চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল আগামী ১০ সেপ্টেম্বর প্রকাশ হতে পারে। ফল প্রত্যাশিত না হওয়ায় পুনর্নিরীক্ষণের আবেদন করা প্রায় ৪ লাখ পরীক্ষার্থী এখন ফলাফলের অপেক্ষায় রয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) এ তথ্য জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
তিনি জানান, ১০ সেপ্টেম্বরকে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ধরে একাদশ শ্রেণিতে ভর্তি-সংক্রান্ত প্রস্তাবিত খসড়া নীতিমালা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পরই ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় আশানুরূপ ফল না পেয়ে ৪ লাখ ২ হাজার ৫১ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেছে। এসব শিক্ষার্থী মোট ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি তত্ত্বীয় উত্তরপত্রের ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে। এর মধ্যে ২ লাখ ৩১ হাজার ৪৭১টি পত্রের সঙ্গে ব্যবহারিক পরীক্ষা রয়েছে। ফলে তত্ত্বীয় ও ব্যবহারিক মিলিয়ে মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আওতায় আসছে।
গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। পরীক্ষায় ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
ফল প্রকাশের পরদিন ১১ আগস্ট থেকে পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়, যা চলে ১৭ আগস্ট পর্যন্ত।
বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডের ৯৪ হাজার ২৩৬ জন শিক্ষার্থী ২ লাখ ৭৭ হাজার ৬৬৫টি পত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছে।
কুমিল্লা বোর্ডে ৩৫ হাজার ৯২৯ জন শিক্ষার্থী ৯১ হাজার ৪৯৪টি পত্র, রাজশাহী বোর্ডে ৩৯ হাজার ৭৬২ জন ৯৮ হাজার ৭১০টি, যশোর বোর্ডে ২৮ হাজার ৮৬২ জন ৭৪ হাজার ৭১৭টি এবং চট্টগ্রাম বোর্ডে ৩৯ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী ১ লাখ ১৪ হাজার ৭০৬টি পত্রের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছে।
এ ছাড়া বরিশাল বোর্ডে ১৭ হাজার ২৮৩ জন শিক্ষার্থী ৫০ হাজার ২৯৩টি, সিলেট বোর্ডে ২০ হাজার ৭৮২ জন ৫০ হাজার ৭১০টি এবং দিনাজপুর বোর্ডে ৩৭ হাজার ২৯৬ জন ৮৯ হাজার ২৮৬টি পত্রের পুনর্নিরীক্ষণের আবেদন করেছে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২০ হাজার ৩০৭ জন দাখিল পরীক্ষার্থী ৩৪ হাজার ৩০৫টি পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার ২৭ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী ৭১ হাজার ৬৬টি পত্রের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছে।
এর আগে গত ১০ আগস্ট সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীদের উত্তরপত্র শুধু পুনর্নিরীক্ষণ নয়, পুনর্মূল্যায়নও করা হবে।
কেকে/এলএ