রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
৩ বছরেও শেষ হয়নি ফতেহ্ আলী সেতুর পুনঃনির্মাণ
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ২:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়া শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত করতোয়া নদীর ওপর নির্মাণাধীন ফতেহ্ আলী সেতুর পুনঃনির্মাণ কাজ তিন বছরেও শেষ হয়নি। বারবার সময়সীমা বাড়িয়েও কাজ শেষ না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন চার উপজেলার অন্তত ১২ লাখ মানুষ। দ্বিতীয় দফায় নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও প্রায় ১০ মাস ধরে সেতুর গুরুত্বপূর্ণ কাজ ঝুলে আছে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৮ সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সেতুটি পরিত্যক্ত করা হয়।

পরবর্তীতে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে প্রায় ১৯ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে পুনঃনির্মাণ কাজ শুরু হয়। কার্যাদেশ অনুযায়ী ২০২৪ সালের মে মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও কয়েক দফায় সময় বাড়িয়ে সর্বশেষ ২০২৫ সালের জুন পর্যন্ত মেয়াদ নির্ধারণ করা হয়। কিন্তু সেই সময়সীমাও অনেক আগেই শেষ হয়েছে, তবুও কাজের অগ্রগতি সন্তোষজনক নয়।

সরেজমিনে দেখা গেছে, সেতুর প্রায় ৮৭ শতাংশ ভৌত কাজ শেষ হলেও এখনো রেলিং ও সৌন্দর্যবর্ধনের কাজ বাকি রয়েছে। সেতুর ওপর অস্থায়ীভাবে বাঁশের ঘেরা দিয়ে রাখা হয়েছে, যা পথচারীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজের ধীরগতির কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে; এমনকি হোঁচট খেয়ে নদীতে পড়ে প্রাণহানির ঘটনাও ঘটছে।

চেলোপাড়া এলাকার বাসিন্দা অনিমেষ রায় বলেন, “এই সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। আগে এখানে ঝুঁকিপূর্ণ একটি বাঁশের সাঁকো ছিল। এখন সংযোগ সড়ক নির্মাণ হলেও সেতুর কাজ শেষ না হওয়ায় আমাদের দুর্ভোগ কমেনি।”

আরেক স্থানীয় বাসিন্দা আজমল হোসেন জানান, ফুটপাত দখল করে দোকানপাট বসানো এবং অটোরিকশা দাঁড়িয়ে থাকার কারণে স্কুলগামী শিশুদের নিয়ে চলাচল করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। তারা দ্রুত ফুটপাত দখলমুক্ত করে সেতুর কাজ সম্পন্ন করার দাবি জানান।

এ বিষয়ে বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল হক বলেন, “৩১ জুলাই ২০২২ সালে কার্যাদেশ দেওয়া হয়। বর্তমানে ভৌত কাজের অগ্রগতি ৮৭ শতাংশ এবং আর্থিক অগ্রগতি ৫৬ শতাংশ। চুক্তিমূল্য অপরিবর্তিত রেখেই অবশিষ্ট কাজ, বিশেষ করে সৌন্দর্যবর্ধনের কাজ, আগামী দুই মাসের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে বলে আমরা আশা করছি।”

স্থানীয়দের মতে, বগুড়া শহরের সঙ্গে পূর্বাঞ্চলের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম এই সেতু। দীর্ঘদিন ধরে নির্মাণকাজ ঝুলে থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী মানুষজন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ফতেহ্ আলী সেতু   পুনঃনির্মাণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close