চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরো কয়েকজন।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে ভেতরে প্রবেশ করে প্রথমে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করে। এছাড়া আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে আরও পাঁচ জনের মৃত্যু হয়। সবমিলিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মারা যাওয়া আট শ্রমিকের মধ্যে চারজনের নাম–পরিচয় জানা গেছে। তারা হলেন, সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭) এবং দুই সহোদর মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। তারা ভাটিয়ারী এলাকার বাসিন্দা।