সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● চকবাজারে আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ছড়িয়েছে পাশের ভবনে      ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ● দুইদিন বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকান       
খেত খামার
সাত ফুট লম্বা কাঁদিতে হাজারের বেশি কলা
মো. এহসানুল হক, মৌলভীবাজার
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৪ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

একটি কলার কাঁদিতে সর্বোচ্চ কতটি কলা থাকতে পারে? সাধারণত ১০০ থেকে ২০০টি কলার কথা ভাবা হলেও মৌলভীবাজারের বড়লেখায় দেখা মিলেছে বিরল এক প্রজাতির কলাগাছের। একটি গাছের কাঁদিতে ধরেছে হাজারের বেশি কলা। প্রায় ৭ ফুট লম্বা এ কাঁদি দেখতে প্রতিদিনই বাগানে ভিড় করছেন কৌতূহলী দর্শনার্থীরা।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের অফিসবাজার এলাকার শিক্ষক ও শৌখিন চাষি রেজাউল করিম খন্দকারের বাগানে দেখা মিলেছে এ ব্যতিক্রমী কলাগাছের।

কৃষিবিদদের মতে, বাংলাদেশে বিরল এ জাতটি ‘হাজারি কলা’ নামে পরিচিত। আন্তর্জাতিকভাবে এটি ‘থাউজেন্ড ফিঙ্গার ব্যানানা’ নামে পরিচিত। দক্ষিণ-পূর্ব এশিয়ার ফিলিপাইন, থাইল্যান্ড ও মালয়েশিয়া অঞ্চলে এ জাতের কলাগাছ দেখা যায়। এর কাঁদি সাধারণত ৭-১২ ফুট পর্যন্ত লম্বা হতে পারে।

চাষি রেজাউল করিম খন্দকার জানান, কমলগঞ্জের মুনিম সিদ্দীকির কাছ থেকে সংগ্রহ করা এ জাতের একটি চারা থেকে বর্তমানে তার বাগানে আটটি চারা তৈরি হয়েছে। প্রায় একমাস আগে একটি গাছে মোচা আসে। এরপর দ্রুত বাড়তে থাকে কাঁদিটি। বর্তমানে এর দৈর্ঘ্য প্রায় ৭ ফুট। সময়ের সঙ্গে এটি আরও লম্বা হয়ে প্রায় ১২ ফুট পর্যন্ত হতে পারে বলে আশা করছেন তিনি।

কাঁদিতে প্রচুর কলা ধরায় গাছটি যাতে ভারে ভেঙে না পড়ে, সে জন্য বাঁশের খুঁটি দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে। কাঁদির ওপরের অংশের কিছু কলা খাওয়ার উপযোগী হলেও নিচের দিকে থাকা কলাগুলো আকারে খুব ছোট এবং খাওয়ার অনুপযোগী। দেখতে অনেকটা চম্পা কলার মতো।

রেজাউল করিম খন্দকার বলেন, ‘মাসখানেক আগে গাছটিতে কলার ছড়ি বের হয়। এরপর ছড়িটি দিন দিন বড় হতে থাকে। বর্তমানে এটি প্রায় ৭ ফুট লম্বা হয়েছে এবং মাটির দিকে ঝুঁকে পড়েছে। এতে হাজারের বেশি কলা ধরেছে। ওপরের অংশের কিছু কলা খাওয়ার উপযোগী হলেও নিচের কলাগুলো খুবই ছোট।’

তিনি বলেন, ‘এ ধরনের কলার কাঁদি সচরাচর দেখা যায় না। এ কলা দুইভাবে ব্যবহার করা যায়—খাওয়ার জন্য এবং অর্নামেন্টাল প্লান্ট বা সৌন্দর্যবর্ধক গাছ হিসেবে।’

শুধু হাজারি কলাই নয়, রেজাউল করিমের শৌখিন বাগানে রয়েছে দেশি-বিদেশি নানা দুর্লভ ফলের সমাহার। বাগানে রয়েছে প্রায় ৫০ জাতের বিদেশি আম, ২০ জাতের আঙুর, ১০ জাতের কমলা ও মালটা, সাত জাতের ড্রাগন ফল, আফ্রিকান পিচ, তুর্কি মালবেরি, লংগান ও মিরাকেল বেরিসহ বিভিন্ন দেশি-বিদেশি ফলজ ও বনজ গাছ।

বাগানে আসা দর্শনার্থীরা জানান, কাঁদিটি দিন দিন মাটির দিকে নেমে আসতে দেখে তারা বিস্মিত। 

দর্শনার্থী খায়রুল ইসলাম বলেন, ‘থাউজেন্ডস ফিঙ্গার ব্যানানা দেখে অবাক হয়েছি। কলাগাছে ৭-৮ ফুট লম্বা কলার ছড়ি ধরেছে। ছড়ির ওপর থেকে নিচ পর্যন্ত হাজার হাজার কলা ধরেছে। দেখতে খুবই সুন্দর লেগেছে।’

আরেক দর্শনার্থী সাইফুল ইসলাম বলেন, ‘লম্বা কলার ছড়ির কথা শুনে গাছটি দেখতে বাগানে এসেছিলাম। এত বড় কলার ছড়ি জীবনে দেখিনি।’

বড়লেখা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনোয়ার হোসেন বলেন, ‘এটি বাংলাদেশে অত্যন্ত বিরল এক প্রজাতির কলা। সঠিক পরিচর্যা করলে এর কাঁদি আরও বড় হতে পারে। এটি যেমন খাওয়ার উপযোগী, তেমনি বাড়ির সৌন্দর্য বাড়াতেও দারুণ কার্যকর।’ তিনি আরও বলেন, ‘বিদেশে এ প্রজাতির কলাকে থাউজেন্ডস ফিঙ্গার ব্যানানা বলা হয়। সঠিক পদ্ধতিতে পরিচর্যা করলে এ কলার ছড়ি আরও বড় আকার ধারণ করতে পারে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মৌলভীবাজার   হাজারি কলা   কলা চাষ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেত খামার- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close