বঙ্গের ধর্মীয় ও সামাজিক বিবর্তনের ইতিহাসে ইসলামের আগমন কেবল একটি সাধারণ ঘটনা নয়, বরং এটি একটি যুগান্তকারী মহাকাব্যিক অধ্যায়। এই পরিবর্তন কোনো আকস্মিক সামরিক বিপ্লব বা রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে রাতারাতি সম্পন্ন হয়নি; বরং এটি ছিল শতাব্দীর পর শতাব্দী ধরে চলমান একটি ধীর, সুসংহত এবং গভীর মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক প্রক্রিয়া।
ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায়, ১২০৪ খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজির রাজনৈতিক বিজয়ের কয়েক শতাব্দী আগে থেকেই এ অঞ্চলে ইসলামের পদধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল। প্রাচীনকাল থেকেই চট্টগ্রাম ছিল প্রাচ্যের অন্যতম প্রধান ও প্রভাবশালী সামুদ্রিক বন্দর, যা আরব ও পারস্যের সাথে বাংলার সরাসরি বাণিজ্যিক ও সাংস্কৃতিক সংযোগ স্থাপন করেছিল। এই নৌ-পথের সংযোগ ধরে আসা আরব বণিকদের চারিত্রিক সততা, জীবনদর্শন এবং বাণিজ্যিক যোগাযোগ বঙ্গে ইসলামের প্রাথমিক ভিত্তি রচনা করতে সহায়ক ভূমিকা পালন করে। তবে ইসলামের এই প্রসার কেবল বাণিজ্যের গণ্ডিতে বা উপকূলীয় অঞ্চলে সীমাবদ্ধ ছিল না। এই প্রক্রিয়ার দ্বিতীয় এবং সবচেয়ে শক্তিশালী দিকটি ছিল সুফি-সাধকদের আধ্যাত্মিক বিপ্লব। তাদের নিঃস্বার্থ প্রেম, সুউচ্চ মানবিক মূল্যবোধ ও অনন্য আধ্যাত্মিক শক্তি বাংলার সাধারণ মানুষের হৃদয়ে এক নতুন দিগন্ত উন্মোচন করে।
একদিকে বাণিজ্যিক যোগসূত্র এবং অন্যদিকে সুফিদের অসাম্প্রদায়িক ও মানবিক জীবনদর্শন-এই দ্বিমুখী প্রভাবে বাংলার জনমানসে ইসলামের আবেদন চিরস্থায়ী রূপ লাভ করে। মূলত রাজনৈতিক শক্তির চেয়েও সুফিদের নৈতিক ও আধ্যাত্মিক প্রভাবই বঙ্গে ইসলামের শেকড়কে অনেক বেশি গভীর ও বিস্তৃত করেছে ও একটি স্বতন্ত্র ‘‘বেঙ্গলি মুসলিম’’ পরিচয় নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বঙ্গে ইসলামের সূচনা : সাহাবায়ে রাসূল (সা.) ও প্রাক-সুলতানি যুগ (৭ম - ১০ম শতাব্দী)
বঙ্গের মানচিত্রে ইসলামের প্রথম আলোকচ্ছটা কোনো পরবর্তী যুগের আকস্মিক ঘটনা ছিল না, বরং তা পৌঁছেছিল স্বয়ং নবীয়ে রহমত, হযরত মুহাম্মদের (সা.) জীবদ্দশাতেই বলে অনেক ঐতিহাসিক সূত্র নির্দেশ করে। সপ্তম শতাব্দীতে বিশ্ববাণিজ্যের মানচিত্রে চট্টগ্রাম বন্দর ছিল এক অপরিহার্য কেন্দ্র। আরব ও পারস্যের বণিকরা সুদীর্ঘকাল ধরে এই রুটটি ব্যবহার করে চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাথে বাণিজ্য পরিচালনা করতেন। তবে তাঁদের এই আগমন কেবল পণ্য বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না; তাদের উন্নত জীবনদর্শন এবং ইসলামের সুমহান আদর্শ এই অঞ্চলের মানুষের হৃদয়ে এক পজিটিভ রেখাপাত করেছিল।
সাহাবায়ে রাসূল (সা.)-এর পদধ্বনি ও ঐতিহাসিক বিতর্ক
ঐতিহাসিক গবেষণার তথ্য অনুযায়ী, ৬১৮ খ্রিস্টাব্দে একদল সাহাবী চীন অভিমুখে সমুদ্রযাত্রার পথে চট্টগ্রাম উপকূলে অবতরণ করেন। এই কাফেলায় হযরত আবু ওয়াক্কাস মালিক ইবনে ওহাইব (রাদ্বি.), হযরত কায়েস ইবনে সাইরাদি (রাদ্বি.), তামিম আনসারী (রাদ্বি.), হযরত উররা ইবনে আসসাসাহ (রাদ্বি.) ও হযরত আবু কায়েস ইবনে হারিসার (রাদ্বি.) মতো মহান ব্যক্তিত্বরা ছিলেন বলে অনেক গবেষক অভিমত প্রকাশ করেছেন। তারা চট্টগ্রামে দীর্ঘ সময় অবস্থান করে ইসলামের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন। যদিও আধুনিক পশ্চিমী ঐতিহাসিকদের অনেকে হযরত আবু ওয়াক্কাসের (রাদ্বি.) সরাসরি চীন বা বাংলা আগমনের বিষয়ে দালিলিক প্রমাণের স্বল্পতার কথা বলেন, তবুও মুসলিম ঐতিহ্য ও চৈনিক মুসলিমদের দলিলে এই সফরের বিবরণ অত্যন্ত জোরালোভাবে বিদ্যমান। পরবর্তী রাসূলের (সা.) ইন্তেকালের পর খিলাফত আমলেও আব্দুল্লাহ ইবনে উতবান (রাদ্বি.) ও আসেম ইবনে আমর তামীমির (রাদ্বি.) মতো ব্যক্তিরা বাণিজ্যিক ও ধর্মীয় মিশনের উদ্দেশ্যে চট্টগ্রামে পদার্পণ করেন বলে জানা যায়। এই সাহাবায়ে রাসূলের (সা.) মাধ্যমেই বঙ্গে ইসলামের প্রথম বীজ বপন করা হয়েছিল। প্রাচীন জনশ্রুতি ও ইতিহাসবেত্তাদের মতে, চট্টগ্রামের দেয়ং পাহাড়ে তারাই প্রথম ঈদের নামাজ আদায় করেছিলেন, যা এই অঞ্চলে ইসলামি সংস্কৃতির প্রথম আনুষ্ঠানিক বহিঃপ্রকাশ হিসেবে চিহ্নিত হয়। এই আদি সংযোগটি প্রমাণ করে যে, বঙ্গে ইসলামের প্রসার কেবল উত্তর ভারত থেকে আগত তুর্কি বিজয়ের ফল নয়, বরং আরব উপকূল থেকে আসা প্রত্যক্ষ দাওয়াতি কর্মতৎপরতার ফসল।
প্রত্নতাত্ত্বিক ও ভৌগোলিক সাক্ষ্য : আব্বাসীয় মুদ্রা ও আল-মাসুদির বর্ণনা
প্রত্নতাত্ত্বিক ও ভৌগোলিক সাক্ষ্য বিশ্লেষণে দেখা যায়, আব্বাসীয় খিলাফতের সময় অর্থাৎ অষ্টম-নবম শতাব্দীতে এই অঞ্চলে আরব বণিকদের প্রভাব ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। ময়নামতি ও পাহাড়পুর বৌদ্ধ বিহারের প্রত্নতাত্ত্বিক খননকার্য এই দাবির জোরালো সমর্থন জোগায়; সেখানে আব্বাসীয় খলিফাদের আমলের স্বর্ণ ও রৌপ্য মুদ্রা পাওয়া গিয়েছে, যা প্রমাণ করে যে বাংলার অভ্যন্তরীণ জনপদেও তখন মুসলিমদের সাথে নিবিড় অর্থনৈতিক ও সামাজিক যোগাযোগ স্থাপিত হয়েছিল। উদাহরণস্বরূপ, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় প্রাপ্ত ১৭৩ হিজরী বা ৭৮৯ খ্রিস্টাব্দের আব্বাসীয় গোল্ড ডিনার খলিফা হারুনুর রশিদের আমলের বাণিজ্যিক সংযোগের অকাট্য প্রমাণ বহন করে।
একইভাবে, অষ্টম-নবম শতাব্দীতে ময়নামতি ও পাহাড়পুরে প্রাপ্ত সিলভার আব্বাসীয় মুদ্রা বাংলার কেন্দ্রীয় জনপদে মুসলিমদের অবাধ যাতায়াত ও বাণিজ্যের সাক্ষ্য দেয়। অধিকন্তু, দশম শতাব্দীতে সমতট অঞ্চলে আবিষ্কৃত প্রত্নতাত্ত্বিক কাঠামো সেখানে একটি সুসংগঠিত মুসলিম সমাজের উপস্থিতির ইঙ্গিত দেয়। এই সময়কালেই প্রখ্যাত আরব ভূগোলবিদ আল-মাসুদি যখন সমতট অঞ্চলে ভ্রমণ করেন, তখন তিনি সেখানে একটি শক্তিশালী ও সুসংগঠিত মুসলিম সম্প্রদায়ের অস্তিত্ব লক্ষ্য করেছিলেন। তাঁর বর্ণনা অনুযায়ী, স্থানীয় রাজন্যবর্গের সাথে মুসলিম বণিক ও ধর্মপ্রচারকদের অত্যন্ত সুসম্পর্ক বিদ্যমান ছিল। এই সকল সাক্ষ্য এটিই স্পষ্ট করে যে, ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজির রাজনৈতিক বিজয়ের কয়েক শতাব্দী পূর্বেই বঙ্গে ইসলামের শেকড় গভীরে প্রোথিত হয়েছিল। মূলত সাহাবী ও আরব বণিকদের এই পদধ্বনিই পরবর্তীকালের আধ্যাত্মিক বিপ্লবের প্রকৃত ভিত্তিভূমি তৈরি করে দিয়েছিল।
সুফি-সাধকদের প্রথম তরঙ্গ: ১১শ থেকে ১৩শ শতাব্দীর আধ্যাত্মিক প্রসারণ
বঙ্গের রাজনৈতিক মানচিত্র তুর্কিদের মাধ্যমে পরিবর্তনের অনেক আগেই এ অঞ্চলে আধ্যাত্মিক বিপ্লবের সূচনা হয়েছিল সুফি-সাধকদের হাত ধরে। ১১শ ও ১২শ শতাব্দীতে মধ্য এশিয়া ও মধ্যপ্রাচ্য থেকে আগত এই সাধকরা কোনো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বা সামরিক সহায়তা ছাড়াই কেবল ব্যক্তিগত আত্মিক শক্তিতে ইসলাম প্রচার শুরু করেন। তাদের মূল শক্তি ছিল তাঁদের চরিত্র, মানবপ্রেম এবং অলৌকিক আধ্যাত্মিক প্রভাব (কারামত)।
শাহ সুলতান কমরুদ্দীন রুমী (রহ.) ও মদনপুরের ইতিহাস
বঙ্গে আসা প্রথম সুফি হিসেবে ঐতিহাসিকভাবে স্বীকৃত হযরত শাহ সুলতান কমরুদ্দীন রুমী (রহ.)। ১০৫৩ খ্রিস্টাব্দে (৪ ৪৫ হিজরী) তিনি তার পীর সৈয়দ শাহ সুরখুল আন্তিয়া এবং দশজন শিষ্যসহ নেত্রকোনার মদনপুরে পদার্পণ করেন। এটি বখতিয়ার খলজির বিজয়ের প্রায় ১৫০ বছর এবং শাহ জালালের (রহ.) আগমনের ২৫০ বছর আগের ঘটনা। তৎকালীন স্থানীয় শাসক রাজা গণেশের হঠকারিতা ও বিরোধিতার মুখে তাকে এক কঠিন অগ্নিপরীক্ষার সম্মুখীন হতে হয়। লোকগাথা ও ইতিহাস অনুযায়ী, রাজা তাঁকে বিষ মিশ্রিত খাদ্য পরিবেশন করেন। শাহ সুলতান রুমী (রহ.) ‘বিসমিল্লাহ’ বলে সেই বিষ পান করেন এবং অলৌকিকভাবে অক্ষত থাকেন। এই দৃশ্য দেখে রাজা ও তার প্রজারা ইসলামের সত্যতা উপলব্ধি করেন ও বিপুল সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করেন। রাজা গণেশ মুগ্ধ হয়ে তাকে মদনপুর গ্রামটি নিষ্কর ভূমি হিসেবে দান করেন। এই ঐতিহাসিক সত্যটি আজও টিকে আছে একটি প্রাচীন পারস্য দলিলের মাধ্যমে, যা ১৬৭১ খ্রিস্টাব্দে (১০৮২ হিজরী) নবায়ন করা হয়েছিল এবং ১৮২৯ সালে ব্রিটিশ কোম্পানিকেও এই দলিলের সত্যতা স্বীকার করতে হয়েছিল।
ইব্রাহিম শাহ সুলতান বলখী (রহ.) ও মাহীসাওয়ার কিংবদন্তি
প্রায় সমসাময়িক সময়ে বলখের রাজপুত্র ইব্রাহিম শাহ সুলতান বলখী (রহ.) রাজকীয় বিলাসিতা ত্যাগ করে আধ্যাত্মিক নির্দেশে বঙ্গে আসেন। তিনি উত্তরবঙ্গের পুণ্ড্রবর্ধন বা মহাস্থানগড় অঞ্চলে ইসলামের আলো ছড়ান। লোকমুখে প্রচলিত আছে যে, তিনি একটি মাছের আকৃতির নৌকায় চড়ে কিংবা অলৌকিকভাবে মাছের পিঠে সওয়ার হয়ে বঙ্গে এসেছিলেন, তাই তাকে ‘মাহীসাওয়ার’ (মাছ-আরোহী) বলা হয়। মহাস্থানগড়ের রাজা পরশুরামের সাথে তাঁর দ্বন্দ্ব এবং শেষ পর্যন্ত ইসলামের নৈতিক বিজয় বাংলার ইতিহাসের এক উল্লেখযোগ্য অধ্যায়। তার এই অভিযান কেবল ধর্ম প্রচার ছিল না, বরং তা ছিল শোষিত মানুষের পক্ষে এক আধ্যাত্মিক বিদ্রোহ।
বিক্রমপুরের বাবা আদম শহীদ (রহ.) : এক ঐতিহাসিক অমীমাংসিত অধ্যায়
১১৪২ খ্রিস্টাব্দে মুন্সিগঞ্জের বিক্রমপুর অঞ্চলে ইসলাম প্রচারে অগ্রণী ভূমিকা পালন করেন হযরত বাবা আদম শহীদ (রহ.)। তিনি মক্কা থেকে এক বিশাল অনুসারী বাহিনী (মতান্তরে ৭০০০ জন) নিয়ে তৎকালীন রাজা বল্লাল সেনের রাজ্যে আগমন করেন। কিংবদন্তি অনুযায়ী, একজন মুসলিম প্রজার ওপর অত্যাচারের বিচার চাইতে তিনি মক্কা থেকে বঙ্গে আসেন। রাজা বল্লাল সেনের সাথে যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন, তবে তার আত্মত্যাগ এই অঞ্চলে ইসলামের জন্য এক গভীর আবেগীয় ভিত্তি তৈরি করে। যদিও তার সমাধি সংলগ্ন বিখ্যাত ছয় গম্বুজ বিশিষ্ট মসজিদটি পরবর্তী ১৪৮৩ খ্রিস্টাব্দে সুলতান জালালুদ্দিন ফতেহ শাহের আমলে নির্মিত হয়েছিল, তবে বাবা আদম শহীদের স্মৃতি আজও বিক্রমপুরের মুসলিম ঐতিহ্যের মূল ভিত্তি হিসেবে গণ্য হয়।
শাহ মখদুম রূপোশ (রহ.) ও বরেন্দ্র অঞ্চলের রূপান্তর
রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে ইসলাম প্রচারের কাণ্ডারি ছিলেন শাহ মখদুম রূপোশ (রহ.)। ১১৮৪ খ্রিস্টাব্দে (মতান্তরে ১২৮৯ খ্রিস্টাব্দে) আগত এই সাধক ছিলেন বড় পীর হযরত আব্দুল কাদের জিলানীর (রহ.) পৌত্র সৈয়দ আজাল্লা শাহের পুত্র। তিনি সর্বদা মুখাবয়ব আবৃত রাখতেন বলে তাকে ‘রূপোশ’ বলা হতো। তিনি তার ভ্রাতা সৈয়দ আহমদ মীরান শাহের সাথে বঙ্গে আসেন। তৎকালীন তান্ত্রিক রাজা অংশু দেবের অত্যাচার থেকে সাধারণ মানুষকে উদ্ধার করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। লোকশ্রুতি অনুযায়ী, তিনি কুমিরের পিঠে চড়ে পদ্মা নদী পার হয়েছিলেন, যা তাঁর অনন্য আধ্যাত্মিক শক্তির প্রতীক হিসেবে স্বীকৃত । রাজশাহীর ‘ঘোড়ামারা’ অঞ্চলের যুদ্ধের স্মৃতি এবং পরবর্তীতে তাঁর প্রতিষ্ঠিত খানকাহ উত্তরবঙ্গে ইসলামের ব্যাপক প্রসারের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
১৩শ শতাব্দী : তুর্কি বিজয় ও প্রাতিষ্ঠানিক ইসলামের ভিত্তি
১২০৪-০৫ খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজির নদীয়া ও গৌড় বিজয়ের মাধ্যমে বঙ্গে মুসলিম শাসনের আনুষ্ঠানিক সূচনা হয়। এই রাজনৈতিক পরিবর্তন সুফি-সাধকদের জন্য এক অনুকূল পরিবেশ সৃষ্টি করে। বখতিয়ার খলজি বিজিত অঞ্চলে মসজিদ, মাদ্রাসা ও খানকাহ প্রতিষ্ঠা করে প্রাতিষ্ঠানিক ইসলামের ভিত্তি স্থাপন করেন। এই সময়েই ‘শহরকেন্দ্রিক সুফি’ বা আরবান সুফিদের প্রভাব বাড়তে শুরু করে, যাঁরা কেবল আধ্যাত্মিক সাধনায় নয়, বরং শিক্ষা ও জ্ঞানচর্চায় আত্মনিয়োগ করেন ।
শেখ শরফুদ্দীন আবু তাওয়ামা ও সোনারগাঁওয়ের শিক্ষা বিপ্লব
বঙ্গে ইসলামী শিক্ষা ও জ্ঞানচর্চার প্রাতিষ্ঠানিক ভিত্তি স্থাপনে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র ছিলেন হযরত শেখ শরফুদ্দীন আবু তাওয়ামা। ১২৭৮ খ্রিস্টাব্দে বোখারা থেকে আগত এই মহান পণ্ডিত দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবনের আমন্ত্রণে (মতান্তরে সুলতানের ভয়ে নির্বাসিত হয়ে) সোনারগাঁওয়ে আসেন। তিনি সোনারগাঁওয়ে একটি বিশাল মাদ্রাসা ও উচ্চতর শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করেন, যেখানে কেবল ধর্মীয় শিক্ষা নয়, বরং রসায়ন, চিকিৎসা শাস্ত্র ও প্রাকৃতিক বিজ্ঞানও পড়ানো হতো। তিনিই প্রথম বঙ্গে ‘বোখারী শরীফ’-এর মতো গুরুত্বপূর্ণ হাদিস গ্রন্থ নিয়ে আসেন। তার প্রধান শিষ্য ছিলেন দিল্লির প্রখ্যাত সুফি সাধক শরফুদ্দীন ইয়াহইয়া মানেরী। আবু তাওয়ামা রচিত ‘মাকামাত’ এবং তার প্রভাবাধীন ‘নাম-ই-হক’ গ্রন্থটি বাংলার প্রথম দিকের ইসলামি জ্ঞানতাত্ত্বিক রচনার অন্যতম উদাহরণ। তার এই শিক্ষা বিপ্লব সোনারগাঁওকে তৎকালীন মুসলিম বিশ্বের অন্যতম প্রধান জ্ঞানকেন্দ্রে পরিণত করেছিল।
শাহ জালালের (রহ.) আগমন ও সিলেটের বিজয়
হযরত শাহ জালালের (রহ.) আগমন ও সিলেটের বিজয় কাহিনী বাংলার ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। ১২৭১ খ্রিস্টাব্দে জন্মগ্রহণকারী এই মহান সাধকের জন্মস্থান নিয়ে ইতিহাসবিদদের মধ্যে ভিন্ন ভিন্ন মত বিদ্যমান। কিছু ঐতিহাসিকের মতে তিনি ইয়েমেনের (হাজরামাউত) অধিবাসী ছিলেন, তবে প্রাচীন শিলালিপি ও বিখ্যাত পর্যটক ইবনে বতুতার বর্ণনা অনুযায়ী তিনি ছিলেন তুরস্কের ‘কুনিয়া’ শহরের আদিবাসী। তার মামা ও আধ্যাত্মিক গুরু সৈয়দ আহমদ কবীর সোহরাওয়ার্দীর নির্দেশে তিনি এক মুঠো মাটি নিয়ে বঙ্গে যাত্রা শুরু করেন। তার উদ্দেশ্য ছিল নিজ মাটির গুণাগুণের সাথে মিল আছে- এমন স্থানে বসতি স্থাপন ও ধর্ম প্রচার করা। অবশেষে ১৩০৩ খ্রিস্টাব্দে তিনি তার ৩৬০ জন (মতান্তরে ১৩০৩ জন) শিষ্য নিয়ে সিলেটের তৎকালীন রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে এক ঐতিহাসিক অভিযানে অংশ নেন। এই অভিযানের মূল প্রেক্ষাপট ছিল বুরহান উদ্দিন নামক একজন নির্যাতিত মুসলিম প্রজার ওপর রাজার অত্যাচারের বিচার নিশ্চিত করা।
সিলেট বিজয়ের এই অভিযানে সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের সেনাপতি সিকান্দার খান গাজীর সামরিক বাহিনীর সাথে শাহ জালালের আধ্যাত্মিক শক্তির এক অপূর্ব সমন্বয় ঘটে। লোকশ্রুতি রয়েছে যে, শাহ জালালের আযানের ধ্বনিতে রাজা গৌর গোবিন্দের সাত তলা প্রাসাদ ধসে পড়েছিল, যা এই বিজয়কে ত্বরান্বিত করে। বিজয়ের পর তিনি তাঁর শিষ্যদের বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেন। তার উত্তরসূরিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন তার ভাগ্নে শাহ পরান (রহ.), যিনি সিলেটের খাদিমনগরে আধ্যাত্মিকতার মশাল জ্বালিয়ে রাখেন। এছাড়া সৈয়দ নাসিরুদ্দীন হবিগঞ্জের তরফ রাজ্য বিজয় করে সেখানে ইসলামের সাংস্কৃতিক ভিত্তি স্থাপন করেন এবং হায়দর গাজী বিজয়ের পর সিলেটের শাসনভার গ্রহণ ও আধ্যাত্মিক প্রচারে আত্মনিয়োগ করেন। মৌলভীবাজার অঞ্চলে শাহ মোস্তফা এবং ঢাকার সচিবালয় সংলগ্ন এলাকায় শাহ মালেক ইয়েমেনী ইসলামের দাওয়াত ও সমাজ সংস্কারের কাজ চালিয়ে যান।
১৩৪৫ খ্রিস্টাব্দে বিশ্বখ্যাত পর্যটক ইবনে বতুতা যখন শাহ জালালের সাথে সাক্ষাৎ করেন, তখন তিনি এই সাধকের বয়স প্রায় ১৫০ বছর বলে উল্লেখ করেছিলেন। বতুতার বর্ণনা মতে, শাহ জালাল ছিলেন দীর্ঘদেহী ও অত্যন্ত বিনয়ী একজন কঠোর সাধক, যিনি গুহার মধ্যে বাস করতেন এবং কেবল একটি গাভীর দুধ দিয়ে ইফতার সম্পন্ন করতেন। শাহ জালালের এই ‘মুজাররাদ’’ বা চিরকুমার জীবন ও তার সফরসঙ্গী ৩৬০ আউলিয়ার নিরলস কর্মতৎপরতা বঙ্গদেশকে একটি স্থায়ী মুসলিম জনপদে রূপান্তরিত করার প্রধান মাইলফলক হিসেবে বিবেচিত হয়।
রংপুর অঞ্চলে ইসলামের আলোকবর্তিকা: হযরত মখদুম শাহ জালালুদ্দিন বুখারী মাহিসাওয়ার (রহ.)
উত্তরবঙ্গের প্রবেশদ্বার রংপুর অঞ্চলে ইসলামের শাশ্বত বাণী প্রচারের ইতিহাসে অন্যতম প্রধান ও অগ্রণী ব্যক্তিত্ব হলেন হযরত মখদুম শাহ জালালুদ্দিন বুখারী মাহিসাওয়ার (রহ.)। ১৩০৭ খ্রিস্টাব্দে উজবেকিস্তানের বিখ্যাত জ্ঞানকেন্দ্র বোখারায় জন্মগ্রহণকারী এই মহান সাধক আধ্যাত্মিক নির্দেশে সুদূর বঙ্গদেশে পাড়ি জমান।
রংপুর জেলার ইতিহাসের তথ্য অনুযায়ী, তিনি এ অঞ্চলে ধর্মপ্রচারে আসা প্রাথমিক যুগের আউলিয়াদের মধ্যে অন্যতম। তার নামের সাথে যুক্ত ‘মাহিসাওয়ার’ (মাছ-আরোহী) উপাধিটি নিয়ে এক চমৎকার ঐতিহাসিক জনশ্রুতি রয়েছে। প্রচলিত আছে যে, তিনি মাছের আকৃতির একটি বিশেষ নৌকায় চড়ে কিংবা অলৌকিকভাবে মাছের পিঠে সওয়ার হয়ে রংপুরের মাহীগঞ্জে পদার্পণ করেছিলেন। তাঁর এই আগমনের স্মৃতি হিসেবেই এলাকাটির নাম হয়েছে ‘মাহীগঞ্জ’।
১৩৮৩ খ্রিস্টাব্দে ইন্তেকালের পূর্ব পর্যন্ত তিনি এই জনপদে অবস্থান করে নিঃস্বার্থভাবে দ্বীন ইসলামের দাওয়াত দেন। তার উন্নত জীবনদর্শন ও আধ্যাত্মিক প্রভাব কামরূপ-কামতা অঞ্চলের সাধারণ মানুষের হৃদয়ে আমূল পরিবর্তন এনেছিল। বর্তমানে রংপুরের মাহীগঞ্জে অবস্থিত তার পবিত্র মাজার শরীফ কেবল এই অঞ্চলের প্রাচীনতম মুসলিম নিদর্শনের একটি নয়, বরং তা আজও হাজারো শান্তিকামী মানুষের অন্যতম প্রধান আধ্যাত্মিক মিলনস্থল হিসেবে স্বীকৃত।
চট্টগ্রামের বারো আউলিয়া
আধ্যাত্মিক বন্দর নগরী একই শতাব্দীতে চট্টগ্রামকে কেন্দ্র করে বিকশিত হয় আর এক বিশাল আধ্যাত্মিক পরিমণ্ডল, যার ফলে এই অঞ্চলটি ‘বারো আউলিয়ার দেশ’ হিসেবে খ্যাতি লাভ করে। ১৩৪০ খ্রিস্টাব্দে সুলতান ফখরুদ্দীন মোবারক শাহের বিজয়ের পর এই অঞ্চলে ১২ জন মহান সাধক প্রধান ভূমিকা পালন করেন।
এই সাধকদের মধ্যে অন্যতম ছিলেন পীর বদর উদ্দীন (বদর শাহ), যিনি মগ জলদস্যুদের কবল থেকে বন্দর নগরীকে মুক্ত করে এক শান্তিময় পরিবেশ তৈরি করেন। শাহ আমানত (রহ.) এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন; তিনি সরকারি চাকুরি করেও নিজের উচ্চতর আধ্যাত্মিক পরিচয় অত্যন্ত গোপনে রেখেছিলেন। এছাড়া মোহসেন আউলিয়া আনোয়ারায় আর পটিয়ায় শাহচান্দ আউলিয়া ও চকরিয়ায় শাহ ওমর এবং মিসকিন শাহ-যদিও বারো আউলিয়ার অন্তর্ভূক্ত না হলেও তিনি দরিদ্রদের সেবায় আত্মনিয়োগ করে মানুষের অন্তরে স্থান করে নেন।
গরীবুল্লাহ শাহের (রহ.) স্মৃতিধন্য জিইসি মোড়ের দক্ষিণ-পশ্চিমের পাহাড় এবং চট্টগ্রামের পাঁচলাইশ থানার অন্তর্গত কাতালগঞ্জো কাতাল শাহের মতো সামরিক ও আধ্যাত্মিক নেতৃত্বের প্রভাবে চট্টগ্রাম একটি শক্তিশালী মুসলিম জনপদে পরিণত হয়। এই মহাপুরুষগণ কেবল ধর্ম প্রচার করেননি, বরং তৎকালীন চট্টগ্রামের বাণিজ্যিক গুরুত্ব বৃদ্ধি এবং বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সুদৃঢ় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন। তাঁদের এই সমন্বিত প্রয়াসই বঙ্গদেশকে আধুনিক মুসলিম বিশ্বের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত করেছে।
১৫শ-১৭শ শতাব্দী : আউলিয়া-প্রশাসক ও খিদমতের যুগ
এই যুগে সুফি-সাধকদের ভূমিকা কেবল ধর্ম প্রচারের মধ্যে সীমাবদ্ধ থাকেনি; বরং তারা একাধারে সমাজ সংস্কারক, স্থপতি ও দক্ষ প্রশাসক হিসেবে আবির্ভূত হন। এই সময়ের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন হযরত খান জাহান আলী (রহ.)।
হযরত খান জাহান আলী (রহ.) : দক্ষিণবঙ্গের স্থপতি ও বীর সাধক
তুরস্কের খোয়ারাজম থেকে আসা বীর সাধক হযরত খান জাহান আলী (রহ.) দক্ষিণবঙ্গের অন্ধকারাচ্ছন্ন সুন্দরবন অঞ্চলে সভ্যতার আলো জ্বালিয়েছিলেন। ১৪৫৯ খ্রিস্টাব্দে মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি এই দুর্গম অঞ্চল পরিষ্কার করে ‘খলিফাতাবাদ’ (বর্তমান বাগেরহাট) নগরী প্রতিষ্ঠা করেন। তিনি কেবল একজন ধর্ম প্রচারক ছিলেন না, বরং এক প্রখর ধীসম্পন্ন প্রকৌশলী ছিলেন। তার অমর কীর্তি ‘ষাট গম্বুজ মসজিদ’ আজও এদেশের স্থাপত্যশৈলীর এক বিস্ময়কর নিদর্শন, যাতে মূলত ৮১টি গম্বুজ রয়েছে এবং ৬০টি প্রস্তর স্তম্ভের ওপর এটি দাঁড়িয়ে আছে। দক্ষিণবঙ্গের লোনা পানির অঞ্চলে সুপেয় পানির সংকট নিরসনে তিনি ৩৬০টি বিশাল দীঘি খনন করেন (যেমন-ঠাকুর দীঘি), যা তার জনসেবার এক অনন্য নজির হিসেবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি পেয়েছে।
শাহ আলী বোগদাদী (রহ.) ও ঢাকার আধ্যাত্মিক বলয়
বাগদাদের রাজকীয় বিলাসিতা ত্যাগ করে আধ্যাত্মিকতার খোঁজে বঙ্গে এসেছিলেন শাহ আলী বোগদাদী (রহ.)। ১৫শ শতাব্দীতে তিনি দিল্লিতে এসে দিল্লির সুলতানি পরিবারের সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হন । পরবর্তী তিনি ফরিদপুর ও ঢাকার মিরপুর অঞ্চলে এসে নির্জন সাধনায় মগ্ন হন। প্রচলিত আছে যে, দীর্ঘ ৪০ দিনের চিল্লার ৩৯তম দিনে তিনি নশ্বর পৃথিবী ত্যাগ করেন। মিরপুরে অবস্থিত তার মাজার শরীফ আজও ঢাকার মানুষের প্রধান আধ্যাত্মিক আশ্রয়স্থল। একই সময়ে মোগল সম্রাট আকবরের সমসাময়িককালে ঢাকার মতিঝিল রাজউক ভবনের পাশে অবস্থানকারী হযরত শাহ নেয়ামত উল্লাহ বুদ-সিকান্দ সোহরাওয়ার্দিয়া ও নকশবন্দিয়া তরিকার প্রসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মোগল আমলের এই সাধকরা রাজদরবার ও সাধারণ মানুষের মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করতেন, যা সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক ছিল।
১৮শ শতাব্দী : সুফি সিলসিলার বিস্তার ও প্রাতিষ্ঠানিক বিবর্তন
১৮শ শতাব্দীর সময়কালটি বঙ্গের সুফি ইতিহাসে এক অনন্য মাইলফলক। এই সময়ে বিভিন্ন অঞ্চলের সুফি ধারার মধ্যে এক গভীর ও সুসংহত যোগসূত্র স্থাপিত হয়, যা বিশেষ করে কাশ্মীর, বিহার, চট্টগ্রাম ও ঢাকার মধ্যে একটি শক্তিশালী আধ্যাত্মিক সেতুবন্ধন তৈরি করেছিল। এই আন্তঃআঞ্চলিক সংযোগ তৎকালীন সমাজ ও সংস্কৃতিতে সুদূরপ্রসারী প্রভাব ফেলে।
কাশ্মীর থেকে ঢাকা
আধ্যাত্মিক সংযোগের সূচনা ১৭০০ খ্রিস্টাব্দের দিকে আধ্যাত্মিকতার এক নতুন ধারা নিয়ে কাশ্মীর থেকে ভারত হয়ে ঢাকায় আসেন হযরত আব্দুর রহিম শহীদ কাশ্মীরী (রহ.)। তিনি ঢাকার সূত্রপুর অঞ্চলে অবস্থান গ্রহণ করেন এবং তার মাধ্যমেই এই জনপদে এক বিশেষ তাত্ত্বিক ও আধ্যাত্মিক চেতনার প্রসার ঘটে। ঐতিহাসিকভাবে তিনি ছিলেন চট্টগ্রামের প্রখ্যাত সাধক শাহ আমানতের (রহ.) পীর বা আধ্যাত্মিক গুরু। ইতিহাসের তথ্যানুযায়ী, সূত্রাপুরের এই খানকাহটিই ঢাকার প্রাচীনতম খানকাহগুলোর অন্যতম, যা তৎকালীন সুশৃঙ্খল আধ্যাত্মিক পরিমণ্ডলের কেন্দ্রবিন্দু ছিল।
শাহ আমানত (রহ.) ও চট্টগ্রামের পুনর্জাগরণ একই সময়ে বিহার থেকে চট্টগ্রামে আগমন করেন হযরত শাহ আমানত (রহ.)। তার সাথে এসেছিলেন তার অন্যতম খলিফা হযরত কেয়ামুদ্দীন (রহ.)। শাহ আমানতের (রহ.) আধ্যাত্মিক প্রভাব কেবল চট্টগ্রামেই সীমাবদ্ধ ছিল না, বরং তার খলিফাদের মাধ্যমে তা ঢাকার আজিমপুর থেকে চট্টগ্রামের আনোয়ারা পর্যন্ত বিস্তৃতি লাভ করে।
আজিমপুর দায়রা শরীফ
শাহ আমানতের (রহ.) অন্যতম প্রধান খলিফা সৈয়দ সুফি দায়েম পাক (রহ.) ঢাকার আজিমপুরে ঐতিহাসিক ‘দায়রা শরীফ’ প্রতিষ্ঠা করেন। এটি কেবল একটি আধ্যাত্মিক কেন্দ্র নয়, বরং কয়েক শতাব্দী ধরে সুফি দর্শনের চর্চা ও প্রসারে নেতৃত্ব দিয়ে আসা একটি প্রভাবশালী প্রতিষ্ঠানে পরিণত হয়।
আনোয়ারার মিয়া হাজী দৌলত: চট্টগ্রামের আনোয়ারা অঞ্চলে শাহ আমানতের (রহ.) শিক্ষা ও দর্শনের মশাল জ্বালিয়ে রাখেন তার আরেক খলিফা মিয়া হাজী দৌলত (রহ.)।
ঢাকার প্রাচীন আধ্যাত্মিক কেন্দ্র ও পীর ইয়েমেনী (রহ.) ঢাকার ধর্মীয় ইতিহাসের গভীরে দৃষ্টি দিলে দেখা যায়, কিছু স্থাপনা দালিলিক স্বীকৃতির বাইরেও ঐতিহ্যের স্বাক্ষর বহন করছে। জিরো পয়েন্ট সংলগ্ন পীর ইয়েমেনীর (রহ.) মাজার ও সংলগ্ন বিশাল স্থাপনাগুলো এর উজ্জ্বল দৃষ্টান্ত। যদিও তার পীর-মুরিদী বা শিষ্যত্ব গ্রহণ প্রক্রিয়ার বিস্তারিত লিখিত ইতিহাস পর্যাপ্ত নয়, তবুও স্থানীয় জনশ্রুতি এবং স্থাপনার ব্যাপক উপস্থিতি প্রমাণ করে যে, একসময় এখানে একটি জীবন্ত আধ্যাত্মিক কর্মযজ্ঞ বিদ্যমান ছিল। ইতিহাসের এই সীমাবদ্ধতা তার সামাজিক ও ধর্মীয় প্রভাবকে বিন্দুমাত্র ম্লান করতে পারেনি।
পীর-মুরিদী প্রথার প্রাতিষ্ঠানিক রূপান্তর
আলী রজা কানু শাহ্ ও দায়রা শরীফ বঙ্গের সুফি ইতিহাসে পীর-মুরিদী প্রথাটি ব্যক্তিগত পর্যায় থেকে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করার ক্ষেত্রে চট্টগ্রাম ও ঢাকার সমন্বয়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রূপান্তরের প্রধান দুটি স্তম্ভ হলো আজিমপুর দায়রা শরীফ এবং আলী রজা কানু শাহ্-এর তাত্ত্বিক অবদান।
হযরত কেয়ামুদ্দীনের (রহ.) খলিফা আলী রজা কানু শাহ্ কেবল একজন উঁচুমাপের সাধকই ছিলেন না, বরং মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম প্রখ্যাত কবি ও গবেষক হিসেবেও স্বীকৃত। তাঁর রচনায় সুফিবাদের গূঢ় তত্ত্ব ও সাহিত্যের শৈল্পিক সুষমা একীভূত হয়েছিল, যা সাধারণ মানুষের কাছে আধ্যাত্মিকতাকে সহজবোধ্য করে তোলে। তিনি তাঁর প্রজ্ঞা, লেখনী এবং সুশৃঙ্খল শিষ্যত্ব প্রদানের মাধ্যমে পীর-মুরিদী প্রথাকে একটি মজবুত তাত্ত্বিক ও প্রাতিষ্ঠানিক ভিত্তির ওপর দাঁড় করান।
১৮শ-১৯শ শতাব্দী : সুফি সিলসিলার বিস্তার ও আধুনিক সংস্কার আন্দোলন
মোগল সাম্রাজ্যের পতন এবং ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের উত্থানপর্বে বাংলার সুফিদর্শন এক নতুন ও বৈপ্লবিক মোড় নেয়। এই সময়ে সুফি-সাধকগণ কেবল আধ্যাত্মিক সাধনায় নিমগ্ন থাকেননি, বরং সমাজ থেকে বিদাত (কুসংস্কার) দূর করতে এবং ঈমানি চেতনা জাগ্রত করতে সংস্কারধর্মী আন্দোলনে নেতৃত্ব দেন। শায়খুল হাদিস সুফি নূর মুহাম্মদ নিজামপুরী (রহ.) ও ওয়াইসিয়া সিলসিলাবাংলার আধ্যাত্মিক সংস্কার আন্দোলনে ‘গাজীয়ে বালাকোট’ সুফি নূর মুহাম্মদ নিজামপুরী (রহ.) এক অবিস্মরণীয় নাম। তিনি আমিরুল মুমিনিন সৈয়দ আহমদ শহীদ রায়বেরেলভীর (রহ.) অন্যতম শ্রেষ্ঠ খলিফা ছিলেন। বালাকোটের জিহাদি চেতনা ও আধ্যাত্মিক শুদ্ধির যে মশাল তিনি জ্বেলেছিলেন, তা বাংলার মুসলিম সমাজকে গভীরভাবে জাগ্রত করে। তার এই ধারার শ্রেষ্ঠ ফসল হলেন তার প্রধান খলিফা সৈয়দ সুফি ফতেহ আলী ওয়াইসি (১৮২০-১৮৮৬)। ওয়াইসি ছিলেন একজন উঁচুমাপের ফারসি কবি ও আধ্যাত্মিক সাধক, যার ‘দিওয়ান-এ-ওয়াইসি’ আজও সুফি সাহিত্যের এক অমূল্য সম্পদ। তার সিলসিলা থেকেই পরবর্তী ফুরফুরা শরীফ, মেহেদীবাগী দরবার (ভারত), দরবারে শাহে ক্বদমী (পাউসার), সুরেশ্বর, ছারছিনা, ছতুরা, সুফিয়া, সোনাকান্দা, এনায়েতপুর, আটরশি, চন্দ্রপাড়া, লালকুঠি, চট্টগ্রামের হালিশহর দরবার (মুনিরনগর), গারাংগিয়া, কাগতিয়া ও কুতুব শরীফ দরবারের মতো অসংখ্য প্রখ্যাত দরবারের জন্ম হয়।
মাওলানা কারামাত আলী জৌনপুরী (রহ.) ও সমাজ সংস্কার
সৈয়দ আহমদ শহীদ রায়বেরেলভীর (রহ.) অন্যতম প্রধান খলিফা ছিলেন মাওলানা কারামাত আলী জৌনপুরী (রহ.)। তিনি ১৮২২ সাল থেকে প্রায় ৫০ বছর বাংলার প্রতিটি প্রান্তে নৌকায় করে ঘুরে ঘুরে ইসলামের সঠিক আকিদা ও আমল ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন। তিনি ফরায়েজী আন্দোলনের কট্টরপন্থার বিপরীতে একটি ভারসাম্যপূর্ণ ধারার প্রবর্তন করেন। ব্রিটিশ ভারতকে তিনি ‘দারুল ইসলাম’ বা শান্তির আবাস হিসেবে ঘোষণা করে মুসলিমদেরকে জ্ঞানার্জনে উৎসাহিত করেন। তার প্রচেষ্টায় লক্ষ লক্ষ মানুষ শিরক ও বিদাত ত্যাগ করে সুন্নতের পথে ফিরে আসে। তার এই আন্দোলনেরই একটি প্রভাবশালী শাখা হলো সিলেটের ফুলতলী দরবার, যা ইলমে কিরাত ও দ্বীনি শিক্ষার প্রসারে আজও বিশ্বজুড়ে সমাদৃত।
চট্টগ্রামের মির্জাখীল দরবার শরীফ
সুফি নূর মুহাম্মদ নিজামপুরীর (র.) সমসাময়িককালে চট্টগ্রামে আধ্যাত্মিক শুদ্ধি ও সুন্নতের কঠোর অনুসরণে একটি শক্তিশালী কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে মির্জাখীল দরবার শরীফ। সুফি দর্শনের চর্চা এবং শরিয়ত ও তরিকতের সমন্বয়ে এই দরবারটি অনন্য। কয়েক শতাব্দী ধরে নিজস্ব স্বকীয়তা ও ঐতিহ্যে ভাস্বর এই দরবারটি দক্ষিণ এশিয়ায় ইসলামের প্রচার ও প্রসারে আজও এক প্রভাবশালী ভূমিকা পালন করে চলেছে।
ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের আধ্যাত্মিক সংযোগ
ঢাকার ইসলামি ঐতিহ্য ও সামাজিক সংস্কারে রায়বেরেলভীর (রহ.) সিলসিলার অবদান অনস্বীকার্য। এই ধারার সুবিন্যস্ত ধারাবাহিকতা নিম্নরূপ:
মাওলানা ইমামুদ্দীন বাঙালী (রহ.) : তিনি ছিলেন সৈয়দ আহমদ শহীদ রায়বেরেলভীর (রহ.) সরাসরি খলিফা। ঢাকা ও এর আশপাশের অঞ্চলে ইসলামের দাওয়াত ও সংস্কার কাজে তিনি ছিলেন এক নির্ভীক সিপাহসালার;
সিলসিলা-এ-আহসানুল্লাহ : রায়বেরেলভীর (রহ.) খলিফা মাওলানা গোলজার শাহ, তার খলিফা মাওলানা লস্কর মোল্লা-এই ধারার পরবর্তী উজ্জ্বল নক্ষত্র ছিলেন ঢাকার নারিন্দার মাওলানা আহসানুল্লাহ (রহ.)। তার মাধ্যমে ঢাকার শহুরে জনপদে ইসলামের আধ্যাত্মিক ও নৈতিক সংস্কার সাধিত হয়।