শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৫ জুলাই ২০২৬
শিরোনাম: প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর      রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত: নাহিদ      শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর      সাহাবুদ্দিনের পদত্যাগ নতুন অধ্যায়ে রাষ্ট্র      রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল দ্রুত ঘোষণা করা হবে: ইসি মাছউদ      নতুন রাষ্ট্রপতি ৯০ দিনের মধ্যে নির্বাচন করবে সংসদ      কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি?      
দেশজুড়ে
কিশোরগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১০:২৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের নিকলী, মিঠামইন ও কটিয়াদী উপজেলায় পৃথক তিনটি মর্মান্তিক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ঘটে এসব দুর্ঘটনা। শিশুদের আকস্মিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতাল ও গ্রামাঞ্চলের পরিবেশ।

নিহতরা হলো— নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের নানশ্রী গ্রামের নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ হাকিম (৫), গাজীপুরের টঙ্গী এলাকার এরশাদনগরের আর-৮ নম্বর ব্লকের বাসিন্দা আলমগীর হোসেনের ছেলে ও মাদ্রাসাছাত্র আরিফ হোসেন (১২) এবং কটিয়াদী উপজেলার লোহাজুরি ইউনিয়নের দক্ষিণ লোহাজুরি গ্রামের মজলু মিয়ার বড় ছেলে নাঈম মিয়া (১১)।

খেলতে গিয়ে পুকুরে পড়ে প্রাণ হারায় পাঁচ বছরের হাকিম

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ জুলাই) সকাল ৮টার দিকে হাকিম তার বড় ভাই ও আরও দুই-তিনজন শিশুর সঙ্গে বাড়ির পাশেই খেলাধুলা করছিল। খেলতে খেলতে একপর্যায়ে অসাবধানতাবশত তার পা পিছলে পাশের পুকুরে পড়ে যায়। অন্য শিশুরা বিষয়টি বুঝতে না পারলেও কিছুক্ষণ পর বড় ভাই পরিবারের সদস্যদের জানায়।

খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত পুকুরে নেমে হাকিমকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগে স্বজনদের কান্নায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান শিশুটির পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষা সফরের আনন্দ মুহূর্তেই পরিণত হলো শোকে

একই দিন বেলা সাড়ে ১১টার দিকে মিঠামইন উপজেলার ইসলামপুর ঘাট এলাকায় ঘটে আরেকটি মর্মান্তিক ঘটনা। গাজীপুরের টঙ্গী এরশাদনগরের বাইতুল কোরআন কওমি মাদ্রাসার কয়েকজন শিক্ষক ও ২৭ জন শিক্ষার্থী শিক্ষা সফর ও ভ্রমণের উদ্দেশ্যে মিঠামইন হাওরে আসেন।

হাওরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ ও বিভিন্ন স্থান ঘুরে দেখার পর তারা ইসলামপুর ঘাটে অবস্থান নেন। পরে শিক্ষক ও শিক্ষার্থীরা একসঙ্গে গোসল করতে নামেন। এ সময় হঠাৎ পানির তীব্র স্রোতে আরিফ হোসেন ভেসে গিয়ে নিখোঁজ হয়ে যায়। মুহূর্তেই আনন্দমুখর পরিবেশ আতঙ্কে রূপ নেয়। শিক্ষক, সহপাঠী ও স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর দুপুরে ঘটনাস্থল থেকেই আরিফের মরদেহ উদ্ধার করা হয়। সহপাঠীর মরদেহ উদ্ধারের পর কান্নায় ভেঙে পড়ে অন্য শিক্ষার্থীরা। যে শিক্ষা সফর আনন্দ আর স্মৃতি নিয়ে ফেরার কথা ছিল, সেটি মুহূর্তেই শোকাবহ ঘটনায় পরিণত হয়।

মিঠামইন থানার উপপরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বোতল আনতে গিয়ে বিলের পানিতে ডুবে মৃত্যু স্কুলছাত্রের

এদিকে শুক্রবার দুপুর ২টার দিকে কটিয়াদী উপজেলার লোহাজুরি ইউনিয়নের দক্ষিণ লোহাজুরি গ্রামে বিলের পানিতে ডুবে মারা যায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নাঈম মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, সহপাঠীদের সঙ্গে গ্রামের একটি বিলে গোসল করতে যায় নাঈম। সাঁতার না জানায় সে একটি প্লাস্টিকের বোতল ভাসমান সহায়তা হিসেবে ব্যবহার করছিল। গোসল শেষে বাড়ি ফেরার পথে তার মনে পড়ে, বোতলটি বিলে ফেলে এসেছে। পরে সেটি আনতে একাই আবার বিলে যায়। এ সময় অসাবধানতাবশত পা পিছলে গভীর পানিতে পড়ে যায়।

অনেকক্ষণ বাড়ি না ফেরায় সহপাঠীরা বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিলের পানির নিচ থেকে নাঈমকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী রকিব হোসেন ভূঞা বলেন, “নাঈমের পরিবার খুবই দরিদ্র। তার বাবা বাঁশের খাঁচা তৈরি করে বিভিন্ন বাজারে বিক্রি করে সংসার চালান। ছোট ছোট তিন-চার ভাইবোনের মধ্যে নাঈম ছিল সবার বড়। অনেক কষ্ট করে সন্তানদের মানুষ করার চেষ্টা করছিলেন তার বাবা। কিন্তু বড় ছেলেটির এমন মৃত্যু সত্যিই হৃদয়বিদারক।”

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close