রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: গণতন্ত্রের জন্য সমঝোতার রাজনীতি করতে হবে : রাষ্ট্রপতি      দেশের মানুষের মাথাপিছু ঋণ এক লাখ ২৯ হাজার ২৩৯ টাকা      ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮      ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর      নদীদখল ও দূষণ রোধে সমন্বিত উদ্যোগের তাগিদ প্রধানমন্ত্রীর      গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩      জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ      
দেশজুড়ে
প্রধানমন্ত্রীর ঘোষণার পরদিনই পাকুন্দিয়ায় দুই সেতুর সম্ভাব্যতা যাচাই শুরু
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৮:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফরের ২৪ ঘণ্টা না পেরোতেই পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর দুটি সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষণার পরদিনই সংশ্লিষ্ট দপ্তরে সরকারি নির্দেশনা পৌঁছানোয় স্থানীয়দের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত এক পত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশনা দেওয়া হয়।

পত্রে বলা হয়, রোববার (১৬ আগস্ট) সরকারি সফরে কিশোরগঞ্জে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও স্থানীয় জেলেদের মধ্যে পোনা বিতরণ শেষে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর দুটি সেতু নির্মাণের দাবি জানান।

পরে প্রধানমন্ত্রী সেতু দুটি নির্মাণের উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন। এর পরদিনই সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইসহ প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় পাকুন্দিয়া উপজেলার মুনিয়ারীকান্দা থেকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দত্তের বাজার এবং পাকুন্দিয়ার মির্জাপুর থেকে গফরগাঁওয়ের পাগলা থানার টাংগাবর পর্যন্ত পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর দুটি সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করতে বলা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত কার্যক্রমের প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে পুরাতন ব্রহ্মপুত্র নদের দুই পাড়ের মানুষের যাতায়াতে বড় বাধা হয়ে আছে নদী পারাপার। বর্ষা মৌসুমে এ দুর্ভোগ আরও বেড়ে যায়। স্থানীয়দের একটি বড় অংশ নৌপথের ওপর নির্ভরশীল। সেতু না থাকায় দুই এলাকার মানুষের যাতায়াত, কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী ও রোগীদের চলাচলসহ বিভিন্ন কাজে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হয়।

স্থানীয়রা জানান, মুনিয়ারীকান্দা-দত্তের বাজার ও মির্জাপুর-টাংগাবর এলাকায় সেতু দুটি নির্মিত হলে পাকুন্দিয়া ও গফরগাঁওয়ের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ সহজ হবে। এতে যাতায়াতের সময় কমার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার ও কৃষিপণ্য দ্রুত বাজারজাতের সুযোগ তৈরি হবে।

পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সভাপতি প্রার্থী এনামুল হক আকন্দ বলেন, ‘পাকুন্দিয়াবাসীর দীর্ঘদিনের যৌক্তিক দাবি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

তিনি বলেন, সেতু দুটি নির্মিত হলে কৃষি, শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগব্যবস্থায় ব্যাপক উন্নতি হবে। দ্রুত সম্ভাব্যতা যাচাই শেষ করে সেতু দুটি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।

কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন বলেন, ‘কিশোরগঞ্জ সফরের সময় প্রধানমন্ত্রীর কাছে পাকুন্দিয়া-কটিয়াদীর রাস্তা, নার্সিং ইনস্টিটিউট, সবজির জন্য কোল্ড স্টোর, স্কুল-কলেজ সরকারিকরণসহ এই অবহেলিত এলাকার নানা উন্নয়নের কথা তুলে ধরি। এর মধ্যে পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর দুটি সেতু নির্মাণের দাবি জানানো হয়েছিল। প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্ব দিয়ে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন। এর পরদিনই সম্ভাব্যতা যাচাই ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, দুটি সেতু নির্মাণ হলে পাকুন্দিয়া ও গফরগাঁওয়ের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যা অনেকটাই দূর হবে। একই সঙ্গে কৃষি, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে। প্রধানমন্ত্রীর ঘোষণার দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  প্রধানমন্ত্রীর ঘোষণা   পাকুন্দিয়া   সম্ভাব্যতা যাচাই  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close