মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      
বিনোদন
‘শেষ চিঠিতে’ ছেলেকে যে কথা বলেছিলেন রাহুল
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৪:৫৫ পিএম
স্ত্রী-অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার ও ছেলে সহজের সাথে রাহুল

স্ত্রী-অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার ও ছেলে সহজের সাথে রাহুল

টালিপাড়ার বাতাস ভারী হয়ে উঠেছে সদ্য প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর সংবাদে। শুটিংয়ের সময় তার আকস্মিক মৃত্যু যেন কল্পনাকেও হার মানায়। এই মুহূর্তে রাহুলকে যখন শেষ বিদায়ের প্রস্তুতি চলছে, সে সময়ই একমাত্র সন্তান সহজকে লেখা অভিনেতার একটি খোলা চিঠি কাঁদাচ্ছে ভক্তদের।

‘ফাদারস ডে’-তে ছেলেকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখেছিলেন রাহুল। অভিনেতার মৃত্যুর পর হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ওই চিঠি। চিঠির প্রতিটি শব্দ আজ ভক্তদের হৃদয়ে বিঁধছে তীরের মতো। অনেক ভক্তই সামাজিক মাধ্যমে চিঠিটি শেয়ার করে লিখছেন ‘হৃদয়ে রক্তক্ষরণের গল্প’।

ছেলে সহজকে উদ্দেশ্য করে লেখা রাহুল অরুণোদয়ের ‘শেষ চিঠি’টি পাঠকের জন্য তুলে ধরা হলো-

এই চিঠিটা আজকে ‘ফাদারস ডে’ বলে লিখতে বসা। যদিও তোমার বাবা নিজে বেহদ্দ বাংলা মিডিয়াম। জীবনেও ‘ফাদারস ডে’, ‘মাদারস ডে’- এগুলো আলাদা করে জানতো না। কিন্তু কুঁজোর যেমন চিৎ হয়ে শুতে ইচ্ছে করে, আমারও আজকাল এসব উদযাপন করতে ইচ্ছা করে। আসলে কিছুই না, তোমাকে কাছে পাওয়ার অজুহাত।

আরও পড়ুন : 

জানো সহজ, আমি আর তোমার মা তখন থেকে বন্ধু, যখন তোমার মায়ের বয়স ১৪ বছর, আর আমার ২১। সব ধারাবাহিকে আমরা ভাই-বোন। যেহেতু ছোট, তাই আমাদের শট নেয়া হতো সবার শেষে। আমরা দুজন সেটের কোনায় বসে আড্ডা মারতাম।
 
তোমার মা ছিল বেহালার একজন অ্যাকাউন্টস শিক্ষকের মেয়ে, আর আমি খুব সাধারণ এক সরকারি চাকুরের ছেলে। আমরা দুজন ইন্ডাস্ট্রির কিছুই জানতাম না। শুধু জানতাম, মন দিয়ে অভিনয়টুকু করতে। তোমাকে এই গল্প কেন বলছি জানো?
 
যদি কখনও তুমি আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করো, তা হলে তুমি জানবে তুমি প্রিভিলেজড। যে প্রিভিলেজ একটি ১৪ বছরের মেয়ে এবং একটি ২১ বছরের ছেলে দিনের পর দিন অপমানিত হতে হতে অর্জন করেছে, ঘটনাচক্রে যারা তোমার বাবা মা।
 
এই ইন্ডাস্ট্রিতে সত্যিই যদি কাজ করতে ইচ্ছে হয়, আমি তোমাকে অনুরোধ করব প্রত্যেকটা মানুষকে তার প্রাপ্য সম্মান দিও। কারণ যে মানুষটি তোমাকে চা দিচ্ছেন, তিনি হয়তো তোমার বাবা-মাকেও ছোট দেখেছেন। উপার্জন আর ক্ষমতার আতসকাঁচ দিয়ে যারা মানুষকে দেখে, তাদের মতো অশিক্ষিত এই পৃথিবীতে কেউ নেই। এ রকম অশিক্ষায় তুমি বড় হবে না, বাবা হিসেবে এটুকু আশা করতেই পারি।
 
যে দিন আমরা প্রথম খবর পাই, তুমি আমাদের জীবনে আসছো, আমরা আনন্দে পাগল হয়ে গিয়েছিলাম। তোমার মা গুচ্ছের সব অ্যাপ ডাউনলোড করে ফেলল। প্রতিদিন আমাকে আপডেট দিত। এখন ওর সাইজ আপেলের মতো, এখন ওর সাইজ আনারসের মতো, আরও কত কী!
 
তারপর যখন তুমি হলে, তোমার মায়ের আরেকটা রূপ দেখলাম। তুমি জানো না হয়তো, তোমার মা তোমাকে কোনদিনও বাজারে পাওয়া বেবিফুড কিনে খাওয়ায়নি। সব নিজের হাতে রান্না করত। তোমার জন্য তোমার মায়ের অনেক সংগ্রাম, অনেক আত্মত্যাগ। তুমি কতটা মনে রাখবে, তা তোমার সিদ্ধান্ত।
 
গন্ডারের চামড়া ধার নিয়ে তবে সেলিব্রিটি হওয়া যায়, এ আমরা শিখে গেছি। শুধু তোমাকে বলছি, তোমার মায়ের লড়াইয়ের একটা আন্দাজ দেয়ার জন্য। আমরা, সন্তানেরা শুধু মায়ের বুকের ওমটুকু টের পাই, পিঠে কতগুলো ছুরি গাঁথা আছে দেখতে পাই না। মায়েরা তা সযত্নে লুকিয়ে রাখেন। তোমার মাও রেখেছে। কিন্তু আমি চাইব, তুমি সেই ক্ষতগুলোর যত্ন নিবে। মায়ের পিঠের ছুরিগুলো যদি সরাতে নাও পারো, তোমার একটু আদরই মায়ের জন্য যথেষ্ট হবে।
 
এখন প্রশ্ন হচ্ছে, আমি কোন হরিদাস পাল যে তোমাকে এত জ্ঞান দিচ্ছে? আমি তোর বাপ, দূর সম্পর্কেরই হই, বাপ তো বটে! সেই উপলক্ষে একটু জ্ঞান দেয়ার অধিকার আছে। আমি তোমাকে আমার ভাগের সব কটা নদী, পাহাড়, জঙ্গল উত্তরাধিকার সূত্রে দিয়ে যাচ্ছি। বইমেলার ধুলো, কলেজ স্ট্রিটের ফুটপাতগুলোকেও পৈতৃক সম্পত্তি ভাবতে পারো।
 
আর হ্যাঁ, তোমাকে দিয়ে দিলাম আমার একটা প্রচণ্ড অহংকারের জিনিস। আমার ভাষা, বাংলা। আর শুধু সেই বাংলা ভাষা নয়, যেটা আমরা দক্ষিণ কলকাতায় বলি। বাংলা তার সমস্ত উপভাষা, ডায়ালেক্ট নিয়ে যে প্রবল ঐশ্বর্যের অধিকারী, সেই সব ঐশ্বর্য তোমাকে দিয়ে দিলাম। সবই দিয়ে দিলাম, যা যা আমার।

প্রসঙ্গত, রোববার (২৯ মার্চ) তালসারিতে শুটিংকালীন পানিতে ডুবে মারা যান টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শেষ চিঠি   রাহুল অরুণোদয়  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close