মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
দেশজুড়ে
বানারীপাড়ার দরিদ্র মেধাবী তাওহীদের দায়িত্ব নিলেন অ্যাডভোকেট পলাশ
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৩:০২ পিএম আপডেট: ১৪.০৮.২০২৬ ৩:০৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দারিদ্র্যকে জয় করে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করা বরিশালের বানারীপাড়া উপজেলায় মেধাবী শিক্ষার্থী তাওহীদ ইসলামের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী অ্যাডভোকেট মো. রাজু হাওলাদার পলাশ।

তাওহীদ উপজেলার সদর ইউনিয়নের জবেদপুর গ্রামের দিনমজুর মো. ফারুক হোসাইনের ছেলে। তার মা রিমা খানম গৃহিণী। অভাব-অনটনের সংসারে নানা প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা চালিয়ে এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছে সে।

তাওহীদ জবেদপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে। পরে বিজ্ঞান বিভাগে পড়ার আগ্রহ থাকলেও বিদ্যালয়টিতে বিজ্ঞান শাখা না থাকায় সরকারি বানারীপাড়া মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট)-এ ভর্তি হতে চায়। দীর্ঘ প্রচেষ্টার পর বরিশাল শিক্ষা বোর্ডের অনুমতি নিয়ে তাকে নবম শ্রেণির বিজ্ঞান বিভাগে ভর্তি করা হয়।

সেখান থেকেই শুরু হয় তাওহীদের নতুন লড়াই। অভাব-অনটনের মধ্যেও পড়াশোনার প্রতি গভীর মনোযোগ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সে এগিয়ে যেতে থাকে। নবম শ্রেণির বার্ষিক পরীক্ষায়ও ভালো ফল করে। এর ধারাবাহিকতায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে তাওহীদ।

তবে ভালো কলেজে ভর্তি ও উচ্চশিক্ষার খরচ নিয়ে দুশ্চিন্তায় ছিল তাওহীদ ও তার পরিবার। দিনমজুর বাবার সামান্য আয়ে সংসারের ব্যয় মেটানোর পর ছেলের কলেজে ভর্তি, বই-খাতা, শিক্ষা উপকরণ ও যাতায়াতের খরচ বহন করা কঠিন হয়ে পড়েছিল।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাওহীদের পড়াশোনা নিয়ে প্রকাশিত সংবাদ অ্যাডভোকেট রাজু হাওলাদার পলাশের নজরে আসে। এরপর তিনি তাওহীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং ভালো কলেজে ভর্তি করানোসহ তার পড়াশোনার সার্বিক দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।

এতে তাওহীদ ও তার পরিবারের দীর্ঘদিনের দুশ্চিন্তা অনেকটাই কেটে গেছে। তারা অ্যাডভোকেট রাজু হাওলাদার পলাশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

অ্যাডভোকেট রাজু হাওলাদার পলাশ বলেন, “অর্থাভাবে আমার জন্মভিটার কোনো মেধাবী সন্তান উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হবে—এটি আমার পক্ষে মেনে নেওয়া অত্যন্ত কষ্টের। দেশের মেধাবী শিক্ষার্থীরাই জাতীয় সম্পদ এবং আগামী দিনের অগ্রযাত্রার প্রতীক। সবার সহযোগিতায় তাওহীদ ভালো কিছু করতে পারলে আমাদের সমাজ আরও বিকশিত হবে এবং অন্যরাও অনুপ্রাণিত হবে।”

কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  মেধাবী শিক্ষার্থী   অ্যাডভোকেট পলাশ   বানারীপাড়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close