রোববার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন      সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা      প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার      তেহরানে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত      প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে নতুন প্রকল্প      দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী      ধুমঘাট ফরেস্ট স্টেশন ঘুষের টোল প্লাজা      
দেশজুড়ে
নাইক্ষ্যংছড়িতে ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস বোর্ডের
আনোয়ার হোছাইন, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৪:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজ কেন্দ্রের এইচএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্র বিতরণকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কোনো ধরনের যেন ক্ষতি না হয়, সে বিষয়ে ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে বোর্ড।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এনামুল হাসান সাংবাদিকদের জানান, বিষয়টি জানার পর তিনি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের (বোর্ড কন্ট্রোলার) সঙ্গে কথা বলেন। বোর্ড থেকে তাকে আশ্বস্ত করা হয়েছে, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের রোল নম্বর পাঠানো হলে তাদের স্বার্থ সংরক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট হল পরিদর্শকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

ইউএনও মো. এনামুল হাসান বলেন, এ বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের যাতে কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২ জুলাই অনুষ্ঠিত এইচএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষায় কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের অবহেলার কারণে ২০২৬ সালের নিয়মিত পরীক্ষার্থীদের একটি অংশের হাতে ভুলবশত ২০২৫ সালের অনিয়মিত পরীক্ষার্থীদের এমসিকিউ প্রশ্নপত্র বিতরণ করা হয়। অভিযোগ রয়েছে, পরীক্ষার শেষের দিকে বিষয়টি ধরা পড়লেও অধিকাংশ শিক্ষার্থীর ক্ষেত্রে তখন আর প্রশ্নপত্র পরিবর্তনের সুযোগ হয়নি। ফলে অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী ভুল প্রশ্নেই এমসিকিউ অংশের পরীক্ষা দিতে বাধ্য হন।

ঘটনার প্রতিবাদে শুক্রবার (৩ জুলাই) দুপুরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের শাস্তি, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত সমাধান এবং শিক্ষা উপদেষ্টার হস্তক্ষেপ দাবি করেন।

ভুক্তভোগী শিক্ষার্থী সাইফুল ইসলাম, সাদিয়া সুলতানা, উম্মে হাবিবাহ ও লাউকিয়া তঞ্চঙ্গ্যা জানান, পরীক্ষার হলে প্রশ্নগুলো অস্বাভাবিক কঠিন মনে হলেও পরীক্ষার পরিবেশের কারণে তারা প্রশ্নপত্রের বছর বা ধরন যাচাই করতে পারেননি। পরীক্ষা শেষে বাড়িতে গিয়ে প্রশ্নপত্র মিলিয়ে দেখেন, সেটি ২০২৫ সালের অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রণীত প্রশ্ন। এতে অধিকাংশ উত্তর ভুল হওয়ায় তারা ফলাফল নিয়ে চরম উদ্বেগে পড়েছেন।

কয়েকজন অভিভাবকের অভিযোগ, পরীক্ষা চলাকালেই বিষয়টি দায়িত্বপ্রাপ্ত পরিদর্শকদের জানানো হলেও তারা গুরুত্ব না দিয়ে শিক্ষার্থীদের পরীক্ষা চালিয়ে যেতে বলেন।

তবে হল পরিদর্শক অধ্যাপক জসিম উদ্দিন দাবি করেন, তার দায়িত্বপ্রাপ্ত কক্ষে আটজন শিক্ষার্থীর ক্ষেত্রে ভুল প্রশ্নপত্র শনাক্ত হওয়ার পর কেন্দ্র কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাৎক্ষণিকভাবে প্রশ্নপত্র পরিবর্তনের ব্যবস্থা করা হয়েছিল।

কেন্দ্র পরিচালনা কমিটির আহ্বায়ক এমদাদুল্লাহ মো. ওসমান বলেন, কিছু সমস্যার কথা শুনেছি। তবে এত বড় পরিসরে এমন ঘটনা ঘটেছে, তা আগে জানতাম না। বিষয়টি সময়মতো জানানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেত। একটি হলে যেমন ব্যবস্থা নেওয়া হয়েছিল।

বান্দরবান আসনের এমপি প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য নুরুল আলম কোম্পানী বলেন, সরকার যখন মানসম্মত শিক্ষা নিশ্চিত করার কথা বলছে, তখন শিক্ষকদের এমন অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভুল প্রশ্নপত্র দিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে ফেলা অমার্জনীয়। দ্রুত বিষয়টির সমাধান নিশ্চিত করতে হবে।

এদিকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জাফর আলমের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

জানা গেছে, ওই কেন্দ্রে দুটি কলেজের মোট ৪৩৬ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে ২১ জন অনুপস্থিত ছিলেন। অভিযোগের বিষয়ে তদন্ত করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close