ঘরেই সহজে তৈরি করা যায় সুস্বাদু চিকেন শর্মা। নরম শর্মার বেসের সঙ্গে মশলাদার জুসি চিকেন, ক্রিমি সস আর টাটকা সবজির মিশ্রণে তৈরি এই খাবারটি হতে পারে বিকেলের নাশতা কিংবা পরিবারের সবার পছন্দের ডিনার। সামান্য কিছু উপকরণ আর সহজ কয়েকটি ধাপ অনুসরণ করলেই তৈরি করা যাবে রেস্টুরেন্টের স্বাদের চিকেন শর্মা।
শর্মার বেসের উপকরণ
ময়দা ২ কাপ, চিনি ১ চা চামচ, লবণ স্বাদমতো, তেল ১ টেবিল চামচ + ১ চা চামচ, গরম পানি প্রয়োজনমতো
পুরের উপকরণ
চিকেন ৪০০ গ্রাম, মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, আদা-রসুন বাটা দেড় টেবিল চামচ, পানি ঝরানো টক দই ১ টেবিল চামচ, সয়া সস ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, তেল ১ টেবিল চামচ
সস ও সালাদের উপকরণ
পানি ঝরানো টক দই দেড় কাপ, মেয়োনিজ ২ টেবিল চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, কাসুন্দি ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ, চিনি স্বাদমতো, লবণ স্বাদমতো, লেবুর রস হাফ চা চামচ, ক্যাপসিকাম প্রয়োজনমতো, বাঁধাকপি প্রয়োজনমতো, গাজর প্রয়োজনমতো
প্রণালি
চিকেন ম্যারিনেট করা
প্রথমে চিকেনের সঙ্গে মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, গরম মসলা, আদা-রসুন বাটা, টক দই, সয়া সস, লবণ ও তেল ভালোভাবে মিশিয়ে নিন। কমপক্ষে ৩০ মিনিট ম্যারিনেট করে রাখুন। সময় বেশি থাকলে আরও বেশি সময় ম্যারিনেট করলে চিকেনের স্বাদ ভালো হবে।
শর্মার বেস তৈরি
একটি পাত্রে ময়দা, চিনি ও লবণ ভালোভাবে মিশিয়ে নিন। এরপর ১ টেবিল চামচ তেল দিয়ে ময়দা একটু মেখে নিন। ধীরে ধীরে গরম পানি দিয়ে নরম ডো তৈরি করুন। শেষে ওপর থেকে ১ চা চামচ তেল মেখে ক্লিং র্যাপ দিয়ে ঢেকে গরম জায়গায় প্রায় ৩০ মিনিট রেখে দিন।
সালাদ তৈরি
ক্যাপসিকাম, বাঁধাকপি ও গাজর লম্বা ও সরু করে কেটে একটি পাত্রে রাখুন।
সস তৈরি
অন্য একটি পাত্রে টক দই, মেয়োনিজ, টমেটো সস, কাসুন্দি, গোলমরিচ গুঁড়া, চিনি, লবণ ও লেবুর রস ভালোভাবে মিশিয়ে নিন। এবার এর সঙ্গে কাটা ক্যাপসিকাম, বাঁধাকপি ও গাজর মিশিয়ে নিন।
চিকেন রান্না
ম্যারিনেট করা চিকেন প্যানে দিয়ে ভালোভাবে রান্না করুন। চিকেন সেদ্ধ ও বাইরের অংশ হালকা বাদামি হওয়া পর্যন্ত রান্না করে নিন। এরপর চিকেন ছোট ছোট টুকরো করে নিন।
শর্মা তৈরি
ডো থেকে ছোট লেচি কেটে পাতলা রুটি বা শর্মার বেস তৈরি করুন। তাওয়ায় দুপাশ হালকা সেঁকে নিন। এবার রুটির ওপর সস-সালাদের মিশ্রণ ও রান্না করা চিকেন দিয়ে রোল করে নিন।
গরম গরম পরিবেশন করুন মজাদার ঘরোয়া চিকেন শর্মা।
কেকে/সাশ