রামপাল উপজেলার কৃষকদের আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দিতে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বিকাল ৪টায় রামপাল উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে এ কংগ্রেসের আয়োজন করে ‘স্মার্ট ফুড এগ্রিকালচার অ্যান্ড ফুড ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এনভায়রনমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ শীর্ষক পার্টনার প্রকল্প।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী লায়ন্স ড. শেখ ফরিদুল ইসলাম এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ইনসাদ ইবনে আমিন।
ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, “আমি খুব খুশি হয়েছি যে এমন একটা প্রোগ্রামে যোগদান করতে পারছি। কারণ কৃষকই হচ্ছে আমাদের বলা চলে যে অস্তিত্বের জায়গাটা টিকে আছে, বা আমরা কৃষি পরিবার থেকে বেরিয়ে আসছি। তো সেখানে আসলে আমাদের এই জনপদটা কিন্তু অত্যন্ত ঝুঁকিতে আছে জলবায়ু পরিবর্তনের কারণে, লবণাক্ততার কারণে।”
তিনি আরও বলেন, “বর্তমান সরকার কিন্তু অত্যন্ত আন্তরিক, আপনারা লক্ষ্য করবেন আমাদের প্রথম মন্ত্রীসভার প্রথম বৈঠকে আমরা যে অঙ্গীকার করেছিলাম যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ... সুদ সহ, সেটা কিন্তু প্রথমেই করা হয়েছে। তারপর কৃষকদের সুবিধার্থে সারাদেশে নানা রকম কর্মসূচি বা ভর্তুকির কর্মসূচি হাতে নিয়েছি।’’
অনুষ্ঠানে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও পার্টনার প্রকল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ কংগ্রেসের মাধ্যমে রামপালের কৃষকরা উন্নত জাতের ফসল চাষাবাদ, মাটি ও পানি পরীক্ষা, জৈব সার ব্যবহার এবং কীটনাশকের বিকল্প পদ্ধতিতে নিরাপদ ফসল উৎপাদনের কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করবেন। এতে কৃষকদের উৎপাদন খরচ কমার পাশাপাশি ফসলের গুণগত মান বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
কেকে/এলএ