আগামীকাল রোববার (১৬ আগস্ট) প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কিশোরগঞ্জ সফর উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান।
শনিবার (১৫ আগস্ট) কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইন্সে আয়োজিত ব্রিফিংয়ে এ নির্দেশন দেন তিনি।
ব্রিফিংয়ে এসপি দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন।
পাশাপাশি জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কিশোরগঞ্জে নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।
জানা গেছে, আগামীকাল সকাল সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর পাকুন্দিয়ায় পৌঁছানোর কথা রয়েছে। সেখানে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করবেন তিনি। পরে স্থানীয় নেতাকর্মী ও সুধীজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে।
পাকুন্দিয়ার কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী কটিয়াদী উপজেলায় যাবেন। সেখানে কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। পরে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য নির্বাচিত ১৪ জন উদ্যোক্তার হাতে স্বর্ণপদক তুলে দেওয়ার কথা রয়েছে।
এরপর প্রধানমন্ত্রী ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে সরকারি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। একই সঙ্গে জেলা জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে গাছের চারা বিতরণ করবেন।
পরে জেলা সার্কিট হাউসে বিরতি ও দুপুরের খাবার শেষে বিকেল ৪টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়াম মাঠে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ, অনুদান প্রদান এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের পুরোহিত ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে। পরে একই মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
কর্মসূচি শেষে রাতেই ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
কেকে/এমএ