মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
খোলাকাগজ স্পেশাল
রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার আকুতি
মো. নেজাম উদ্দিন, কক্সবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৩ এএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

২০১৭ সালে মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছিল প্রায় ১২ লাখ রোহিঙ্গা। তাদের নিজ দেশে পাঠাতে বিগত সরকার বেশ চেষ্টা করার পরেও কোনো সুরাহা করতে পারেনি। 

অন্তর্বর্তীকালী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত বছরের রমজান মাসে কথা দিয়েছিলেন ঈদের নামাজ রোহিঙ্গারা তাদের দেশে পড়তে পারবে। কিন্তু তিনি তা করতে ব্যর্থ হয়েছেন। এখন রোহিঙ্গা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৪ লাখের মতো। তারা তাকিয়ে আছে নতুন সরকারের দিকে। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় আশ্রয়শিবির গড়ে উঠেছে কক্সবাজারে। বিশ্বের সবচেয়ে বড় ক্যাম্প এখন উখিয়ার কুতুপালং।

কক্সবাজারের পাহাড়ঘেরা আশ্রয়শিবিরে আবারও নতুন আলোচনার ঝড়। বছরের পর বছর অপেক্ষার পর নতুন সরকারকে ঘিরে নতুন করে জেগেছে স্বদেশে ফেরার আশা। 

তবে বিশেষজ্ঞরা মনে করেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। আর প্রত্যাবাসন নিয়ে একটি ভালো পরিস্থিতিতে পৌঁছানো যাবে বলে জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন।

বাংলাদেশ বহুবার প্রত্যাবাসনের উদ্যোগ নিলেও নিরাপত্তা ও নাগরিকত্বের নিশ্চয়তা না থাকায় তা সফল হয়নি। কিন্তু গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর  থেকে প্রত্যাবাসন নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে আশ্রিত রোহিঙ্গাদের মাঝে। তারা আশা করছেন, শিগগিরই নাগরিকত্ব, নিরাপত্তা ও অধিকার নিয়ে স্বদেশে ফিরতে পারবেন।

উখিয়ার ক্যাম্প-১৬ এর বাসিন্দা আসমত উল্লাহ (২৪) বলেন, ‘ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় আমরা নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের ব্যাপারে অনেক আশাবাদী ছিলাম। তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি। বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় আসায় আমরা নতুন করে আশা করছি, একটি নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা মিয়ানমারে ফিরে গিয়ে যেন সুষ্ঠুভাবে পড়াশোনা করতে পারি এবং নাগরিকত্বের অধিকার, স্বীকৃতি ও আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত হয় সেই ভিত্তিতেই একটি টেকসই প্রত্যাবাসন চাই। এ বিষয়ে সরকারের কার্যকর উদ্যোগের প্রত্যাশা করছি।’

ক্যাম্প-১৮ এর বাসিন্দা আব্দুল হাই (৪৬) ১৯৯১-৯২ সালে বিএনপি সরকারের আমলে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে জানান, ‘বর্তমান সরকারও অতীতের মতো উদ্যোগ নিয়ে আমাদের নিরাপত্তার সঙ্গে স্বদেশে ফেরত পাঠাবে এমনটাই আশা করছি। আগের মতো কার্যকর পদক্ষেপ গ্রহণ করে বিএনপি সরকার আবারও রোহিঙ্গাদের প্রত্যাবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।’

বর্ধিত ক্যাম্প-৪ এর রমিজ উদ্দিন (২২) জানান, ‘আগের সরকারও বিভিন্নভাবে চেষ্টা করেছে, এটা আমরা স্বীকার করি। কিন্তু নানা কারণে আমরা এখনো নিজ দেশে ফিরতে পারিনি। বর্তমানে নতুন সরকার এসেছে, তাই আমরা নতুন করে আশাবাদী হয়ে অপেক্ষা করছি। অনিশ্চিত ভবিষ্যৎ আর স্বদেশে ফেরার স্বপ্ন বুনে দিন কাটাচ্ছেন কক্সবাজার আশ্রয়শিবিরের রোহিঙ্গারা। আমাদের মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে যেন স্বদেশে ফিরতে পারি এটাই আমাদের প্রধান আশা।’

বিশেষজ্ঞরা বলছেন, বাস্তবতা এখন আরও জটিল। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত পরিস্থিতি প্রত্যাবাসন প্রক্রিয়াকে কঠিন করে তুলেছে। তবে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য রাজনৈতিক ঐকমত্য এবং আন্তর্জাতিক চাপ বাড়িয়ে কূটনৈতিক তৎপরতা জোরদার করা যেতে পারে। পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান জানান, ‘মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি ও চলমান সংঘাত এখনো কোনো স্থায়ী সমাধানের দিকে এগোয়নি। এ কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় একটি জটিলতা রয়ে গেছে।’

তবে তিনি আশা প্রকাশ করে বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় রোহিঙ্গা সংকট মোকাবিলায় যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল, সেগুলোর ধারাবাহিকতা বর্তমান সরকারও বজায় রাখবে। বিশেষ করে, রোহিঙ্গাবিষয়ক দায়িত্বে থাকা ব্যক্তি বর্তমানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ফলে তিনি পূর্বে শুরু করা প্রক্রিয়াগুলো অব্যাহত রাখবেন বলেই বিশ্বাস করা হচ্ছে। এই ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যতে একটি ইতিবাচক ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব হবে।’

বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয়শিবিরে বসবাস করছে মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে আসা ১৪ লাখের বেশি রোহিঙ্গা নাগরিক।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  রোহিঙ্গা   নিজ দেশ   ফেরার আকুতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close