয়ন)
(একই লোকভাষাটি ভিন্ন গ্রামে একটু পরিবর্তিত রূপে দেখা যায়-কিন্তু মূল অর্থ ও ভাব একই।)
শব্দার্থ : 
হারাদিন=সারা দিন, খাইড্যা= খাটুনি/কাজ করা। খাইড্যার আরেকটি অর্থ যার ব্যবহার উজিরপুর এলাকার সব গ্রামেই দেখা যায়। খাইড্যা=গাছের গুঁড়ি/গাছের মোটা খণ্ড যা প্রতিটি মাটির ঘরের দরজায় সিঁড়ি হিসেবে ব্যবহার করা হয়। খাইড্যাটা পিড়ার সঙ্গে লাগানো থাকে, যাতে দরজা দিয়ে বের হওয়ার সময় পা রেখে বাইরে নামতে পারে মানুষ। আরেক প্রকার খাইড্যা আছে পুকুরপাড়ে গাছের আস্তা আস্তা গুঁড়ি ফেলে ঘাটলা তৈরি করা হয়- যে খাইড্যা ব্যবহার করে গোসলসহ বা অন্যান্য কাজ করে মানুষজন। মরি=মরা। বাড়ি=আঘাত লাগা, যেমন মাথায় বাঁশের বাড়ি খেয়েছে (এখানে বাড়ি-ঘর বুঝানো হয়নি।)

প্রেক্ষাপট : উজিরপুর এলাকার এই লোকভাষার প্রেক্ষাপট সত্যিই গুরু অর্থ বহনকারী প্রবাদের মতো। প্রেক্ষাপটের অন্তর্নিহিত অর্থ না বুঝলে বা না জানলে অন্য জেলা বা এলাকার লোকজন মূল বিষয়টি অনুধাবন করতে পারবে না। উপরের লোকভাষাটি উজিরপুর এলাকার প্রতিটি ঘরের নতুন বউয়ের মুখের ও অন্তরের কথা। নতুন বউ বাড়িতে এলেই শাশুড়ি, ননদ, দেবর-ভাশুররা নানা কারণেই বউয়ের কাজে খুঁত ধরে। যেমন শাশুড়ি বলে- ‘‘অ্যাহাও বউ- রানদনের পর ওস্যা ঘরডা একটু ঝাড়ু দিয়া থোবা না? তোমার বাপ-মায় কী কিছুই হিহায়নায়।’ ননদ এসে বলছে, ‘ভাবি- তোমারে মোর ছেলোরডা ধুইয়া থুইতে কইছিলাম। হারাদিন কীডা হরলা? ফাঁহি দেওয়া দেহি তোমার অইভ্যাস অইয়া গ্যাছে।’ এভাবে পরিবারের সদস্যরা জনে জনে নতুন বউকে কাজের জন্য তাগাদা দেয়, খোঁটা দেয়। নতুন বউ ক্ষোভে-দুঃখে বিরক্ত হয়ে এই লোকভাষাটি বলে থাকে। নতুন বউর ‘খাইড্যার বাড়ি খাইয়া মরা’ মানে- সারা দিন সংসারের কাজ করেও বদনাম হচ্ছে, কারো মন ভরছে না তার কাজে। তাকে ভর্ৎসনা শুনতে হচ্ছে শ্বশুর বাড়ির লোকজনের কাছ থেকে- এটাই বুঝানো হয়েছে। এই যে নতুন বউকে ভর্ৎসনা করা, কাজে খুঁত ধরা এটা চিরকালীন বাংলার প্রান্তিক মানুষের মনন-মানসিকতা। আর এই লোকভাষাটি এখন ছড়িয়ে পড়েছে বরিশাল বিভাগ তথা বাংলাদেশের অন্যান্য এলাকায়ও।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  বরিশাল   লোকভাষা  
মতামত লিখুন:
Loading...
Loading...

সাহিত্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close