লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ তুলেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।
সোমবার (১৭ আগস্ট) বিকাল পাঁচটায় উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ সব অভিযোগ করা হয়।
লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সালেকুজ্জামান প্রামাণিক বলেন, ‘সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে তিনি দলীয় মূলধারা ও প্রবীণ নেতাদের তোয়াক্কা না করে নিজস্ব স্বার্থ গুছিয়ে চলছেন। এ ছাড়া জাতীয় পার্টি, নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ, জামায়াতে ইসলাম এবং স্বার্থান্বেষী মহলের সঙ্গে যোগসাজশে নিজের ইচ্ছামত উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছেন, যা বিএনপির ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ করছে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনের পর এমপি কোনো ধরনের মূল্যায়ন সভা বা এলাকার সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেননি। উল্টো কেন্দ্র এবং রংপুর বিভাগীয় তৃণমূলের নির্দেশনা অমান্য করে আগামী ১৮ আগস্ট আদিতমারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে দলের নাম ভাঙিয়ে বিধিবহির্ভূত সভার আহ্বান করা হয়েছে। যার বিষয়ে মূল বিএনপি ও সহযোগী সংগঠনের মূল নেতারা কিছুই জানেন না।’
সাম্প্রতিক একটি ঘটনা উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয়, গত ১৫ আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান নির্ধারিত সময় (বেলা ১১টা) শেষে সম্পন্ন ঘোষণা করা হয়। কিন্তু পরবর্তীতে এমপির নির্দেশে দুপুরে উপজেলা দলীয় কার্যালয়ের তালা ভেঙে অনধিকার প্রবেশ করে অনাকাঙ্ক্ষিতভাবে আরেকটি সভা করা হয়, যা তৃণমূল নেতাকর্মীদের ক্ষুব্ধ করে তোলে।
আদিতমারীতে দলীয় কোন্দল ও বিশৃঙ্খলা সৃষ্টি করে বিএনপিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে জেলা বিএনপি, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জরুরি হস্তক্ষেপ দাবি করা হয়েছে। একই সঙ্গে এমপি রোকন উদ্দিন বাবুল ও তার অনুসারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণেরও আবেদন জানানো হয়।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নাদিরুল ইসলাম ইসলাম মানিক উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক আবু ইয়াহিয়া ইউনুছ আহম্মেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক হাসানুল বান্না, সদস্য সচিব আবু বাক্কার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহারিয়ার আলম রনি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল হালিম, ভাদাই ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ইবনে হাবিব কাশুরী চঞ্চল প্রমুখ উপস্থিত ছিলেন।
কেকে/এআই