সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৬ জুলাই ২০২৬
শিরোনাম: হামে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১০৬      সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর : মির্জা ফখরুল      প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি যুবরাজ      খাদ্য অধিদপ্তরের ফ্যাসিস্ট সেই নুপুরের বদলি বাতিল      ১৫ আগস্ট নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      তেহরানে খামেনির শোক র‌্যালি, লাখো মানুষের ঢল      পাহাড়ের বুকে জীবনবাজি বর্ষা এলেই ধসের ভয়       
দেশজুড়ে
মুক্তিপণে ফিরলেন অপহৃত ৬ রোহিঙ্গা শ্রমিক
আনোয়ার হোছাইন, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৪:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলিক্ষ্যং বড়ইঝিরি এলাকার একটি রাবার বাগান থেকে অপহৃত ৬ রোহিঙ্গা শ্রমিককে তিন দিন পর জীবিত উদ্ধার করা হয়েছে। অপহরণকারীরা তাদের শারীরিক নির্যাতন করে দুই লাখ টাকা মুক্তিপণ আদায় করার পর ছেড়ে দেয়। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৩ জুলাই) রাত ৯টা থেকে ১০টার মধ্যে আলিক্ষ্যং বড়ইঝিরি এলাকায় মোহাম্মদ কায়সারের মালিকানাধীন একটি রাবার বাগানে ঢুকে অজ্ঞাতনামা সশস্ত্র দুর্বৃত্তরা সেখানে কর্মরত ৬ রোহিঙ্গা শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে নিয়ে যায়।

পরদিন শনিবার সকালে বাগানের ম্যানেজার রহমত করিম কর্মস্থলে গিয়ে শ্রমিকদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পাশের একটি রাবার বাগানের মালিকের মাধ্যমে তিনি অপহরণের বিষয়টি জানতে পারেন। খবর পেয়ে বিষয়টি স্থানীয় পুলিশ ফাঁড়িগুলোকে জানানো হয়।

সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে কক্সবাজারের ঈদগড় উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বদরুজ্জামান বদরুর বাড়িতে অপহৃত ৬ শ্রমিককে পাওয়া যায়।

উদ্ধার হওয়া শ্রমিকরা জানান, অপহরণকারীরা তাদের মারধর ও শারীরিক নির্যাতন করে। পরে স্বজনদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করিয়ে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবারের সদস্যরা মুক্তিপণের টাকা পরিশোধ করার পর তাদের ছেড়ে দেওয়া হয়। উদ্ধার হওয়া শ্রমিকদের শরীরে নির্যাতনের দৃশ্যমান চিহ্নও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উদ্ধার হওয়া শ্রমিকরা হলেন— মো. জমির উদ্দিন (২৬), মো. ইসহাক (২২), মো. জাকারিয়া (১৯), মো. মুবিন (২৪), মো. ইয়াছিন (২৭) এবং মোহাম্মদ নুর। তারা সবাই কক্সবাজারের উখিয়া উপজেলার ক্যাম্প-৪ (ইস্ট সিং), ব্লক-বি/১-এর বাসিন্দা।

কাগজীখোলা পুলিশ ফাঁড়ির এসআই মামুন উদ্ধার হওয়া শ্রমিকদের হেফাজতে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগড়ে যান।

রাবার বাগানের ম্যানেজার রহমত করিম বলেন, ঘটনার রাতে শ্রমিকরা ঈদগড় বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাগানে ফিরে আসে। পরদিন সকালে গিয়ে দেখি তাদের ব্যবহৃত মালামাল পড়ে আছে, কিন্তু কোনো শ্রমিক নেই। পরে জানতে পারি তারা অপহরণের শিকার হয়েছেন।

এ বিষয়ে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. মনজুর আহসান জানান, অপহৃত ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুক্তিপণ আদায় ও নির্যাতনের তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় প্রায়ই সশস্ত্র দুর্বৃত্তদের তৎপরতার অভিযোগ পাওয়া যায়। তারা এ ধরনের অপহরণ বন্ধে নিয়মিত অভিযান ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  মুক্তিপণ   অপহৃত   রোহিঙ্গা শ্রমিক   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close