মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১১টায় তিনি শ্রীমঙ্গল ভিক্টোরিয়া হাইস্কুল মাঠ পরিদর্শন করেন।
এ সময় শাহে আলম গণমাধ্যমকর্মীদেরকে বলেন, ‘দ্রুত পৌরসভা বর্ধিকরণ অনুমোদন দেওয়া হবে, পৌরসভার ময়লার ভাগার সরিয়ে পরিবেশবান্ধব স্থানে নেওয়া হবে এবং মৌলভীবাজার জেলার উন্নয়নে এক হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। এর মধ্যে পর্যটন নগরীর শ্রীমঙ্গলের উন্নয়নে সর্বোচ্চ বাজেট দেওয়া হবে।’
‘স্থানীয় সরকারের পাঁচটি নির্বাচন সম্পন্ন করার জন্য আমাদের প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকার প্রয়োজন হবে। পার্লামেন্টে ২০২৬-২৭ অর্থবছরে যে বাজেটটি অনুমোদন হয়েছে, সেই বাজেটের মধ্যে এই অর্থ সংকুলান করা আছে। নির্বাচন কমিশন নির্বাচনগুলোর জন্য প্রস্তুতি গ্রহণ করছে। স্থানীয় সরকার থেকে ইতোমধ্যেই নির্বাচন কমিশনকে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া আছে। চলতি অর্থবছরের মধ্যে সিটি কর্পোরেশন, উপজেলা, জেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করা হবে।’
শ্রীমঙ্গল পৌরসভার ময়লার ভাগাড় পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন,‘প্রধানমন্ত্রীর দৃষ্টিতে রয়েছে এটি। তিনি আমাকে স্পেশালি শ্রীমঙ্গলে কিছু বিষয় দেখবার জন্য আজকে পাঠিয়েছেন, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ময়লার ভাগাড়টি। ইতোমধ্যেই প্রশাসনের সাথে আমার এই বিষয় নিয়ে কথা হয়েছে। আজকে নতুন করে একটা সিদ্ধান্ত দিয়েছি, শহর থেকে একটু দূরে পরিবেশবান্ধব জায়গায় ময়লার ভাগাড়টি আমরা সরিয়ে ফেলব এবং সেখানে আমরা একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট দিয়ে দেব। এছাড়া ময়লা ব্যবস্থাপনা করে সেখান থেকে জৈব সার, নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন এরকম কিছু করা যায় কিনা সেটাও আমরা দেখবো। আমরা অনেক জায়গায় এটা করছি সারা বাংলাদেশে। গন্ধও থাকবে না এ রকম একটা প্রকল্পও আমরা শ্রীমঙ্গলের জন্য আলাদাভাবে নেব।’
শ্রীমঙ্গলের পর্যটন শিল্পের উন্নয়ন নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের ঐতিহ্য এবং ঐতিহাসিক জায়গা হচ্ছে শ্রীমঙ্গল। যেখানে হাজার হাজার পর্যটক সারা বছর এখানে আসেন। সেই পর্যটন কেন্দ্রকে ঘিরে কি কি ডেভেলপমেন্ট চলমান এবং কি কি ডেভেলপমেন্ট হাতে নেওয়া যায় এ বিষয়ে আমি এখানকার স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছি, মিটিং করেছি। সমস্যাগুলো আমি শুনেছি। বৃহত্তর সিলেটের জন্য একটি অনেক বড় প্রকল্প হাতে নেওয়া আছে। প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার প্রকল্প। এর মধ্যে প্রায় ১ হাজার কোটি টাকার বরাদ্দ আছে মৌলভীবাজার জেলার জন্য। সেই ১ হাজার কোটি টাকার মধ্যে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে শ্রীমঙ্গলকে। যাতে ভাঙ্গাচোরা রাস্তাঘাট সংস্কার, পর্যটন এড়িয়ার সড়ক প্রশ্রস্ত করা যায় এবং পর্যটক সুবিধার জন্য রাস্তাঘাট বড় করে মানুষের চলাচল উপযোগী করা যায়।’
শ্রীমঙ্গল পৌরসভার হরিজন সম্প্রদায়ের লোকজনদের আবাসন প্রকল্পের সাততলা বিশিষ্ট ভবনের নির্মাণকাজ পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়সহ আমাদের সচিবালয়ের ক্যাবিনেট ভবন থেকে শুরু করে পর্যায়ক্রমে সকল সরকারি ভবনগুলোতে আমরা সোলার প্যানেলের মাধ্যমে নবায়নযোগ্য বিদ্যুতে চলে যাবো। যাতে আমাদের উৎপাদিত বিদ্যুতের উপর চাপ না পড়ে।’
ভিক্টারিয়া স্কুল মাঠ পরিদর্শন শেষে শাহে আলম শ্রীমঙ্গল প্রেস ক্লাব পরির্দশন করেন এবং ক্লাবের সদস্যদের সাথেও মতবিনিময় করেন।
এ সময় মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজান রহমান মিজান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুর রহমান ময়ুন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সরফরাজ আহমেদ সরফু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী, শ্রীমঙ্গল প্রেস ক্লাবের আহ্বায়ক সৈয়দ আবুজাফর সালাউদ্দিন, সদস্যসচিব রুবেল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
কেকে/এমএ